অধিকতর তদন্তে সময় বাড়ল আরও সাড়ে ৩ মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলা ঘটনাসংক্রান্ত হত্যা মামলার অধিকতর তদন্তের জন্য সময়সীমা আরও সাড়ে তিন মাস বাড়ানো হয়েছে। এ নিয়ে ছয় দফায় এক বছরের বেশি সময় বাড়ানো হলো। আজ সোমবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পক্ষে বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দ অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও চার মাস সময় বাড়ানোর আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফজিলা বেগম আগামী ৭ মার্চ পর্যন্ত এ সময় নির্ধারণ করেন।আবেদনে বলা হয়, অধিকতর তদন্তকালে গ্রেনেডের উৎস ও সরবরাহকারীকে শনাক্ত করার বিষয়ে সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে। এরই মধ্যে দুজন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তাদের দেওয়া তথ্য যাচাই-বাছাই চলছে। একই সঙ্গে পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে আরও সময় প্রয়োজন। ২০০৯ সালের ৩ আগস্ট রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক মাসদার হোসেন অধিকতর তদন্তের নির্দেশ দেন। একই সঙ্গে আদালত দুই মাসের মধ্যে অধিকতর তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন।২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা হয়। এতে আওয়ামী লীগের নেত্রী আইভি রহমানসহ ২২ জন নিহত এবং কয়েক শ নেতা-কর্মী আহত হন। এ ঘটনায় মতিঝিল থানায় দুটি মামলা হয়।