অধিক লবণসহিষ্ণু ধানের নতুন জাত উদ্ভাবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধিক লবণসহিষ্ণু প্রস্তাবিত বিনাধান-৮ ও বিনাধান-৯ কৃষিক্ষেত্রে নবদিগন্তের সূচনা করতে পারে। এ জাত ৮ থেকে ১০ ডেসিসিমেন মাত্রায় লবণ সহনশীল। লবণাক্ত প্রতি হেক্টর জমিতে এ ধানের ফলন সাড়ে চার টন থেকে পাঁচ টন পর্যন্ত হতে পারে। স্বাভাবিক জমিতে এর ফলন আরও দুই টন বেশি হবে। বোরো মৌসুমে ১৩০-১৩৫ দিন এবং আমন মৌসুমে এ ধান ১২০-১২৫ দিনে কাটা যাবে। এ জাতে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণও কম। পাতার রং গাঢ় সবুজ। কাণ্ড, পাতা ও শিষ খুবই শক্ত হওয়ায় ঝোড়ো বাতাসে ঢলে পড়বে না। আবার পাকার পর শিষ ঝরে পড়ার আশঙ্কাও কম। সাতক্ষীরা বিনেরপোতা কৃষি গবেষণা কেন্দ্রে এ দুটি জাতের পরীক্ষামূলক আবাদ শেষে কর্তন উপলক্ষে ২৬ এপ্রিল বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মির্জা মোফাজ্জেল ইসলাম এসব তথ্য জানান। মির্জা মোফাজ্জেল ইসলাম জানান, ইতিপূর্বে উদ্ভাবিত ব্রিধান ৪০, ৪১ ও ৪৭-এর লবণসহিষ্ণুতা অনেক কম। আবার দেশের উপকূলীয় জেলাগুলোয় লবণাক্ততার পরিমাণ বেড়ে যাচ্ছে। দেশের প্রায় ১০ লাখ হেক্টর জমিতে শুকনো মৌসুমে চার থেকে ২০ ডেসিসিমেন মাত্রায় লবণাক্ততা থাকে। ফলে এখানে ধান চাষ করা সম্ভব হয় না। গত পাঁচ-ছয় বছর ধরে লবণাক্ত এলাকার জমিতে ধানের ফলন পরীক্ষা করে দেখা হচ্ছে।বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের আরেক কর্মকর্তা রাইসুল হায়দার জানান, লবণাক্ততার কারণে উপকূলীয় এলাকায় বর্তমানে হেক্টরপ্রতি ধানের ফলন পাওয়া যায় দেড় থেকে দুই টন। কিন্তু বিনা উদ্ভাবিত এ দুটি জাতে সাড়ে চার টন থেকে পাঁচ টন ধান উৎপাদন সম্ভব। শুধু সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলায় এ দুটি ধানের আবাদ করা গেলে অতিরিক্ত ২০ লাখ টন ধান উৎপাদনের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া উপকূলীয় অন্যান্য জেলার মধ্যে নোয়াখালী, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, চট্টগ্রাম জেলা এ ধান আবাদের অন্তর্ভুক্ত হলে প্রায় ৪০ লাখ টন অতিরিক্ত ধান উৎপাদন করা সম্ভব হবে।