অদৃশ্য আতঙ্ক ডাকাত শহীদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আর কত করবেন। এটা তো পুরোনো ইস্যু। গত কয়েক বছরে কতবার রিপোর্ট হইল।’ একজন পুলিশ কর্মকর্তার কাছে ডাকাত শহীদ সম্পর্কে তথ্য চাইলে এটাই ছিল তাঁর প্রতিক্রিয়া। গত এক যুগে অসংখ্য মানুষ ডাকাত শহীদের শিকার হয়েছেন। নিহত হয়েছেন অন্তত দুই ডজন।ডাকাত শহীদের নাম জানে সবাই, চেনে না প্রায় কেউই। ধরাছোঁয়ার বাইরে থেকে এই শীর্ষ সন্ত্রাসী চালিয়ে যাচ্ছেন তাঁর অপরাধ তৎপরতা। আগে শোনা যেত, একসময় কলকাতায় থাকতেন। সর্বশেষ গত সোমবার মহানগর পুলিশ কমিশনার জানান, শহীদ এখন নেপালে আছেন। সেখান থেকেই তাঁর পুরান ঢাকার অপরাধ সাম্রাজ্য চালাচ্ছেন ফোনে। গত রোববার ধরা পড়েছে তাঁর বাহিনীর দুই মাথা—বিদ্যুৎ ও কাউসার।দলের ধ্বংস নেই: পুলিশ কর্মকর্তারা জানান, চলতি বছরের জুন মাস পর্যন্ত ডাকাত শহীদের বাহিনীতে ২০-২১ জন সদস্য ছিল। এদের মধ্যে ৯-১০ জন ছিল শ্যুটার। জুলাই মাসে আট সহযোগীসহ গ্রেপ্তার হন করাতিটোলা-স্বামীবাগ এলাকার চাঁদা সংগ্রাহক কাল্লু ওরফে পাঞ্জী কাল্লু। এর মধ্যে শ্যুটার ছিল চারজন। এদের দেওয়া তথ্যানুযায়ী তালিকা করে অভিযান শুরু করে পুলিশ। চাপের মুখে পড়ে শহীদের বাহিনী। কিন্তু নভেম্বর-ডিসেম্বরের দিকেই আবার মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করে। আবারও শুরু হয় পুলিশের ধরপাকড়। এ সময়েই পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন একসময়ের উপনেতা গ্রিল দেলোয়ার। নিখোঁজ হন প্রধান শ্যুটার রাজীব। আরেক শ্যুটার নান্টু (বর্তমানে গ্রেপ্তারকৃত) পালিয়ে যান মানিকগঞ্জে। আবারও ভেঙে পড়ে বাহিনী।এক মাস চুপচাপ। চলতি বছরের ফেব্রুয়ারির দিকেই আবার নতুন দলনেতা আর সদস্য নিয়োগ হয়। ডাকাত শহীদের নামে ফোন পেতে শুরু করেন ব্যবসায়ীরা। ৪ মার্চ স্বর্ণ ব্যবসায়ী প্রেমকৃষ্ণ খুন হওয়ার পর পুলিশ তদন্ত করে নিশ্চিত হয়, নতুন বাহিনী নামিয়েছে ডাকাত শহীদ। এরপর শ্যুটার নান্টু, আসলাম ও ক্যাশিয়ার নূরে আলমকে গ্রেপ্তার করে পুলিশ। নিহত গ্রিল দেলোয়ারের জায়গায় দায়িত্ব পেয়েছেন পদোন্নতি পাওয়া দ্বিতীয় সারির চাঁদা সংগ্রাহক শহীদুল ইসলাম ওরফে বিদ্যুৎ। ‘নিখোঁজ’ প্রধান শ্যুটার রাজীবের জায়গায় আসেন শ্যুটার কাউসার আহম্মেদ। পুরান ঢাকায় কার কাছে কত টাকা চাঁদা চাইতে হবে, কাকে গুলি করতে হবে, নতুন লোকজন নিয়োগ ইত্যাদি কাজসহ দেশে বিভিন্ন পর্যায়ের লোকের সঙ্গে যোগাযোগ করেন বিদ্যুৎ। আর খুন বা গুলি করে আহত করার মতো কাজগুলো করেন কাউসার বা তাঁর সঙ্গীরা।এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার সোমবার সাংবাদিকদের বলেন, কেউ ধরা পড়লে বা নিহত হলে তার জায়গায় নতুন নতুন অপরাধীকে নিয়োগ দেওয়া হচ্ছে। এতে ধরপাকড় করেও তাদের নিশ্চিহ্ন করা যাচ্ছে না।