অধিকাংশ নলকূপের পানিতে আর্সেনিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী পৌরসভা গঠিত হয় ১৯৯৬ সালে ২৬ ডিসেম্বর। ১৯৯৮ সালে ‘খ’ শ্রেণীতে এবং ২০০৬ সালে ‘ক’ শ্রেণীতে এ পৌরসভাকে উন্নীত করা হয়। ১১ দশমিক ৫০ বর্গকিলোমিটার আয়তনের ১৭টি মহল্লা নিয়ে এই পৌরসভার কার্যক্রম চলছে। গৌরনদী পৌরবাসী নাগরিক সুবিধা থেকে অনেকাংশেই বঞ্চিত। এ পৌরসভার নাগরিকদের রাস্তাঘাট, সুপেয় পানি, পয়োনিষ্কাশন, আলোসহ কোনো সুবিধাই দিতে পারেনি এ পৌরসভা। পৌর এলাকায় পাকা নর্দমা আছে চার কিলোমিটার আর কাঁচা পাঁচ কিলোমিটার। পৌর এলাকার ২৩ হাজার ৫০০ পরিবারের মধ্যে এ পর্যন্ত পানি সরবরাহ পেয়েছে মাত্র এক হাজার। পৌর এলাকার বিভিন্ন হাট-বাজারের অবস্থাও নাজুক। শহরের কোনো রিকশা-ভ্যানের স্ট্যান্ড না থাকায় যানজট লেগেই থাকে।পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে, সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে এলাকার নাগরিকেরা সব সুযোগসুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। ভাঙা-চোরা রাস্তাগুলোয় চলাচল করতে নাগরিকদের দুর্ভোগ পোহাতে হয়। রাতে পৌর এলাকার পাড়া-মহল্লাগুলোয় থাকে অন্ধকার। পৌরসভার অধিকাংশ রাস্তায় বাতি নেই। সামান্য স্থানে থাকলেও তা ঠিক মতো জ্বলে না। পৌর এলাকার উত্তর বিজয়পুর, শাওড়া, গোবর্ধন, দক্ষিণ বিজয়পুর এলাকা নিয়ে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড গঠিত। এ ওয়ার্ডের উত্তর বিজয়পুর এলাকার বাসিন্দা মাজহারুল ইসলাম জানান, তাঁদের এলাকার রাস্তা দিয়ে শুষ্ক মৌসুমে চলাচল করা গেলেও বর্ষায় সামান্য বৃষ্টি হলে রাস্তায় হাঁটুপানি জমে থাকে। একই মহল্লার বাসিন্দা আল হেলাল রেজি. প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সালাম জানান, এ মহল্লায় গত ১৪ বছরে এক ইঞ্চিও নর্দমা তৈরি করা হয়নি। সুপেয় পানির অভাবে দিন কাটে কষ্টে: পৌর এলাকার নাগরিকদের সুপেয় পানি সরবরাহের জন্য গৌরনদী বন্দর, গৌরনদী বাসস্ট্যান্ড, টরকী বন্দর ও আশোকাঠী এলাকায় চারটি পানির পাম্প রয়েছে। এসব পাম্প প্রায়ই নষ্ঠ থাকে। ফলে এ পাম্পের আওতায় থাকা নাগরিকদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। ৬ নম্বর ওয়ার্ডের উত্তর বিজয়পুর মহল্লার মো. সেকেন্দার হোসেন (৫০) ও শাওড়া মহল্লার মো. সালাউদ্দিন (৬০) ৭ নম্বর ওয়ার্ডের গেরাকুল মহল্লার মো. জাহাঙ্গীর হোসেন (৫৪) ৩ নম্বর ওয়ার্ডের বানিয়াশুরী মহল্লার মো. রিপন মিয়াসহ (৩৮) কয়েকজন জানান, তাঁরা সুপেয় বিশুদ্ব পানি না পাওয়ায় খুবই কষ্টে আছেন। এ এলাকায় পৌর কর্তৃপক্ষ পানি সরবারহ করতে পারেনি। পানির অভাবে এখনো অনেকেই অগভীর নলকূপের পানি