পাকিস্তান থেকে আসা গ্রেনেড খালাস হয় চট্টগ্রামে
অধিকতর তদন্তের জন্য ৪৫ দিন সময় চেয়েছে সিআইডি
২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় অধিকতর তদন্তের সময় আবার বাড়ানোর আবেদন করেছে সিআইডি। গতকাল মঙ্গলবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে তদন্ত কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দের জমা দেওয়া আবেদনে বলা হয়, অধিকতর তদন্তে তথ্য পাওয়া গেছে, হামলায় ব্যবহূত গ্রেনেড পাকিস্তান থেকে চট্টগ্রামে আনা হয়। চট্টগ্রামের কোথায় কীভাবে এসব গ্রেনেড খালাস করা হয় এবং তা কীভাবে ঢাকায় পৌঁছানো হয়, এখন তা বের করার চেষ্টা চলছে। এ জন্য আরও ৪৫ দিন সময় দরকার। মামলার রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী সৈয়দ রেজাউর রহমানের মাধ্যমে গতকাল আদালতে সিআইডির আবেদন দাখিল করা হয়। আইনজীবী আবুল কালাম আজাদ ও আকরাম উদ্দিন জানান, ২৩ মার্চ বুধবার এ মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য আছে। তাই আজ বুধবার এ বিষয়ে শুনানি হবে। এর আগে ৭ মার্চ আদালত এই মামলার সর্বশেষ সময় বাড়িয়েছিলেন। তখন ১৫ দিন সময় বাড়িয়ে প্রতিবেদন দেওয়ার জন্য ২৩ মার্চ সময় নির্ধারণ করা হয়। ১ মার্চ পৃথক আদালত একই ঘটনায় দায়ের করা অন্য মামলাটির (বিস্ফোরক আইনে) প্রতিবেদন দেওয়ার তারিখ ৪ এপ্রিল নির্ধারণ করেন। ২০০৯ সালের ২৫ জুন রাষ্ট্রপক্ষের প্রধান সরকারি কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান হামলায় ব্যবহূত আর্জেস গ্রেনেডের উৎস, সরবরাহকারী ও ঘটনাস্থল থেকে উদ্ধার করা গ্রেনেড আলামত হিসেবে সংরক্ষণ না করে কেন ধ্বংস করা হলো, এসব বিষয়ে রহস্য উদ্ঘাটনের জন্য অধিকতর তদন্তের আবেদন করেন। ওই বছরের ৩ আগস্ট আদালত দুই মাসের সময় বেঁধে দিয়ে অধিকতর তদন্তের আদেশ দেন। অবশ্য এরপর সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত বিভিন্ন দফায় আরও সময় বাড়িয়েছেন। সিআইডি সূত্র জানায়, হামলাকারীদের আর্জেস গ্রেনেড সরবরাহকারী কাশ্মীরি জঙ্গি আবদুল মজিদ ভাটসহ তাঁর সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে। এখন গ্রেনেড পাকিস্তান থেকে এ দেশে আনা-নেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ জন্য সময়ের আবেদন করা হয়েছে।সিআইডি প্রতিবেদনে বলা হয়, তদন্তকালে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জঙ্গি নেতা মাওলানা শেখ আবদুস সালাম, আবদুল মজিদ ভাট, বিএনপির নেতা আরিফুল ইসলাম, লে. কমান্ডার (অব.) সাইফুল ইসলাম ডিউক ও আবদুল মালেককে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া লে. কমান্ডার (অব.) মিজানুর রহমান, লে. কর্নেল (অব.) আফজাল নাছির ভূঁইয়া, মেজর মনিরুল ইসলাম, মেজর জেনারেল (অব.) সাদেক হাসান, অতিরিক্ত আইজিপি এস এম মিজানুর রহমান, জঙ্গি মাজেদ ভাটের স্ত্রী মনোয়ারা সুলতানা ও শাশুড়ি নাহিদ লায়লা আদালতে সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। সর্বশেষ মেজর আতিক জবানবন্দি দেন। আবার জঙ্গি নেতা শেখ আবদুস সালাম ও মজিদ ভাট ছাড়াও মুফতি মঈন উদ্দিন শেখ, আবদুল মালেক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। এ জন্য সময় প্রয়োজন।এ ছাড়া ১৬ মার্চ নিষিদ্ধঘোষিত জঙ্গিসংগঠন হুজির কেন্দ্রীয় নেতা মাওলানা আবদুর রউফকে গ্রেপ্তার করে পাঁচ দিনের রিমান্ড শেষে গতকাল আরও চার দিনের রিমান্ডে নিয়েছে সিআইডি। গতকাল রিমান্ড শেষে সিআইডি মাওলানা আবদুর রউফকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।