শহীদের ডাকাত হয়ে ওঠা: মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ছালামতি নগরের কৃষক মৃত শামসুল হক ভূঁইয়ার ছেলে শহিদুল ইসলাম শহীদ। পুলিশের হিসাবমতে বয়স ৪০-এর ঘরে। বর্তমানে তিনি নেপালে অবস্থান করছেন। সর্বশেষ তাঁকে দেখা গেছে ২০০৫ সালের দিকে ধলপুর-ধোলাইখাল এলাকায়। ১৪-১৫ বছর বয়সেই অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েন শহীদ। ওই সময় তাঁর বিরুদ্ধে ট্রলার ও লঞ্চ ডাকাতির মামলা হয়। এর পরই পুলিশের খাতায় তাঁর নাম ওঠে ডাকাত শহীদ হিসেবে। ১৯৯৮ সালে শ্রীনগর ও মুন্সিগঞ্জ থানার পুলিশের তাড়া খেয়ে ঢাকায় পালিয়ে আসেন তিনি।ঢাকায় আসার পর ক্রমে ভয়ংকর হয়ে ওঠেন শহীদ। বাস ডাকাতি, চাঁদাবাজি ও টাকার বিনিময়ে মানুষ খুনের জন্য পৃথক বাহিনী গড়ে তোলেন তিনি। একসময় পুরান ঢাকা পুরো কবজা করেন ডাকাত শহীদ। যাত্রাবাড়ী, শ্যামপুর ও পুরান ঢাকার কোতোয়ালিসহ কয়েকটি থানা সূত্র জানায়, তাঁর বিরুদ্ধে কমপক্ষে ২৫টি হত্যা মামলা আছে। এর মধ্যে বিএনপির নেতা হাবিবুর রহমান মণ্ডল, ছাত্রদলের নেতা ছগির আহমেদ, যুবলীগের নেতা শিমুল এবং সম্প্রতি কমিশনার আহাম্মদ হোসেন ও স্বর্ণ ব্যবসায়ী প্রেমকৃষ্ণ হত্যাকাণ্ড উল্লেখযোগ্য।ন্যূনতম চাঁদা দুই লাখগোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া বিদ্যুৎ সোমবার জানান, বিভিন্ন পর্যায়ে ডাকাত শহীদের রয়েছে বিশাল যোগাযোগ। তবে পুলিশের ব্যাপক ধরপাকড়ের ফলে তাঁর বাহিনীতে এখন মাত্র তিন-চারজন অবশিষ্ট রয়েছে। সর্বশেষ তাঁদের দলে ছিল ১০-১২ জন।বিদ্যুৎ জানান, সমাজের প্রতিষ্ঠিত অনেক মানুষ ন্যূনতম দুই থেকে ১০ লাখ পর্যন্ত চাঁদার টাকা ডাকাত শহীদের দাবি অনুযায়ী তাঁর কাছে দিয়ে যেতেন। তিনি সে টাকায় সংগঠন চালাতেন এবং ভারতে ডাকাত শহীদের কাছে পাঠাতেন। তবে পুলিশ কর্মকর্তারা জানান, মাসে ৮ থেকে ১০ জায়গা থেকে গড়ে পাঁচ লাখ টাকা করে চাঁদা পেতেন বিদ্যুৎ।বিদ্যুৎ পুলিশকে জানিয়েছেন, তাঁদের মূল খরচের খাত হলো মামলা পরিচালনা করা। এর জন্য আইনজীবীদের প্রচুর টাকা দিতে হয়।সাক্ষী পাওয়া যায় না: পুলিশ কর্মকর্তারা জানান, আদালতে যাওয়ার পর এঁদের বিরুদ্ধে কেউ সাক্ষ্য দিতে চায় না। এভাবে অনেক মামলায়ই তাঁরা খালাস পেয়ে যান। এ ছাড়া তাঁদের রয়েছে নিজস্ব আইনজীবীর প্যানেল। এঁদের কেউ আদালতে গেলেই দাঁড়িয়ে যান ১৫-২০ জন আইনজীবী। বিদ্যুতের জামিনের জন্য সোমবারও ১০ জনের বেশি আইনজীবী দাঁড়িয়েছেন। পুলিশের একজন কর্মকর্তা জানান, এঁদের জন্য বিভিন্ন পর্যায় থেকে তদবির আসে। তিনি বলেন, একশ্রেণীর সাংবাদিক এমনকি পত্রিকার মালিকও থানায় গিয়ে তাঁদের ছাড়ানোর জন্য বসে থাকেন।