সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলা অধিকতর তদন্তের জন্য তদন্ত কর্মকর্তাকে আরেক দফা সময় দিয়েছেন আদালত। গতকাল রোববার সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলসংক্রান্ত শুনানির তারিখ ধার্য ছিল। তদন্ত কর্মকর্তা সময় প্রার্থনা করলে আদালত তা মঞ্জুর করেন। মামলার পরবর্তী শুনানির তারিখ ১৬ ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে।আদালত সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির হবিগঞ্জ অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম সিলেট বিভাগীয় দ্রুত বিচার আদালতের বিশেষ পিপি কিশোর কুমার করের মাধ্যমে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আরও সময় প্রার্থনা করেন। কিশোর কুমার কর প্রথম আলোকে বলেন, ‘আদালত সুষ্ঠু তদন্তের স্বার্থে সময় বাড়ানোর আবেদন মঞ্জুর করেছেন। অধিকতর তদন্তের জন্য কত দিন সময় দেওয়া হবে, তা আদালত নির্ধারণ করবেন।’২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। এ ঘটনার পর স্থানীয় আওয়ামী লীগের নেতা আবদুল মজিদ বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হবিগঞ্জ থানায় হত্যা মামলা করেন।২০০৮ সালের ২২ সেপ্টেম্বর উচ্চ আদালতে বাদীপক্ষের একটি আবেদন করা হলে বিচারকাজ স্থগিত করে অধিকতর তদন্তের নির্দেশ দেওয়া হয়। মামলার অধিকতর তদন্তের জন্য সিআইডির হবিগঞ্জ অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়। আদালতে সংশ্লিষ্ট আইনজীবীর মাধ্যমে এ নিয়ে ২৩ দফা সময় প্রার্থনা করা হলো।