অধিকাংশ অফিস বেহাল
অধিকাংশ ভূমি অফিস জরাজীর্ণ: জেলার চারটি উপজেলা ভূমি অফিস, ৩১টি ইউনিয়ন ও দুটি পৌর ভূমি অফিসের মধ্যে ২৮টি অফিসই জরাজীর্ণ। এর মধ্যে চারটি ভূমি অফিসের অবস্থা খুবই খারাপ। খোঁজ নিয়ে জানা গেছে, ঝালকাঠি সদরের পৌর ভূমি অফিস, বিনয়কাঠি ইউনিয়ন, গাভারামচন্দ্রপুর ইউনিয়ন, নথুলাবাদ ইউনিয়ন ও নবগ্রাম ইউনিয়নের ভূমি অফিসের ভবন না থাকায় এর কাগজপত্র নষ্ট হয়ে যাচ্ছে। কর্মচারীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। ঝালকাঠি পৌরভূমি অফিস শত বছর আগে নির্মিত একটি পুরোনো ভবনে থাকায় এর পলেস্তারা খসে পড়েছে। এখানকার পৌর তহশিলদারদের বাসভবনগুলোর একই অবস্থা। পৌর তহশিলদার (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান বলেন, ‘সিডরের সময় বাসভবনের টিনের চালা উড়ে যায়। দীর্ঘদিন মেরামত না করায় এখন এর দরজা-জানালাও নষ্ট হয়ে যাচ্ছে।’ এ ছাড়া যেসব ভূমি অফিসের অবস্থা খুবই খারাপ তার মধ্যে রয়েছে কাঠালিয়া উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়ন ভূমি অফিস, সৌলজালিয়া ইউনিয়ন ভূমি অফিস, নলছিটি উপজেলা ও পৌর ভূমি অফিস, সুবিদপুর ইউনিয়ন ভূমি অফিস, রাজাপুর উপজেলা ভূমি অফিস, রাজাপুর সদর ইউনিয়ন ভূমি অফিস, সাঁতুরিয়া, বড়ইয়া ও মঠবাড়ি ইউনিয়ন ভূমি অফিস। ঝালকাঠি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এমডি আবদুস সালাম বলেন, ‘জরাজীর্ণ ভূমি অফিস মেরামত এবং পুননির্মাণের জন্য ভূমি মন্ত্রণালয়ের বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রস্তাব পাঠানো হয়েছে। বর্তমানে নলছিটির কুশংগল, রাজাপুরের গালুয়া ও সুক্তাগড় ভূমি অফিসের নির্মাণকাজ চলছে।’ তিন ইউনিয়নে ভূমি অফিস নেই: জেলার নলছিটি উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে তিনটি ইউনিয়নে ভূমি অফিস নেই। ভূমি অফিস না থাকায় নলছিটির ভৈরবপাশা ইউনিয়নের বাসিন্দাদের ছয় কিলোমিটার দূরের মগড় ইউনিয়নের ভূমি অফিসে গিয়ে ভূমি উন্নয়ন কর দিতে হয়। আর মোলারহাট ও নাচনমহল ইউনিয়নে অস্থায়ী ক্যাম্প স্থাপন করে ভূমি উন্নয়ন কর আদায় করা হয়। নলছিটির মোলারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুস সালাম বলেন, ‘১৯৯২ সালে নলছিটি উপজেলায় নতুন তিনটি ইউনিয়ন প্রতিষ্ঠা করে সরকার। কিন্তু দীর্ঘ ১৮ বছর অতিক্রান্ত হলেও এখন পর্যন্ত তিনটি ইউনিয়নে ভূমি অফিস স্থাপন করা হয়নি। অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হলেও স্থানীয় মানুষ প্রায় প্রতিদিনই ক্যাম্পে গিয়ে সংশ্লিষ্ট তহশিলদারকে না পেয়ে ফেরত যায়। বিষয়টি একাধিবার উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় উপস্থাপন করা হয়েছে। কিন্তু কোনো প্রতিকার হয়নি।’