পান করে। এখানে অধিকাংশ অগভীর নলকূপের পানিতে আর্সেনিক রয়েছে। পৌর এলাকার বাসিন্দা মো. নাসির উদ্দিন, মো. জামাল হাওলাদার, মো. আজাহার আলী হাওলাদার, মো. আ. খালেকসহ অনেকেই অভিযোগ করে বলেন, মেয়রের কাছে সুপেয় পানির জন্য ধরনা দিতে দিতে তাঁরা এখন নিরাশ। মশার উপদ্রব বৃদ্ধি, প্রতিকার নেই: পৌর শহরের টরকী বন্দর, কসবা, পালপাড়া, সুন্দরদী ও আনন্দপুর এলাকা নিয়ে ১ নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডের কসবা পালপাড়া সড়কের বাসিন্দা মো. খলিলুর রহমান জানান, তাঁদের এলাকার প্রধান সমস্যা মশা। পৌরসভা কর্তৃপক্ষ মাঝেমধ্যে মশা নিধনের জন্য ঢাক-ঢোল পিটিয়ে থাকে। কিন্তু কখনোই মশার ওষুধ ছিটানো হয় না। নর্দমার পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় সেখানে পানি জমে মশার জন্ম হয়। এই ওয়ার্ডটি শহরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। অথচ রাস্তাগুলোর অবস্থা খুবই নাজুক। তা ছাড়া রাস্তায় ঠিকমতো বাতি জ্বলে না। কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। দক্ষিণাঞ্চলের বৃহৎ ব্যবসায়ী বন্দর টরকী। এখান থেকে প্রতিবছর ২০-২৫ লাখ টাকার রাজস্ব আয় হয় অথচ এ এলাকার উন্নয়নে কোনো বরাদ্দ করা হয় না। অপরিষ্কার নর্দমা: চরগাধাতলী, টিকাসার, গেরাকুল, সুন্দরদী ও পালরদী নিয়ে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডের টিকাসার মহল্লার বাসিন্দা নুর মহাম্মদ জানান, তাঁদের গ্রামে আংশিক পানির লাইন দেওয়া হয়েছে। আজও গোটা ওয়ার্ডে পানির সংযোগ দেওয়া হয়নি। তাঁদের নলকূপের পানি ব্যবহার করতে হয়। ওই এলাকার বাসিন্দা মো. আলাউদ্দিন জানান, তাঁদের পাড়ার পরিকল্পিত কোনো নর্দমা নেই। সামান্য যা আছে, সে নর্দমাগুলো ভেঙে পড়েছে। বর্তমানে নর্দমার মধ্যে জমে থাকা পানিতে মশার জন্ম হচ্ছে। চরগাধাতলীপাড়ার বাসিন্দা মো. মিজানুর রহমান জানান, গৌরনদী গালর্স হাইস্কুল অ্যান্ড কলেজের পাস থেকে তাঁদের পাড়ায় যে রাস্তা রয়েছে, বর্ষা মৌসুমে সেখানে পানি জমে যায়। চিত্তবিনোদনের ব্যবস্থা নেই: গত ১৪ বছরেও গৌরনদী পৌরসভার নাগরিকদের জন্য কোনো চিত্তবিনোদনের ব্যবস্থা হয়নি। উপজেলা পরিষদের উদ্যোগে ১৯৮২ সালে উপজেলা পরিষদের প্রাঙ্গণে একটি শিশুপার্ক তৈরি করা হয়েছিল কিন্তু সংস্কার আর রক্ষণাবেক্ষণের অভাবে আজ তা গোচারণ ভূমিতে পরিণত হয়েছে। শিশুদের খেলাধুলার জন্য লোহার পাত দিয়ে তৈরি করা হয় দোলনা, ছেঁচড় কাটা সিঁড়ি, ওঠানামা খেলার বেঞ্চ, এখন এগুলো সবই নষ্ট হয়ে গেছে। অভিভাবক মো. জাকির হোসেন ও মো. বেল্লাল হোসেন জানান, শিশুদের চিত্তবিনোদনের জন্য শিশুরা এখানে এসে কষ্টেভরা মন নিয়ে ফিরে যায়। অদ্যাবধি শিশুপার্ক