অধিকতর তদন্তের জন্য এসপিকে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদিবাসী নেত্রী কল্পনা চাকমা অপহরণ মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) চূড়ান্ত প্রতিবেদনের নারাজি আবেদন গ্রহণ করে রাঙামাটির পুলিশ সুপারকে (এসপি) অধিকতর তদন্তের আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার রাঙামাটির ভারপ্রাপ্ত মুখ্য বিচারিক হাকিম মো. সিরাজুদ্দৌলা কুতুবী এই আদেশ দেন। এর প্রতিবাদে ও বিচার বিভাগীয় তদন্তের দাবিতে সাতটি পাহাড়ি সংগঠন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এ ছাড়া আগামী রোববার রাঙামাটি অবরোধের ডাক দেওয়া হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেলা পৌনে একটায় শুনানি শুরু হয়। আদালত কল্পনা চাকমা অপহরণ মামলাটি চাঞ্চল্যকর উল্লেখ করে আদেশে বলেন, এই মামলার আসামি লেফটেন্যান্ট ফেরদৌস, গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) কমান্ডার মো. নুরুল হক ও সালেহ আহমঞ্চদকে নিবিড় পর্যবেক্ষণে রেখে সাক্ষ্য গ্রহণের জন্য আদেশ দেওয়া হলো। ভারপ্রাপ্ত মুখ্য বিচারিক হাকিম সিরাজুদ্দৌলা বলেন, এখানে মাত্র তিনজন কর্মকর্তা ১০টি আদালত পরিচালনা করছেন। তাঁদের মধ্য থেকে বিচার বিভাগীয় তদন্তের জন্য একজনকে নিয়োজিত করা হলে মামলা পরিচালনায় ব্যাঘাত ঘটতে পারে। তাই এই মামলায় বিচার বিভাগীয় তদন্তের জন্য বাদীর আবেদন আপাতত বিবেচনায় আনা গেল না। আদালত আরও বলেন, ১৯৯৬ সালের ১১ জুন পর্যন্ত এ দেশে কল্পনা চাকমা নামের একজন সুস্থ-সবল ও প্রাণচঞ্চল তরুণীর অস্তিত্ব ছিল। এখন তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁকে খুঁজে বের করা রাষ্ট্রের দায়িত্ব। আগামী ২০ মার্চের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়ে আদালত বলেন, সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রয়োজনে আরও সময় নিয়ে প্রয়োজনীয় সাক্ষ্য, তথ্য-প্রমাণ, বিশ্লেষণসহ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করতে হবে। মামলার বাদী কালিন্দী কুমার চাকমা বলেন, ‘পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা (এসপি) কারও দ্বারা প্রভাবিত না হয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করতে পারবেন বলে আমার বিশ্বাস হয় না। তাই আমি বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছি।’ মামলার আইনজীবী বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) জেলা সমন্বয়কারী জুয়েল দেওয়ান সন্তোষ প্রকাশ করে বলেন, ‘আদালত আগের তদন্ত প্রতিবেদন সম্পর্কে যে বিশ্লেষণ দিয়েছেন, তা খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি, এবার সুষ্ঠু তদন্ত হবে।’