অথচ দায় খেলোয়াড়দের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেকগুলো পত্রিকায়, টিভি চ্যানেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক আমন্ত্রণমূলক টেবিল টেনিস টুর্নামেন্ট আয়োজনে বিশৃঙ্খলা এবং বাংলাদেশ টেবিল টেনিস দলের হতাশাজনক ফলাফলের চিত্র তুলে ধরা হয়েছে। টেবিল টেনিস অঙ্গনের সঙ্গে সম্পৃক্ততার সুবাদে বাংলাদেশে এই খেলাটির প্রকৃত অবস্থাটা সমন্ধে আমি অবহিত আছি—এ কারণে এই লেখা। আয়োজনের ত্রুটি-বিচ্যুতি নিয়ে আমি ততটা উদ্বিগ্ন নই, যতটা মূল খেলায় আমাদের ফলাফলে।ব্যবস্থাপনার নৈপুণ্য সংশ্লিষ্ট সবার ইভেন্ট ম্যানেজমেন্টে পারদর্শিতার বিচার করার বিষয়। প্রাক-প্রস্তুতি কত দিন আগে থেকে শুরু করা উচিত, তা নিয়ে ভিন্নমত থাকতেই পারে এবং ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বটা কোনো প্রতিষ্ঠানকেও দেওয়া যেতে পারত। কিন্তু আসল হিসাব-নিকাশ হচ্ছে, খেলার টেবিলে আমাদের ছেলেমেয়েরা কী অর্জন করতে পারল। তার চেয়ে বড় কথা, কিছু অর্জনের চেষ্টা কি আদৌ করা হয়েছিল? এই চেষ্টার দায়িত্ব ছিল কর্তৃপক্ষের, অথচ ব্যর্থতার দায় বহন করতে হবে খেলোয়াড়দের।এই প্রতিযোগিতার কথা আমি জানতাম আট মাস আগে থেকে। তার মানে, ফেডারেশন তা জানত আরও আগে। তাহলে স্বভাবতই প্রশ্ন এসে যায়, খেলোয়াড়দের প্রশিক্ষণ মাত্র এক মাস আগে শুরু করা হলো কেন? টুর্নামেন্টে সার্বিক ব্যয় হয়েছে ৮০ লাখ টাকা। আমার জানামতে, খেলোয়াড়দের পেছনে ব্যয় করা হয়েছে এক লাখ ৫০ হাজার টাকার কাছাকাছি। এই যদি হয় অবস্থা, তাহলে বোঝার ব্যাপার আছে, টিটি ফেডারেশন তাদের কার্যপরিধিতে নিজেদের খেলার মানোন্নয়নের চেয়ে আনুষ্ঠানিকতায় ব্যাপৃত রাখাটাকেই বেশি গুরুত্বপূর্ণ মনে করেন কি না।২.যে কয়টি খেলা বাংলাদেশে প্রচলিত, সৎ ও যোগ্য নেতৃত্ব পেলে এর অনেকগুলোর মধ্যে টেবিল টেনিসকেও বিশাল উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব। এ জন্য প্রয়োজন নিবেদিতপ্রাণ ও দূরদৃষ্টিসম্পন্ন সংগঠকের। পরিকল্পনা হতে হবে দীর্ঘমেয়াদি, শুরু করতে হবে নবীন একগুচ্ছ খেলোয়াড় নিয়ে। এই প্রক্রিয়ার প্রথম পর্যায়ে বিদেশি কোচের কথা চিন্তাও করা যাবে না। আমাদের দেশে বিশুদ্ধ মৌলিক খেলা অনেক প্রবীণ টেবিল টেনিস খেলোয়াড় খেলে থাকেন, তাঁদের ব্যবহার করতে হবে। এতে নবীন ও প্রবীণ খেলোয়াড়েরা উৎসাহিত হবেন। আমার ধারণা, ফিটনেস ও মৌলিক বিষয়গুলোর ওপর একটি পরিকল্পিত ও সুনির্দিষ্ট প্রশিক্ষণ পেলে নবীন খেলোয়াড়েরা উচ্চতর টেকনিক্যাল বিষয়গুলো আয়ত্ত করার যোগ্যতা অর্জন করতে পারবে। তখনই কেবল আমরা প্রয়োজনে বিদেশি কোচ দিয়ে প্রশিক্ষণের কথা চিন্তা করতে পারি।