প্রকল্পটি বাস্তবায়ন করা হয়নি। কাঁচা বাজারে কাদা: গৌরনদী পৌরসভার কাঁচা বাজারের জন্য নির্দিষ্ট কোনো জায়গা না থাকায় সড়কের ওপরে গড়ে উঠেছে কাঁচা বাজার। এসব কাঁচা বাজারের জায়গা কম হওয়ায় সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। গৌরনদী পৌরসভায় চারটি কাঁচা বাজার রয়েছে। এর দুটি সড়কের ওপর। অন্য দুটি বাজারে বেশির ভাগ সময় কাদা জমে থাকে। শহরের আশোকাঠী এলাকার বাসিন্দা মো. ফিরোজ সরদার, মো. সিকদার ও মো. জাহাঙ্গীর হোসেন জানান, আশোকাঠী থেকে উপজেলা পরিষদ সড়কের সংযোগমুখে সড়কের ওপরে আশোকাঠী কাঁচা বাজার বসে। ফলে যানবাহন চলতে খুবই অসুবিধা হয়। গৌরনদী গয়নাঘাট এলাকার কাঁচা বাজারে গিয়ে দেখা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কের সংযোগ থেকে রাজিহার সড়কের ওপর কাঁচা মালের পসরা সাজিয়ে বসে আছেন, মো. ফারুক মিয়া, তালেব আলী ও মো. সেলিম হাওলাদার। তাঁরা জানান, পৌর কর্তৃপক্ষ খুবই সংকুচিত জায়গায় কাঁচা বাজার স্থাপন করেছে, যে কারণে স্থানের অভাবে সড়কের ওপরই বসতে হয়। টরকী কাঁচাবাজারের পশ্চিম পাশের গলিতে গিয়ে দেখা যায়, দুর্গন্ধযুক্ত নোংরা পরিবেশে বাজার বসেছে। ব্যবহার অনুপযোগী গণশৌচাগার: পৌর শহরের অধিকাংশ হাটবাজারের গণশৌচাগার নেই, যেটুকু আছে তা-ও ব্যবহার অনুপযোগী। শহরের গৌরনদী হাইওয়ে থানাসংলগ্ন এলাকায় ২০০৪ সালে অপরিকল্পিতভাবে একটি গণশৌচাগার স্থাপন করা হয়। এখানে প্রতিদিন কয়েক হাজার বাসযাত্রী এটি ব্যবহার করে। স্থানীয় আক্কাস আলী, মো. মজিবুর রহমান ও রুহুল আমিন জানান, এটা এতই নোংরা যে স্বাস্থ্যগতভাবে চিন্তা করলে এর ব্যবহার ঝুঁকিপূর্ণ। হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, ‘এ গণশৌচাগারের দুর্গন্ধে আমরা অফিসে বসে দায়িত্ব পালন করতে পারি না।’ এ ছাড়া শহরের কসবা গো-হাট, আশোকাঠী, কাসেমাবাদ, টিকাসার তুলাতলা, গৌরনদী বন্দরসহ অধিকাংশ হাটবাজারে গণশৌচাগার নেই। গৌরনদী বাসস্ট্যান্ডের ব্যবসায়ী মো. মহিউদ্দিন, মো. সহিদুল ইসলাম, মো. সাদ্দাম হোসেন ও মো. লাল মিয়া জানান, বাসস্ট্যান্ডের জনবহুল এলাকায় একটি ডাস্টবিন নির্মাণ করেন। যেখানে ময়লার পাহাড় জমা সত্ত্বেও তা পরিষ্কার করা হয় না। দুর্গন্ধের কারণে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ পথচারী ও ব্যবসায়ীদের নাকে রুমাল দিয়ে পথ চলতে হয়। গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে চিকিৎসক কলোনির সামনে দক্ষিণ পাশে একটি ডাস্টবিন বসানো হয়। সেখানে গিয়ে দেখা যায়, ময়লার পচা গন্ধ স্বাস্থ্য কমপ্লেক্সকে অস্বাস্থ্যকর বানিয়ে রেখেছে। এ ওয়ার্ডের কাউন্সিলর মো. সহিদুল ইসলাম বলেন, নিয়মিতভাবেই পরিষ্কার