অদ্ভুত দুর্নীতির সন্দেহে পদ্মা সেতুর নির্মাণ বন্ধ রাখা যাবে না
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, অদ্ভুত এক দুর্নীতির সন্দেহে পদ্মা সেতু নির্মাণের কাজ বন্ধ করে রাখা যাবে না।সচিবালয়ে আজ রোববার প্রিন্ট ও ইলেকট্রনিক মাধ্যমের সম্পাদকদের সঙ্গে অনুষ্ঠিত এক প্রাক-বাজেট আলোচনায় অর্থমন্ত্রী এই মন্তব্য করেন।পদ্মা সেতু প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘এমনিতেই এক-দেড় বছর নষ্ট হয়ে গেল। সময় নষ্ট করার সময় আর নেই। আগামী জুন-জুলাইয়ের মধ্যেই পদ্মা সেতুর অর্থায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’ আবুল মাল আবদুল মুহিত দাবি করেন, ‘পদ্মা সেতুর ব্যাপারে কোথাও কোনো দুর্নীতি হয়নি। যেটুকু টাকা খরচ হয়েছে, তা আমাদের টাকা।’অর্থমন্ত্রী বলেন, ‘গত বছরের এপ্রিলে বিশ্বব্যাংক একটি তদন্ত করেছিল। তারা সেই তদন্তের প্রতিবেদন আমাদের কাছে দিয়েছে। ওখানে তারা দুর্নীতির সম্ভাবনার কথা বলেছিল। আমাদের দুর্নীতি দমন কমিশন গত অক্টোবরে একটি তদন্ত করেছে। তারা কিছুই পায়নি। এবার তারা (বিশ্ব ব্যাংক) ওই সম্পর্কে কিছু বলেনি।’আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘আমাদের অবস্থান হলো পদ্মা সেতু নির্মাণের কাজ শুরু করা। আশা করছি, উন্নয়ন সহযোগী সংস্থা আমাদের সঙ্গে থাকবে। মালয়েশিয়ার একটি প্রস্তাব আছে। কিন্তু সেটা এখনো আমরা পাইনি। যেটা হাতে আছে, সেটার ব্যাপারেই আমাদের চেষ্টা করা উচিত। না হলে অন্য কিছু দেখব।’ প্রাক-বাজেট আলোচনায় উপস্থিত ছিলেন ‘প্রথম আলো’র যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম, ‘দ্য ডেইলি স্টার’-এর শাহ হোসেন ইমাম, ‘সংবাদ’-এর ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান, ‘নিউজ টুডে’র সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, মাছরাঙা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফাহিম মুনায়েম, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল প্রমুখ।