অধিকতর তদন্তের সম্পূরক অভিযোগপত্র গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহের ঘটনায় হত্যা, লাশ গুম, লুটপাট, অগ্নিসংযোগ-সংক্রান্ত মামলায় ২৬ জনের বিরুদ্ধে অধিকতর তদন্তের সম্পূরক অভিযোগপত্র গ্রহণ করে বিচারিক আদালত ঢাকার মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার মহানগর হাকিম কেশব রায় চৌধুরী সম্পূরক অভিযোগপত্র গ্রহণ করে তা মহানগর দায়রা জজ আদালতে পাঠানোর আদেশ দেন।বর্তমানে মহানগর দায়রা জজ আদালতে মামলাটির বিচারকাজ চলছে। ২৮ মার্চ এ মামলাটির অভিযোগ গঠন-সংক্রান্ত শুনানির দিনও ধার্য রয়েছে।গতকাল সোমবার বেলা সাড়ে চারটায় সিআইডি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই অভিযোগপত্র দাখিল করে।মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডির বিশেষ সুপার আবদুল কাহার আকন্দ প্রথম আলোকে বলেন, অধিকতর তদন্তে ২৬ জনের বিরুদ্ধে তথ্য-প্রমাণ পাওয়া গেছে। সম্পূরক অভিযোগপত্রে এ ২৬ জনের নাম উল্লেখ করা হয়েছে।বিডিআর সূত্র জানায়, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহে জড়িত আসামিদের বিডিআরের নিজস্ব আইনে বিচার শুরু হয়। বিচার চলাকালে আসামিদের জিজ্ঞাসাবাদে ইউনিট পর্যায়ে অনেক নতুন অপরাধীর নাম বেরিয়ে আসে। বিডিআরের নিজস্ব আইনে তাঁদের বিচার সম্ভব না হওয়ায় জওয়ানদের একটি তালিকা সিআইডিকে দেওয়া হয়। এরপর গত ৩ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা নিজেই অধিকতর তদন্তের জন্য আদালতে আবেদন করেন। আদালত ৩ মার্চের মধ্যে অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ দেন। কিন্তু ৩ মার্চ অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর দায়রা জজ ২৩ মার্চের মধ্যে অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।সিআইডি সূত্র জানায়, মামলার অধিকতর তদন্তকালে ৮০ জন জওয়ানের তালিকা করা হয়। সিআইডি প্রাথমিক সাক্ষ্য-প্রমাণ যাচাই-বাছাই করে ২৬ জনের বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ পায়। সম্পূরক অভিযোগপত্রে ৫১ জনকে সাক্ষী করা হয়েছে।