জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, এই মুহূর্তে অদক্ষ-অথর্ব মন্ত্রীদের মন্ত্রিপরিষদ থেকে বিদায় করতে হবে। জনগণকে দূরে ঠেলে দেওয়ার প্রক্রিয়ায় যাঁরা ব্যস্ত, তাঁদের স্থান মন্ত্রিসভায় হতে পারে না।মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘আশা করি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবেন। তাহলে এটি হবে জনগণের জন্য প্রধানমন্ত্রীর অন্যতম শ্রেষ্ঠ ঈদ উপহার।’‘গণতন্ত্র ও আইনের শাসন: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে মিজানুর রহমান এ কথা বলেন। বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এই গোলটেবিলের আয়োজন করে।মিজানুর রহমান বলেন, ‘আমি এই কথাটি বলছি এ কারণে যে, বিনা পরীক্ষায় ২৪ হাজার বা এক লাখ ২০ হাজার লাইসেন্স দেওয়া হবে এবং পথেঘাটে মানুষ নিরাপদে চলতে পারবে না, এটা গণতন্ত্র হতে পারে না, এটা আইনের শাসন হতে পারে না, এটা আইনের শাসনের সুস্পষ্ট লঙ্ঘন। আমাদের দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। অতএব, যাঁরা এসব অকর্ম করেছেন তাঁদের এখনই বিদায় দেওয়ার উপযুক্ত সময়।’ উল্লেখ্য, সম্প্রতি যোগ্যতার পরীক্ষা ছাড়া ২৮ হাজার লোককে পেশাদার চালক হিসেবে লাইসেন্স দেওয়ার জন্য নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) সুপারিশ করেন। শাজাহান খান বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি।গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সরকারকে সত্য পথে চলার পরামর্শ দিয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, মিথ্যার আশ্রয় নিয়ে সফল হওয়া যায় না, পঙ্গু লিমনকে সন্ত্রাসী বানানোর চেষ্টা জনগণ গ্রহণ করেনি।মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করতে হবে, তা সে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতেই হোক আর গণপিটুনিতেই হোক। যারা গণপিটুনি দিয়ে ছাত্রদের হত্যা করেছে, তাঁদের খুঁজে শাস্তির আওতায় আনতে হবে।দেশের গোয়েন্দা সংস্থাগুলোর কাছ থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মিজানুর রহমান বলেন, এসব গোয়েন্দা সংস্থার লোকেরাই ২১ আগস্টের ঘটনা বদলে ফেলার চেষ্টা করেছিল। তাদের ব্যাপারে সাবধান হতে হবে। বিচারপতি গোলাম রাব্বানী বলেন, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বিদ্যমান সংকট খুঁজে বের করা দরকার। আইনজীবীরাও এখন বিচারকদের হুমকি দিয়ে রায় নিজেদের পক্ষে নিতে চাইছেন। এ ধরনের আইনজীবী তৈরির পদ্ধতিতে গলদ কোথায় তা খুঁজে বের করতে হবে। গোলটেবিলে আইন, বিচার ও সংসদবিষয়ক প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, বিচার বিভাগকে দেশের চারটি মন্ত্রণালয় প্রভাবিত করছে উল্লেখ করে যে প্রতিবেদন দেওয়া হয়েছে, তা সম্পূর্ণ অসত্য। বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে, আইন মন্ত্রণালয় কোনোভাবেই একে প্রভাবিত করছে না।বিএনপিকে সন্ত্রাসী দল উল্লেখ করে আইন প্রতিমন্ত্রী বলেন, ‘তাঁরা গণতন্ত্রে বিশ্বাস করে না, গণতন্ত্রের লেবাসে একটি সন্ত্রাসী দল।’ তিনি বলেন, দেশের সব জঙ্গি, হরকাতুল জিহাদ (হুজি), মুফতি হান্নান, সবকিছুর পেছনে ছিল হাওয়া ভবন। জজ মিয়ার ঘটনার জন্য বিএনপির ক্ষমা চাওয়া উচিত।গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, আবদুল বাছেদ মজুমদার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেম মজুমদার প্রমুখ। সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।