অদম্য মেধাবীদের সংবর্ধনা
তারা অদম্য মেধাবী। জীবনের দৈনন্দিন দুঃখ-কষ্ট, অভাব, অক্ষমতা তাদের দমাতে পারেনি। অসীম ধৈর্য আর পরিশ্রমে নিজেদের মেধার সর্বোচ্চ মূল্যায়ন তারা করেছে। কেউ দিনমজুরি করেছে, কেউবা রিকশা চালিয়ে নিজেদের পড়াশোনা চালিয়ে গেছে। সারা দিন হাড়-ভাঙা পরিশ্রম করে রাতের অন্ধকারে তারা চালিয়েছে জীবনকে গড়ে তোলার অধ্যবসায়। এই অধ্যবসায়ে তারা পাশে পেয়েছে দেশের সর্বাধিক পঠিত দৈনিক প্রথম আলোকে, পাশে পেয়েছে ব্র্যাক ব্যাংককে। জীবনের সব প্রতিকূলতাকে জয় করে জ্ঞানার্জনের ক্ষেত্রে সাফল্য পাওয়া এমনই কিছু অদম্য মেধাবীকে আজ সোমবার সংবর্ধনা দেওয়া হলো। হাতে তুলে দেওয়া হলো সাফল্যের স্মারক-পদক। একই সঙ্গে এই অদম্য মেধাবীরা প্রতিশ্রুতি দিল প্রথম আলো ও ব্র্যাক ব্যাংকের সহায়তা নিয়ে তারা নিজেকে গড়বে আগামী দিনের বাংলাদেশের সুনাগরিক হয়ে। নিজেরা সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছে এই দেশকে নিয়ে যাবে সুন্দর ভবিষ্যতের পথে।প্রথম আলোর সহায়ক প্রতিষ্ঠান প্রথম আলো ট্রাস্ট ও দেশের অন্যতম করপোরেট সংস্থা ব্র্যাক ব্যাংক দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত অথচ মেধাবী—এমন শিক্ষার্থীদের বেশ আগে থেকেই বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা দিয়ে আসছে। যারা দারিদ্র্যের কারণে অথবা অন্য কোনো সামাজিক কারণে মেধা থাকা সত্ত্বেও নিজেদের পড়াশোনা ঠিকমতো চালিয়ে যেতে পারছে না, তাদের জন্যই এই সহায়তা। প্রথম আলো ট্রাস্ট ও ব্র্যাক ব্যাংক এই মেধাবীদের কেবল এসএসসি ও এইচএসসি পরীক্ষা পর্যন্তই সহায়তা দিয়ে নিজেদের দায়িত্ব শেষ করছে না, তারা এই মেধাবীদের উচ্চশিক্ষার ক্ষেত্রেও প্রয়োজনীয় আর্থিক সহায়তা দিচ্ছে—যা তাদের জীবনে ভালোভাবে প্রতিষ্ঠিত হতে সাহায্য করবে।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলো ট্রাস্টের সদস্য ও সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান, হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের চেয়ারম্যান ইয়াসিন আলী, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান, সানিডেল স্কুলের অধ্যক্ষ ও প্রথম আলো ট্রাস্টের অন্যতম সদস্য তাজিন আহমেদ, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম, উপসম্পাদক আনিসুল হক, এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম, সংগীতশিল্পী মাহমুদুজ্জামান বাবু প্রমুখ।অদম্য মেধাবীদের অভিনন্দন জানিয়ে মুহাম্মদ আজিজ খান বলেন, ‘এই অদম্য মেধাবীদের কাছ থেকে আমরাও উদ্দীপ্ত হতে পারি।’ তিনি আরও বলেন, ‘যারা প্রতিকূলতাকে জয় করে নিজেদের মেধার সর্বোচ্চ ব্যবহার করেছে, এই অনুষ্ঠানে আমরা তাদের সাহচর্য পেয়ে গর্বিত।’ইয়াসিন আলী শিক্ষাকে সাম্যের পূর্বশর্ত হিসেবে অভিহিত করে বলেন, ‘শিক্ষাই দারিদ্র্যকে জয় করতে পারে। শিক্ষাই সাম্যের সবচেয়ে বড় উপকরণ। একজন দরিদ্র ছেলে বা মেয়ে শিক্ষার মাধ্যমেই নিজেকে অন্যদের সমান সামাজিক মর্যাদায় নিয়ে আসতে পারে।’ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘আমাদের চারপাশে অনেক হতাশা। পত্রিকা খুললেই দুঃসংবাদ আমাদের হতাশাগ্রস্ত করে। কিন্তু চোখের সামনে যখন এই অদম্য মেধাবীদের দেখি তখন মনে হয়, আমাদেরও আশান্বিত হওয়ার অনেক কিছুই আছে।’ তিনি বলেন, ‘এ ধরনের মহত্ কাজে দেশের সব করপোরেট প্রতিষ্ঠানকেই এগিয়ে আসা উচিত।’তাজিন আহমেদ অদম্য মেধাবীদের অভিভাবকদের অভিনন্দিত করে বলেন, ‘আমি নিজে একটি স্কুল চালাই, সেখানে প্রতিনিয়ত আমার অভিভাবকদের সঙ্গে কথাবার্তা বলতে হয়। কিন্তু এই অদম্য মেধাবীদের অভিভাবকদের আমি চিনি না। এখানে এসে বুঝতে পারছি, কত কষ্ট করে পরিশ্রমের মাধ্যমে তাঁরা তাঁদের সন্তানদের এই জায়গায় পৌঁছে দিয়েছেন।’ তিনি মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরা কখনো আশা ছেড়ে দিও না। প্রত্যাশাটা মনের মধ্যে ধরে রেখো। অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে সমস্যা হবে না।’মুসা ইব্রাহীম অদম্য মেধাবীদের উদ্দেশে বলেন, ‘তোমরা নিজেদের ইচ্ছাটাকে কখনো মেরে ফেল না। ইচ্ছাটাকে সব সময় জিইয়ে রাখবে মনের মধ্যে। তোমরা অদম্য।’ তিনি আরও বলেন, ‘সত্যকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। আশা করি, তোমরা সবাই মিলে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে পারবে। তোমরাই দেশকে বদলে দিতে পারবে।’ প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক বলেন, ‘এই অনুষ্ঠানে এসে আমি আবেগাপ্লুত। তোমরা কেবল অদম্যই নও, মেধাবীই নও, তোমরা এর চেয়েও বেশি কিছু। আমি তোমাদের অন্তরের অন্তস্তল থেকে দোয়া করি।’ তিনি অদম্য মেধাবীদের মাদক ও মিথ্যা কথাকে না বলার আহ্বান জানান—আহ্বান জানান, সত্ ও আলোকিত জীবন গড়ার।অনুষ্ঠানে বক্তব্য দেন কয়েকজন অদম্য মেধাবী। মঞ্চে এসে এরা প্রত্যেকেই নিজেদের সংগ্রামী জীবনের কথা তুলে ধরে; তুলে ধরে কতটা প্রতিকূলতা অতিক্রম করে তারা জীবনযুদ্ধে প্রতিনিয়ত জয়ী হয়ে চলেছে।অনুষ্ঠানে শিল্পী মাহমুদুজ্জামান বাবু প্রতুল মুখোপাধ্যায়ের সেই বিখ্যাত ‘আমি বাংলার গান গাই’সহ তিনটি গান গেয়ে শোনান।