করা হয়। কসাই খানা নেই: দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী সর্ববৃহৎ গো-হাট হচ্ছে গৌরনদী পৌর শহরের কসবা হাট। প্রতিবছর এ হাট থেকে ৩৭-৪০ লাখ টাকা রাজস্ব আদায় হয়। এ হাটে বর্ষা মৌসুমে হাঁটু-কাদায় গরু বেচাকেনা করতে হয়। প্রতি বৃহস্পতিবার এ হাটে বহু গরু কেনাবেচার পাশাপাশি অসংখ্য গরু জবাই করা হয়। এখানে নেই কোনো কসাইখানা। মো. বাবুল খান জানান, পৌরসভার বার্ষিক রাজস্ব আয়ের অর্ধেক এ হাট থেকে আয় হয়। কিন্তু হাটের উন্নয়নে কোনো ব্যয় করা হয় না। জামিলুর রহমান বলেন, আশোকাঠী বাজার, কাসেমাবাদ বাজার, গয়নাঘাট বাজার, গৌরনদী বন্দর, টরকী বন্দরসহ বিভিন্ন হাটবাজারে কসাইখানা না থাকায় যত্রতত্র এসব গরু জবাই করা হয়। গৌরনদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আইয়ুব আলী বলেন, এ ব্যাপারে পৌর কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জন্য বলা হয়েছে। পৌরসভার সচিবের বক্তব্য: পৌরসচিব মো. ফারুক হোসেন বলেন, ‘প্রথম শ্রেণীর পৌরসভা হিসেবে নাগরিকদের যেসব সুযোগসুবিধা দেওয়া উচিত তা অনেকাংশে সম্ভব হয়নি। শহরের প্রধান প্রধান সড়কে বাল্ব দেওয়া হয় কিন্তু তা চুরি হয়ে যায়। যে কারণে সড়কগুলো অন্ধকারে থাকে। ঘন ঘন বৈদ্যুতিক লোডসেডিং ও লো-ভোল্টেজের কারণে পানির পাম্পের মটর বিকল হয়ে গেলে পানি সরবরাহ মাঝেমধ্যে বন্ধ থাকে। এ পৌরসভার পয়োনিষ্কাশন ও জলাবদ্ধতা সবচেয়ে বড় সমস্যা। পৌর এলাকার জমির মূল্য বৃদ্ধির কারণে ড্রেন নির্মাণের জন্য কেউই জায়গা দিতে রাজি হয় না। ফলে ড্রেন নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হলেও তা বাস্থবায়ন হয় না। ড্রেন নির্মাণের জন্য কয়েকটি প্রকল্প গ্রহণ করা হয়েছে খুব শিগগিরই দরপত্র আহ্বান করা হবে। সঠিক জায়গায় কসাইখানা নির্মাণের পরিকল্পনা রয়েছে। মেয়রের বক্তব্য: গৌরনদী পৌরসভার মেয়র মো. নুরুল ইসলাম নুর আলম বলেন, এ পৌরসভার বয়স মাত্র ১৪ বছর। এ অল্প সময়ে পৌরসভাটি তৃতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণীতে উন্নীত হয়েছে। নাগরিক সুবিধার পাশাপাশি অনেক অসুবিধাও আছে। রাস্তাঘাট, পানি সরবরাহ, বৈদ্যুতিক সমস্যা, পয়োনিষ্কাশনসহ অনেক সমস্যাই আছে। এগুলো সমাধানের পরিকল্পনাও রয়েছে। নিয়মিত কর পরিশোধ করে নাগরিক দায়িত্ব পালন করলে উন্নয়নকাজ বৃদ্ধি পেত। এ পৌরসভাকে মাঝারি শহর উন্নয়ন প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। আশা করি, পরিকল্পিত শহরে রূপান্তরিত হবে। পৌর সুপার মার্কেটের পরিকল্পনা নিয়ে ৪০ কোটি টাকার প্রাক্কলন তৈরি করা হয়েছে। এ মার্কেটটি বাস্তবায়ন করা হলে পৌর শহরের সৌন্দর্য্য অনেকাংশে বৃদ্ধি পাবে।