২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলার অধিকতর তদন্তের জন্য তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আরও তিন মাস বাড়ানো হয়েছে। আজ বুধবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও চার মাস সময় বাড়ানোর আবেদন করলে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ ফজিলা বেগম আগামী ২২ নভেম্বর পর্যন্ত এ সময় নির্ধারণ করেন। এ নিয়ে ছয় দফা সময় বাড়ানো হলো।২০০৯ সালের ৩ আগস্ট রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক মাসদার হোসেন অধিকতর তদন্তের নির্দেশ দেন। একই সঙ্গে আদালত দুই মাসের মধ্যে অধিকতর তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন।২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা হয়। এতে আওয়ামী লীগের নেত্রী আইভি রহমানসহ ২২ জন নিহত এবং কয়েক শ নেতা-কর্মী আহত হন। এ ঘটনায় মতিঝিল থানায় দুটি মামলা হয়।