অদম্য মেধাবীদের সংবর্ধিত করল প্রথম আলো
কারও বাবা দিনমজুরের কাজ করেন, কারও মা বাসা-বাড়িতে গৃহকর্মীর কাজ করেন। কেউবা কীর্তনের দলে গান গেয়ে নিজের পড়ালেখা চালিয়ে যাচ্ছেন। দারিদ্র্যে অভিশাপ তাঁদের জীবনকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে। তার পরও তাঁরা মেধাবী, যাঁদের অদম্য ইচ্ছাশক্তির কাছে হার মেনেছে জীবনের সব বাধা, সব কষ্ট। শত প্রতিকূলতা সত্ত্বেও যাঁরা স্বপ্ন দেখেন বড় কিছু হয়ে দেশের সেবা করার—এমনই বেশ কয়েকজন অদম্য মেধাবীকে আজ শনিবার প্রথম আলো কার্যালয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অথবা কাছাকাছি পর্যায়ের ফলাফল করা ২৯ জন মেধাবী শিক্ষার্থীর হাতে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়। যাঁরা সবাই দারিদ্র্যের প্রতিকূলতা ভেদ করে নিজেদের মেধার স্বাক্ষর রেখেছেন। এই ২৯ জন শিক্ষার্থীর মধ্যে ১৬ জন এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন। বাকি ১৩ জন জিপিএ-৫ না পেলেও এর কাছাকাছি ফলাফল করেছেন। এঁরা সবাই প্রথম আলো ট্রাস্টের ‘অদম্য মেধাবী’ বৃত্তি পাওয়া শিক্ষার্থী। যাঁদের দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে খুঁজে বের করে এনে দারিদ্র্যের বাধা ডিঙিয়ে পড়ালেখা চালিয়ে যাওয়ার জন্য বৃত্তির ব্যবস্থা করেছে দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক ‘প্রথম আলো’।এর পাশাপাশি আজ আরও ৫০ জনকে এই অদম্য মেধাবী বৃত্তির অধীনে নিয়ে আসা হয়েছে। যারা একইভাবে বিভিন্ন অর্থনৈতিক প্রতিকূলতা অতিক্রম করে পড়াশোনা চালিয়ে যাচ্ছে এবং এ বছরের এসএসসি পরীক্ষায় অসামান্য কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।প্রথম আলো কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত থেকে অদম্য মেধাবীদের উত্সাহ প্রদান করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান, ম্যাডোনা গ্রুপের প্রধান আখতারুজ্জামান, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান, সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও সংগীতশিল্পী মাহমুদুজ্জামান বাবু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম। সঞ্চালকের ভূমিকা পালন করেন প্রথম আলোর ফিচার সম্পাদক সুমনা শারমীন।শত বাধা-বিপত্তি অতিক্রম করে অসম্ভব ধৈর্য আর নিষ্ঠার সঙ্গে নিজেদের পড়ালেখা চালিয়ে যাওয়ার জন্য অদম্য মেধাবী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে রাশেদা কে চৌধুরী বলেন, কেবল পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হয়েই আলোকিত মানুষ হওয়া যায় না। তিনি আশা প্রকাশ করেন, বর্তমান প্রজন্মই এ জাতিকে আশা ও আলোর পথ দেখাবে। রাশেদা কে চৌধুরী গণসাক্ষরতা অভিযান পরিচালিত একটি গবেষণার প্রসঙ্গ তুলে ধরে বলেন, কমপক্ষে অষ্টম শ্রেণী পাস করা একজন নারীর সন্তান কখনো নিরক্ষর থাকতে পারে না। তিনি এ অদম্য মেধাবী শিক্ষার্থীদের জন্য দীর্ঘমেয়াদি আরও কিছু পরিকল্পনা নেওয়ার জন্য প্রথম আলোর প্রতি আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, এ মেধাবীদের উচ্চশিক্ষার পাশাপাশি ভবিষ্যতে কর্মক্ষেত্রে প্রবেশের ব্যাপারেও প্রথম আলো দায়িত্ব গ্রহণ করবে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, কিছু অনুষ্ঠানে এসে বলার চেয়ে অনুভবের বিষয়টিই বেশি প্রাধান্য পায়। প্রথম আলোর অদম্য মেধাবী সংবর্ধনা অনুষ্ঠান তেমনই একটি অনুষ্ঠান। তিনি বলেন, অন্য সব কিছুতে বৈষম্য থাকলেও প্রকৃতি জ্ঞানের ক্ষেত্রে কখনো বৈষম্য করে না। তিনি অদম্য মেধাবী শিক্ষার্থীদের দারিদ্র্যের জন্য হীনম্মন্যতায় না ভোগার আহ্বান জানান। তিনি দুঃখ করে বলেন, ‘আমরা হয়তো এই মেধার পরিপূর্ণ পৃষ্ঠপোষকতায় যথাযথ ভূমিকা রাখতে পারি না।’প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ কায়কোবাদ অদম্য মেধাবীদের আরও অনেকদূর দৃপ্ত পদক্ষেপে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে অদম্য মেধাবীরা বিশাল মরুভূমিতে জন্মানো একটি সবুজ বৃক্ষের মতো। এ বৃক্ষের পরিচর্যা প্রয়োজন।ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান অদম্য মেধাবীদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘তোমরাই দেশের ভবিষ্যত্। এ উদ্যোগের সঙ্গে জড়িত হতে পেরে ট্রান্সকম নিজেদের গর্বিত মনে করে।’সামিট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আজিজ খান বলেন, অদম্য মেধাবীরা দেশের ভবিষ্যত্। এই মেধাবীরা অবশ্যই বাংলাদেশকে এক নতুন পর্যায়ে নিয়ে যাবে।ম্যাডোনা গ্রুপের প্রধান আখতারুজ্জামান বলেন, সত্যকে জীবনের ব্রত হিসেবে নিতেই হবে। সত্যেই নিহিত রয়েছে জীবনের আসল সফলতা।ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, এই মহতী উদ্যোগের সঙ্গে ব্র্যাক ব্যাংক থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এটি এ দেশের ভবিষ্যত্ গড়ার পেছনে একটি অনন্য বিনিয়োগ হিসেবে মনে করে ব্র্যাক ব্যাংক।প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান তাঁর বক্তব্যে বলেন, অদম্য মেধাবীদের জীবনের কাহিনিগুলো এ দেশের মানুষকে অনুপ্রাণিত করবে। তাদের জীবনের কাহিনিগুলো একেকটি অনন্য দৃষ্টান্ত।অনুষ্ঠানের সঞ্চালক প্রথম আলোর ফিচার সম্পাদক সুমনা শারমীন বলেন, প্রথম আলো আরও অনেক অনুষ্ঠানের আয়োজন করে। অদম্য মেধাবীদের নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানটি সত্যিকারের এক প্রাণের অনুষ্ঠান।প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, দারিদ্র্যের কাছে মেধা কখনো পরাজিত হতে পারে না।অনুষ্ঠানে কয়েকজন অদম্য মেধাবী তাঁদের জীবনের সংগ্রামময় কাহিনি সবার সামনে তুলে ধরেন। এ অনুষ্ঠানে প্রথম আলো বন্ধুসভার সদস্যরা সংগীত, নাচ ও আবৃত্তি পরিবেশন করেন।