অধিকাংশ ক্রসিংই অরক্ষিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমাঞ্চল রেলরুটের দিনাজপুরের পার্বতীপুর জংশন থেকে সান্তাহার জংশন পর্যন্ত ৯৭ কিলোমিটার পথ। এই রেলপথের ৩৭টি লেভেলক্রসিং দীর্ঘদিন ধরে অরক্ষিত। বছরের পর বছর ধরে এসব লেভেলক্রসিংয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করলেও ক্রসিংগুলোতে গেটম্যান নিয়োগের উদ্যোগ নেই। এ রকম অরক্ষিত অবস্থার কারণে গত চার বছরে বিভিন্ন দুর্ঘটনায় শতাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে।পশ্চিমাঞ্চল রেলওয়ের একাধিক সূত্র জানায়, পার্বতীপুর জংশন থেকে সান্তাহার জংশন পর্যন্ত ৯৭ কিলোমিটারে শুধু রেলওয়ের নথিতেই ৫৬টি অনুমোদিত লেভেলক্রসিং রয়েছে। এর মধ্যে মাত্র ১৯টি ক্রসিংয়ে গেটম্যান রয়েছে। অবশিষ্ট ৩৭টিতে দীর্ঘদিনেও গেটম্যান নিয়োগ দিতে পারেনি পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ। এদিকে গুরুত্বপূর্ণ এই রেলপথে কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া গড়ে উঠেছে ছোট-বড় ও কাঁচাপাকা সড়ক মিলিয়ে আরও অর্ধশতাধিক ঝুঁকিপূর্ণ লেভেলক্রসিং। তবে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি), সড়ক ও জনপথ বিভাগ (সওজ) ও রেলওয়ের ট্রাফিক বিভাগে খোঁজ নিয়ে জানা গেছে, রেলওয়ের রেকর্ডে থাকা লেভেলক্রসিং ছাড়াও দীর্ঘ এই রেলপথের বিভিন্ন স্থানে আরও ৫৩টি গেটম্যানবিহীন লেভেলক্রসিং রয়েছে। সূত্র আরও জানায়, জয়পুরহাট জেলার ৪৭ কিলোমিটার রেলপথে ২৩টি লেভেলক্রসিং রয়েছে। এর মধ্যে মাত্র ১১টিতে গেটম্যান রয়েছে। অবশিষ্ট ১২টি ক্রসিং অরক্ষিত ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। জয়পুরহাট রেল-সীমানার ঝুঁকিপূর্ণ ও গেটম্যানবিহীন ক্রসিংগুলো হলো—জয়পুরহাট শহরতলির কাশিয়াবাড়ী (ই-৮৩), পাঁচবিবির পুরানাপৈল (ই-৮৫), পাঁচবিবি টেক্সটাইল মিল (ই-৮৭), পাঁচবিবি সদরের ই-৯১, ই-৯২ ও ই-৯৩, সদর উপজেলার নারায়ণপাড়া, সাহাপুর, শহরের ডাকবাংলো-চিনিকল সড়কের ক্রসিং, আক্কেলপুরের আমুট্ট রেলক্রসিং, কানুপুর এবং পাঁচবিবির ইউএনও অফিসসংলগ্ন ক্রসিং। এর মধ্যে কাশিয়াবাড়ী লেভেলক্রসিংয়ে গত বছর এক দুর্ঘটনার পর অস্থায়ী ভিত্তিতে গেটম্যান নিয়োগ দেওয়া হয়। আর জয়পুরহাট শহরের ব্যস্ততম ডাকবাংলো-চিনিকল সড়কটি অরক্ষিত থাকায় যেকোনো সময় এখানে মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, অনুমোদিত ও অনুমোদনহীনভাবে গড়ে ওঠা এসব ঝুঁকিপূর্ণ লেভেলক্রসিংয়ে সারা বছর ধরে দুর্ঘটনা লেগেই আছে। গত চার বছরে ছোট-বড় দুর্ঘটনা মিলিয়ে এ পর্যন্ত রেলপথটিতে শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে ২০০৬ সালের ১১ জুলাই আক্কেলপুরের আমুট্ট রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে ৪৩ জন, ২০০৯ সালের ১৭ ফেব্রুয়ারি জয়পুরহাট শহরতলির কাশিয়াবাড়ী লেভেলক্রসিংয়ে ট্রেন-ট্রাক সংঘর্ষে ১২ এবং অন্যান্য ক্রসিংয়ে চার বছরে বিচ্ছিন্নভাবে আরও অর্ধশত প্রাণহানি ঘটে। ২০০৯ সালের জয়পুরহাট শহরতলিতে ট্রেন-ট্রাক দুর্ঘটনার পর রেলওয়ে ও জেলা প্রশাসনের পক্ষ থেকে যে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, কমিটির প্রতিবেদনেও দুর্ঘটনার কারণ হিসেবে অরক্ষিত লেভেলক্রসিংকে চিহ্নিত করা হয়। জয়পুরহাট সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি আবদুল হামিদ বলেন, ‘শহরের প্রাণকেন্দ্র ঘেঁষে ডাকবাংলো-চিনিকল সড়ক দিয়ে প্রতিদিন শত শত ট্রাক, টেম্পো, অটোরিকশা, রিকশা, মাইক্রোবাস পারাপার হয়। অথচ গেটম্যান না থাকায় এই লেভেলক্রসিংটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ঝুঁকি নিয়ে যানবাহন ও পথচারী পারাপার হলেও এখানে গেটম্যান নিয়োগ নিয়ে কারও মাথাব্যথা নেই।’রেলওয়ের জয়পুরহাট স্টেশনমাস্টার আবদুল জোব্বার বলেন, ‘স্টেশনের অদূরে ডাকবাংলো-চিনিকল সড়কের ক্রসিংটি এখন অনেকটা মৃত্যুফাঁদ। অথচ সড়কটি করার সময় জয়পুরহাট পৌরসভা রেলওয়ে কর্তৃপক্ষের কোনো অনুমতিই নেয়নি। কাজেই ওই লেভেলক্রসিংয়ে লোক নিয়োগের দায়িত্বও পৌর কর্তৃপক্ষের।’পশ্চিমাঞ্চল রেলওয়ের হিলি (হাকিমপুর) প্রকৌশল (ওয়ার্ক) শাখার জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী এ কে এম মহিউদ্দীন বলেন, ‘রেলওয়ের অনুমোদিত লেভেলক্রসিংগুলোর মধ্যে অত্যধিক গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ ও কম গুরুত্বপূর্ণ—এই তিন শ্রেণীর ক্রসিং রয়েছে। অত্যধিক গুরুত্বপূর্ণ ক্রসিংগুলোতে ইতিমধ্যেই গেটম্যান নিয়োগ দেওয়া হয়েছে। অবশিষ্ট দুই শ্রেণীর ক্রসিংয়ে এখন পর্যন্ত কোনো গেটম্যান নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। তবে এর কারণ রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষই ভালো বলতে পারবে। আর অনুমোদনহীন লেভেলক্রসিংয়ের বিপরীতে রেলওয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট সড়ক সংস্থার বিরুদ্ধে মামলাও করা হয়েছে।’ পশ্চিমাঞ্চল রেলওয়ের পার্বতীপুর প্রকৌশল শাখার (ওয়ার্ক) সহকারী নির্বাহী প্রকৌশলী এ কে এম ফজলুর রহমান বলেন, ‘পার্বতীপুর থেকে সান্তাহার পর্যন্ত রেলপথের অধিকাংশ ক্রসিংয়ে গেটম্যান না থাকার বিষয়টি রেলওয়ের রেকর্ডে আছে। রেলওয়ের রেকর্ড ছাড়াও কিছু ক্রসিং থাকতে পারে। রেলওয়ের অনুমোদন না নিয়ে রেললাইনের ওপর দিয়ে বিভিন্ন সংস্থা এসব সড়ক নির্মাণ করেছে। এসব অরক্ষিত লেভেলক্রসিংয়ে গেটম্যান নিয়োগের দায়িত্ব সড়কটির তদারকি সংস্থার। শুধু অনুমোদিত ক্রসিংগুলোতে গেটম্যান নিয়োগের দায়িত্ব রেলওয়ের। পর্যায়ক্রমে এসব ক্রসিংয়ে গেটম্যান নিয়োগ করা হবে।’