অদৃশ্য শক্তির জন্য অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন হচ্ছে না: সুরঞ্জিত
আইন, বিচার ও সংসদবিষয়ক সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, অদৃশ্য শক্তির কারণে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) আইন হচ্ছে না। ওই অদৃশ্য শক্তি নিজেদের স্বার্থের কারণে আইনটি করতে দিচ্ছে না। আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বেসরকারি আটটি সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে সুরঞ্জিত সেনগুপ্ত এ কথা বলেন। গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন সেক্টর কমান্ডার ফোরামের নেতা সি আর দত্ত। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ২০০১ সালে আওয়ামী লীগের শাসনামলে আইনটি করা হয়। পরে বিএনপি ক্ষমতায় এসে সেটি বাস্তবায়ন না করে অকার্যকর করে রাখে। তিনি প্রশ্ন করেন, ‘বর্তমান সরকারের আড়াই বছর হয়ে গেল এখনো কেন আইনটি হলো না? ২০০১ সালে করা এই আইনটি কার্যকর না করে এখন কেন নতুন করে আইন করা হচ্ছে?’ তিনি বলেন, এ আইন করা যত কঠিন, বাস্তবায়ন করা আরও কঠিন। অদৃশ্য ওই শক্তি জানে, এখন আইন করলেও আগামী দুই বছরে সরকারের পক্ষে সেটি বাস্তবায়ন সম্ভব নয়। এ কারণেই আইনটি করতে দেওয়া হয়নি। অর্পিত সম্পত্তি নিয়ে ১৯৬৫ সাল থেকে এ পর্যন্ত সবচেয়ে বেশি সুবিধা আমলারা নিয়েছেন বলেও তিনি মন্তব্য করেন।অনুষ্ঠানে উপস্থিত ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেলের প্রতি প্রশ্ন রেখে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘এত দিনেও কেন আপনি এ প্রতিবেদন দেননি?’ তিনি এবার প্রতিবেদনটি সংসদে উপস্থাপনের জন্য তাঁর প্রতি অনুরোধ জানান।জবাবে আ ক ম মোজাম্মেল বলেন, অর্পিত সম্পত্তি আইন একটি ঘৃণ্য ও কালো আইন। যারা কখনো দেশ ছাড়েনি তাদের সম্পত্তিও দখল করা হয়েছে। সংখ্যালঘুরা এ আইন নিয়ে যন্ত্রণায় আছে। শিগগিরই আইনটি সংসদে উপস্থাপন করা হবে। সংশ্লিষ্ট সবার মতামত নিয়েই এ ব্যাপারে সিদ্ধান্ত হবে।টিআইবির চেয়ারম্যান সুলতানা কামাল বলেন, ‘সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা না করে এই বিল সংসদে তোলা উচিত হবে না। ১৯৫২ থেকে আমরা স্বপ্ন দেখে আসছি, বাংলাদেশ হবে এমন একটি দেশ যেখানে সবার সমান সম্মান থাকবে। আওয়ামী লীগ যদি কথা রাখতে না পারে তাহলে আমাদের বলুক যে আমরা নির্বাচনে জেতার জন্য এসব বলি, পরে ভুলে যাই।’ তিনি বলেন, গোলাম আজমকে যদি নাগরিকত্ব দেওয়া যেতে পারে, তাহলে অত্যাচারিত হয়ে অন্য দেশে গেলে তাদের সম্পত্তি কেন দখল হয়ে যাবে?গোলটেবিল বৈঠকে সাংসদ রাশেদ খান মেনন, সৈয়দ আবুল মকসুদ, অজয় রায়, কামাল লোহানী, সারা হোসেন, রানা দাশগুপ্ত, সুব্রত চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।