অদূরে বৈশাখ...
চৈত্র-দুপুরের রোদে ঝলসে যাচ্ছে পিচ ঢালা পথ। বিকেলের দমকা হাওয়ায় পথে উড়ছে ধুলো। আর রাতের আকাশে বিদ্যুতের চমকানি শেষে নামছে বৃষ্টি। সব দেখে আঁচ করা যাচ্ছে, বৈশাখের আর বেশি দেরি নেই। বৈশাখ যত কাছে চলে আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরাও তত ব্যস্ত হয়ে উঠছেন। নবীন-প্রবীণ শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হচ্ছে চারুকলা প্রাঙ্গণ।এখানে কেউ ছবি আঁকছেন, কেউ মুখোশ গড়ছেন। কেউ কেউ এসব সাজানোর প্রতিযোগিতায় নেমেছেন। দেয়ালে ঝুলিয়ে রাখা এসব শিল্পকর্ম বিক্রির কাজ করছেন কেউ কেউ। বাংলা নববর্ষের প্রথম দিন সকালে চারুকলা অনুষদ থেকে বের হবে মঙ্গল শোভাযাত্রা। তার জন্য প্রস্তুতি নিতেই চারুকলায় এখন চলছে মহাযজ্ঞ।বৈশাখের প্রথম দিনে নগরজুুড়ে থাকে উৎসবের জোয়ার। চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রা সেই উৎসবের অন্যতম অংশ। চারুকলার শোভাযাত্রাকে বৈচিত্র্যময় করে তুলতে প্রতিবছরের মতো এবারও থাকছে রাজা-রানির মুখোশ, বানর, পাখিসহ বিভিন্ন জীবজন্তুর লোকজ অবকাঠামো।বৈশাখের মঙ্গল শোভাযাত্রাকে সফল করতে আয়োজকদের বেশ খরচ হয়। অর্থসংস্থানের জন্য চারুকলায় এখন উন্মুক্ত শিল্পকর্ম প্রদর্শনী চলছে। প্রাঙ্গণে আঁকা হচ্ছে ছবি। রঙিন হয়ে উঠছে সরা, যাতে চিত্রিত হচ্ছে বাংলার লোক মোটিভ। এসব শিল্পকর্ম ঝুলিয়ে রাখা হচ্ছে দেয়ালে। সরা চিত্র বিক্রি হচ্ছে ২০০ থেকে ৫০০ টাকায়। চিত্রকর্ম বিক্রি হচ্ছে বিভিন্ন দামে। নবীন শিক্ষার্থীদের পাশাপাশি দেয়ালে উপস্থাপিত হয়েছে চারুকলার প্রবীণ শিক্ষার্থীদের কাজও। রয়েছে শিক্ষকদের শিল্পকর্ম। রাজা-রানির মুখোশ তৈরি করতে যে পেপার ম্যাশ প্রয়োজন, তাই বানাচ্ছিলেন চারুকলা অনুষদের মাস্টার্সের শিক্ষার্থী মানবেন্দ্র ঘোষ। মাটি দিয়ে পেপার ম্যাশ তৈরি করছিলেন আর বলছিলেন, ‘চারুকলায় যখন ভর্তি হই, তখন থেকেই এই কাজ আমরা করি। বৈশাখের কাজে একটা আলাদা আনন্দ আছে। এই আনন্দ আর কোথাও নেই।’কয়েক দিনের মধ্যেই বিভিন্ন মুখোশের পাশাপাশি আরও বিক্রি হবে বৈশাখের টি-শার্ট। প্রতিবছর মঙ্গল শোভাযাত্রা আয়োজনের সব দিক দেখভালে থাকেন চারুকলা অনুষদের একটি ব্যাচের শিক্ষার্থীরা। এবার এ দায়িত্বে আছেন অনুষদের দশম ব্যাচের শিক্ষার্থীরা। সেই ব্যাচের শিক্ষার্থী চঞ্চল কর্মকার বলেন, ‘আমরা প্রতিবছর বৈশাখের মঙ্গল শোভাযাত্রার আয়োজন করি। এ জন্য অনেক প্রস্তুতি নিতে হয়। কাজ করতে হয়। উন্মুক্ত প্রদর্শনী থেকে যে অর্থ পাওয়া যাবে তা দিয়েই শোভাযাত্রা সম্পন্ন করা হবে।’ এবার মঙ্গল শোভাযাত্রায় থাকবে হাতি, কাকতাড়ুয়া, মা-মেয়ের লোকজ স্থাপনা প্রভৃতি। এরই মধ্যে এগুলো তৈরির কাজ শুরু হয়েছে বলে তিনি জানান।বৈশাখ আসার আগেই চারুকলা অনুষদের সামনের দেয়ালের বাইরের দিকটাও সাজবে নতুন সাজে। আবহমান বাংলার দৃশ্য ফুটে উঠবে তাতে। চারুকলা অনুষদের সাজ সাজ রব জানান দিচ্ছে, খুব দূরে নয় বৈশাখ।