দরিদ্র, অর্থনৈতিকভাবে দুর্বল এবং শিক্ষার জন্য নিজে পরিশ্রম করা শিক্ষার্থীদের প্রথম আলো সম্মান দিয়ে বলেছে ‘অদম্য মেধাবী’। কাল শনিবার সকাল ১০টায় রাজধানীর কারওয়ান বাজারে সিএ ভবনের দশম তলায় আয়োজিত এক অনুষ্ঠানে এসব মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হবে।প্রথম আলোর অদম্য মেধাবী প্রকল্পের আওতায় গত দুই বছর নিষ্ঠার সঙ্গে লেখাপড়া করে ২৯ জন শিক্ষার্থী ২০১০ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করেছেন। একই সঙ্গে চলতি বছর ৫০ জন অদম্য মেধাবীকে আগামী দুই বছর বৃত্তির জন্য নির্বাচন করা হয়েছে। উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষায় অদম্য মেধাবীদের এই সাফল্যের জন্য প্রথম আলো ট্রাস্ট আয়োজন করেছে সংবর্ধনা অনুষ্ঠানের।দেশের বিভিন্ন স্থানে কর্মরত প্রথম আলোর সাংবাদিকেরা এ বছর মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া অদম্য মেধাবীদের তথ্য সংগ্রহ করেন। তাঁদের পাঠানো তথ্য অনুযায়ী প্রথম আলোর কর্মকর্তারা প্রাথমিকভাবে অদম্য মেধাবীদের একটি তালিকা তৈরি করেন। সেই তালিকা থেকে অঞ্চল, নারী-পুরুষ প্রভৃতি ক্যাটাগরিতে সামঞ্জস্য ও ভারসাম্য রজায় রেখে ৫০ জনের চূড়ান্ত তালিকা তৈরি করা হয়। মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া অদম্য মেধাবীদের সংবর্ধনা ছাড়া প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে উচ্চমাধ্যমিক স্তরে লেখাপড়া চালানোর আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। উচ্চমাধ্যমিকে দুই বছর প্রত্যেক শিক্ষার্থীকে মাসে এক হাজার ৫০০ টাকা করে বৃত্তি এবং ভর্তির সময় এককালীন দুই হাজার ৫০০ টাকা দেওয়া হয়।উল্লেখ্য, প্রথম আলো ট্রাস্টের অদম্য মেধাবী প্রকল্পের অধীনে এ পর্যন্ত ৭৩ জন দরিদ্র শিক্ষার্থীকে উচ্চশিক্ষা গ্রহণে সহায়তা করা হয়েছে। এখন থেকে প্রতি বছর ৫০ জন শিক্ষার্থী এই সহযোগিতা পাবে।