মূল সমস্যা হচ্ছে, খেলাধুলার ক্ষেত্রে সমসাময়িক যে প্রযুক্তিগত ও তাত্ত্বিক পরিবর্তন এসেছে, সেগুলো সম্বন্ধে আমাদের টিটি ফেডারেশন কোনো ধারণা রাখে না। মূলত প্রাত্যহিকতার আবর্তে ফেডারেশন কর্মকর্তাদের কর্মকাণ্ড আবর্তিত। এর থেকে বেরিয়ে আসতে হবে। সময়টা এখনই।৩.বাংলাদেশের ছেলেমেয়েরা এই টুর্নামেন্টে কী ফলাফল করবে, টেবিল টেনিস-সংশ্লিষ্ট সবারই এ সম্বন্ধে একটা ধারণা ছিল। কাজেই আসরে দর্শক সমাগম ছিল দৃষ্টিকটু রকমের কম। ভবিষ্যতে যদি আমাদের আমন্ত্রণে বিদেশি দলগুলো সাড়া না দেয়, তাহলে অবাক হওয়ার তো কিছু থাকবেই না, বরং সেটাই হবে স্বাভাবিক।আমি নিশ্চিতভাবে বলতে পারি, এই দেশে প্রতিভার অভাব কোনো দিনই হবে না। তবে হয়তো এই দেশে জন্মানোর কারণে হতভাগা এই প্রতিভাবান খেলোয়াড়দের কেউ কোনো দিন টেনে তুলবে না। এ দেশে সঠিক মানুষ সঠিক জায়গায় বসে না। বসলে কী অর্জন করা সম্ভব, তা প্রমাণ করেছেন আমাদের শিক্ষামন্ত্রী। আজকের আমরা অন্তত শিক্ষিত একটা ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্ন দেখছি। রাষ্ট্র ও সমাজের অন্যান্য ক্ষেত্রে আরও কিছু যোগ্য ব্যক্তিকে কি দায়িত্ব দেওয়া যায় না?৪.বাংলাদেশ টেবিল টেনিস প্লেয়ারস সোসাইটি (BTTPS) সীমিত সাধ্যের মধ্যে দেশে টেবিল টেনিসের প্রসার এবং উন্নয়নে কিছু কর্মকাণ্ড হাতে নিয়েছে। এর মধ্যে আছে সিঙ্গার বাংলাদেশের সঙ্গে যৌথভাবে একটা স্কুল টেবিল টেনিস ক্যাম্পেইন পরিচালনা, বিভিন্ন জেলায় টেবিল ও সরঞ্জাম বিতরণ, নবীন এবং জাতীয় দলের খেলোয়াড়দের মধ্যে টেবিল টেনিসের আধুনিক উপকরণ বিতরণ। ফেডারেশনের সভাপতি বিটিটিপিএসকে সব সময় টেবিল টেনিস-সংশ্লিষ্ট কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে চেয়েছেন। কিন্তু অনেক ক্ষেত্রেই ফেডারেশনের অন্য কর্মকর্তাদের কাছ থেকে একই ধরনের সাড়া আসেনি। জাতীয় পর্যায়ের একটি অনুষ্ঠানে যদি খেলোয়াড়দের প্রশিক্ষণসহ অন্য ক্ষেত্রগুলোতে অবারিতভাবে সবার সাহায্যকে স্বাগত জানানো হতো, তাহলে বোধহয় এই আয়োজনটাকে অনেকটাই সাফল্য দেওয়া যেত। সেটা যেমন আয়োজনের ক্ষেত্রে, তেমনই খেলোয়াড়দের ফলাফলের ক্ষেত্রেও। আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র সংকীর্ণতার অনেক ওপরে দেশ ও জাতির স্বার্থ। খেলার জগতে কিছু অর্জনের জন্য আমাদের সবাইকে উদার হতে হবে। ক্যাপ্টেন এ এম মাসুদ আহমেদসহসভাপতি, বাংলাদেশ টেবিল টেনিস প্লেয়ারস সোসাইটি।