অধিকাংশ ক্ষেত্রে শ্রমিকপক্ষ ক্ষতিপূরণ পাচ্ছে না
শ্রমিক অধিকারবিষয়ক গবেষণা সংগঠন বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) সমীক্ষায় দেখা গেছে, গত বছর কর্মক্ষেত্রে ৮৭৯ জন শ্রমিক মারা যান। এর মধ্যে দুর্ঘটনায় ৬৮৩ জন ও সহিংস ঘটনায় ১৯৬ জন মারা যান। একই সময়ে কর্মক্ষেত্রে আহত হন এক হাজার ২৩৫ জন শ্রমিক।শ্রমিকনেতা ও মানবাধিকার প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন, আহত শ্রমিক বা নিহত শ্রমিকের পরিবার অধিকাংশ ক্ষেত্রে ক্ষতিপূরণ পায় না। শ্রমিকদের আইন সহায়তাদানকারী বেসরকারি প্রতিষ্ঠান সেফ অ্যান্ড রাইটসের প্রধান নির্বাহী সেকেন্দার আলী প্রথম আলোকে বলেন, মালিকপক্ষের অসহযোগিতা ও দায়িত্ব নিতে অপারগতার কারণে শ্রমিকেরা ক্ষতিপূরণ পান না। এ ব্যাপারে শ্রমিকেরাও যথেষ্ট সচেতন না।শ্রমিকের ক্ষতিপূরণের বিষয়ে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার প্রথম আলোকে বলেন, দুর্ঘটনায় শ্রমিক আহত বা নিহত হলে মালিকপক্ষ ক্ষতিপূরণের টাকা দিতে টালবাহানা করে। গত বছর ২৪ এপ্রিল নির্মাণশ্রমিক সাইফুল (৩১) কুষ্টিয়ার ভেড়ামারায় আবদুল মান্নান খানের বহুতল ভবন নির্মাণের সময় ছাদ থেকে পড়ে আহত হন। বর্তমানে তিনি সাভার পক্ষাঘাত পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসাধীন। সাইফুল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এক বছর হলো আমি চলতে-ফিরতে পারি না, কাজও করতে পারি না। মালিক আমার পরিবারের লোকদের এক হাজার টাকা দিয়ে বলেছেন, আর সাহায্য করতে পারবেন না।’ বারবার চেষ্টা করেও আবদুল মান্নান খানের সঙ্গে মুঠোফেনে যোগাযোগ করা সম্ভব হয়নি। একপর্যায়ে তাঁর মেয়ে মালা খাতুন বলেন, তাঁদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করেছেন এবং হাসপাতালে ভর্তি করিয়েছেন।বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধিত) বলছে, কর্মক্ষেত্রে আহত শ্রমিক ক্ষতিপূরণ বাবদ এক লাখ ২৫ হাজার টাকা ও নিহত শ্রমিক পরিবার এক লাখ টাকা পাবে।সেফ অ্যান্ড রাইটস ২০০৭ থেকে বর্তমান সময় পর্যন্ত কর্মক্ষেত্রে নিহত ৬০০ জন শ্রমিকের তথ্য সংগ্রহ করেছে। এর মধ্যে ৭৪ জন শ্রমিকের ক্ষতিপূরণ দাবি করে তারা শ্রম আদালতে মামলা করেছে। ২১ জন নিহত শ্রমিকের পরিবারের জন্য ক্ষতিপূরণ আদায় করতে সফল হয়েছে। সেকেন্দার আলী বলেন, অধিকাংশ সময় শ্রমিক পরিবারগুলোর ধৈর্য থাকে না। তারা মামলায় সহযোগিতা করার আগ্রহ হারিয়ে ফেলে। আবার মালিকপক্ষের ভয়ভীতির কারণেও অনেকে মাঝপথে থেমে যায়। কিছু ক্ষেত্রে দেখা গেছে, শ্রমিক পরিবারগুলো কিছু টাকা পেয়ে চুপ হয়ে যায়।