সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার অধিকতর তদন্তের জন্য তদন্ত কর্মকর্তা আরও সময় চেয়েছেন। গতকাল বুধবার সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল-সংক্রান্ত শুনানির তারিখ ধার্য ছিল। সময় প্রার্থনার পরিপ্রেক্ষিতে আদালত মামলার শুনানির নতুন তারিখ আগামী ৭ ফেব্রুয়ারি ধার্য করেছেন। আদালত সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির হবিগঞ্জ অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম বিশেষ পিপির মাধ্যমে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আরও সময় প্রার্থনা করলে বিচারক মাহবুব-উল-ইসলাম তা মঞ্জুর করে নতুন তারিখ ধার্য করেন। ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে গ্রেনেড হামলায় কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। এ ঘটনার পর স্থানীয় আওয়ামী লীগের নেতা আবদুল মজিদ বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হবিগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলার প্রাথমিক তদন্ত কর্মকর্তা ছিলেন হবিগঞ্জ থানার তত্কালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনাম আহমদ চৌধুরী ও উপপরিদর্শক (এসআই) আফজালুর রহমান। পরে মামলাটি সিআইডিতে স্থানান্তর করা হলে সিআইডির জ্যেষ্ঠ এএসপি মুন্সি আতিকুর রহমান তদন্ত কর্মকর্তা নিযুক্ত হন।সিআইডির ওই কর্মকর্তা ২০০৫ সালের ১৯ মার্চ হবিগঞ্জ বিএনপির সহসভাপতি এ কে এম আবদুল কাইয়ূম চৌধুরীসহ ১০ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের তত্কালীন বিচারক বিপ্লব গোস্বামী অভিযুক্ত ১০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করে বিচারকাজ শুরু করেন। ২০০৮ সালের ২২ সেপ্টেম্বর উচ্চ আদালতে বাদীপক্ষের একটি আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারকাজ স্থগিত করে অধিকতর তদন্তের নির্দেশ দেওয়া হয়। এ পর্যায়ে মামলার অধিকতর তদন্তের জন্য সিআইডির হবিগঞ্জ অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়। এরপর থেকে আদালতে সংশ্লিষ্ট আইনজীবীর মাধ্যমে গতকাল বুধবার পর্যন্ত ২২ দফা সময় প্রার্থনা করা হয়েছে। আদালত সুষ্ঠু তদন্তের স্বার্থে সময় বাড়ানোর আবেদন মঞ্জুর করেন।সিলেটের বিভাগীয় দ্রুত বিচার আদালতের বিশেষ পিপি কিশোর কুমার কর এ নিয়ে ২২ বার সময় প্রার্থনা প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘মামলাটি চাঞ্চল্যকর হওয়ায় প্রকৃত অপরাধীদের চিহ্নিত করার স্বার্থে তদন্ত কর্মকর্তাকে তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে বারবার সময় দেওয়া হচ্ছে।’