অথৈ সাগরে আটদিন, পরে উদ্ধার
আটদিন ধরে সাগরে ভাসছিলেন জেলেরা। সঙ্গে থাকা খাবার ও পানি শেষ হয়ে গেছে। কিন্তু বাঁচতে হবে। তাই পাঁচদিন ধরে কাঁচা মাছ পুড়িয়ে ও মাছে দেওয়া বরফ গলিয়ে ক্ষুধা ও পিপাসা নিবারণ করেন এই জেলেরা। গত ২২ জানুয়ারি জেলেরা পিরোজপুরের ভান্ডারিয়ার তেলিখালি থেকে মাছ ধরতে সমুদ্রে যান। উদ্দেশ্য ছিল আটদিন পরে গন্তব্যে ফেরা। কিন্তু গত ২৯ জানুয়ারি মাছ ধরা শেষে ফেরার সময় ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর অথৈ সমুদ্রে ভাসতে থাকে নৌকা। সঙ্গে থাকা খাবার ও পানিও একসময় শেষ হয়। ক্ষুধা, তৃষ্ণায় কাতর জেলেরা যখন বাঁচার আশা প্রায় ছেড়ে দিয়েছে তখনই গত ৩ ফেব্রুয়ারি জেলেদের চোখে পড়ে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ মেঘনা। নৌবাহিনীর বাত্সরিক সমুদ্র মহড়া ‘এক্সারসাইজ সি থান্ডার- ২০১২’ উপলক্ষে জাহাজটি সমুদ্রে বের হয়। সমুদ্রে দায়িত্ব পালনকালে চট্টগ্রাম বন্দর থেকে ১৩০ নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে (মংলা ফেয়ারওয়ে বয় হতে ৫৩ নটিক্যাল মাইল দক্ষিণে) বিকেলে সাড়ে পাঁচটার দিকে জেলেদের নৌকাটি চোখে পড়ে তাদের। নৌকায় আগুন জ্বালিয়ে জেলেরাও নৌবাহিনীর জাহাজের দৃষ্টি আকর্ষণ করে। বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ জেলেদের নৌকাটি উদ্ধার করে। ক্ষুধার্ত, অসুস্থ আট জেলেকে সঙ্গে সঙ্গে খাবার, পানি ও প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়। আইএসপিআর।