সেকান্দার আলী জানান, ৪১ জন আহত শ্রমিকের ক্ষেত্রে দেখা গেছে, মাত্র একজন আইনানুগ ক্ষতিপূরণ পেয়েছেন। বাকি শ্রমিকেরা অল্প টাকা পেয়ে ক্ষতিপূরণের সব টাকা আর চাননি।সমীক্ষা: বিলসের তথ্য কর্মকর্তা ইউসুফ আল মামুন জানান, ২০১১ সালে দেশের ২০টি দৈনিকে শ্রমিকদের ওপর প্রকাশিত প্রতিবেদনের তথ্য সমীক্ষায় নেওয়া হয়েছে। কিছু ক্ষেত্রে তাঁরা নিজেরাও তথ্য যাচাই করেছেন। সমীক্ষায় দেখা গেছে, পরিবহন ও নির্মাণশ্রমিক, দিনমজুর, জেলে, জাহাজভাঙা শ্রমিক, ইটভাটার শ্রমিকেরা বেশি নিহত ও আহত হন। সহিংসতার মধ্যে রয়েছে ধর্ষণের ঘটনা, যার শিকার হয়েছেন ২০ জন নারী। দুর্ঘটনায় নিহত ৬৮৩ জনের মধ্যে পুরুষ ৬৩৯ জন ও নারী ৪৪ জন। আর সহিংস ঘটনায় নিতদের মধ্যে পুরুষ ও নারী যথাক্রমে ১৪৪ ও ৫২ জন। অন্যদিকে দুর্ঘটনায় আহত হন ৭৪৯ জন পুরুষ ও ৬৫ জন নারী। আর সহিংস ঘটনায় আহত হন ৩৮০ জন পুরুষ ও ৪১ জন নারী। কর্মক্ষেত্রে আহত ও নিহতের মধ্যে পরিবহন শ্রমিকই বেশি, যথাক্রমে ৩৭৫ জন ও ২৫৬ জন। শ্রমিকেরা নিজেদের অধিকার আদায়ের জন্য বিভিন্ন সময়ে নানা ধরনের কর্মসূচি পালন করে আসছেন। গত বছর শ্রমিকেরা ১১৯ বার গণমিছিল, ২৯ বার রাস্তা অবরোধ, ২৪ বার কর্মবিরতি, ২১ বার আমরণ অনশন, ১১ বার মানববন্ধন ও সাতটি সংবাদ সম্মেলন করেছেন। এক বছরে শ্রমিকদের নিজেদের মধ্যে ১৬টি সংঘর্ষের ঘটনা ঘটেছে।শ্রম আইনে সীমাবদ্ধতা: সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শ্রম আইনে ক্ষতিপূরণের পরিমাণ কম এবং তা পেতে দীর্ঘ সময় লাগে। আইনে আছে, শ্রমিক আহত বা নিহত হয়ে ক্ষতিপূরণ না পেলে দুই বছরের মধ্যে শ্রম আদালতে মামলা করতে হবে। মামলা করতে হয় শ্রমিকপক্ষকে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে শ্রমিকপক্ষ ক্ষতিপূরণ চেয়ে আদালতে যেতে চায় না। বিলসের সহকারী নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, বর্তমানে চিকিৎসা খরচ ও বাস্তব প্রেক্ষাপট বিচার করে ক্ষতিপূরণের বিধান সংশোধন করে ক্ষতিপূরণের পরিমাণ বাড়ানো উচিত। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শ্রমিকদের সহায়তাদানকারী প্রতিষ্ঠানগুলো প্রয়োজনের সময় অনেক ক্ষেত্রে শ্রমিকদের পূর্ণাঙ্গ ঠিকানা পায় না। কেননা মালিকপক্ষের কাছে ঠিকানা থাকে না বা তারা রাখে না। তারা বলেন, এ ব্যাপারে সরকারের আইন আরও কঠিন করা দরকার।