অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন মেনে চলছে না: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশের অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন মেনে চলছে না। শর্ত পূরণে ব্যর্থ এসব বেসরকারি বিশ্ববিদ্যালয়কে তিন সপ্তাহের মধ্যে তাদের করণীয় বিষয়ে মতামত দিতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের দেওয়া মতামতের ওপর ভিত্তি করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে সরকার।আজ বুধবার বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন বাস্তবায়নসংক্রান্ত এক সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিক্ষাসচিব সৈয়দ আতাউর রহমান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিস অব বাংলাদেশের (এপিইউবি) প্রেডিডেন্ট সি এম শফি সামি প্রমুখ উপস্থিত ছিলেন। নুরুল ইসলাম নাহিদ বলেন, এ বিশ্ববিদ্যালয়গুলো শর্ত পূরণ না করে পুরোনো আইনে ১২ বছর কাটিয়েছে। এখন নতুন আইনে আবার যদি সময় চায়, তা বিবেচনা করা যায় কি না তাও খতিয়ে দেখতে হবে। তিনি বলেন, ‘আমরা তাদের নতুন আর কোনো বিভাগ খোলার বিষয়েও নিষেধাজ্ঞার কথা জানিয়েছি।’শিক্ষামন্ত্রী সাংবাদিকদের আরও জানান, বিশ্ববিদ্যালয়গুলো নিয়ন্ত্রণের জন্য অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠন ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে শক্তিশালী করার বিষয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় মালিকেরা একমত পোষণ করছেন। বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোর দেশে শাখা স্থাপন নিয়ে একটি বিধিমালা প্রণয়ন করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এ বিধিমালার আলোকেই তাদের সব কার্যক্রম পরিচালিত হবে। দারুল ইহসানসহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সনদ-বাণিজ্যের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘এসব বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আমরা অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেব। তবে ব্যবস্থা নিতে গিয়ে ছাত্রদের অসহায় অবস্থায় ফেলব না। আইনানুগভাবে এসব বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হলেও ছাত্রদের স্বার্থ রক্ষা করেই বন্ধ করা হবে।’ তিনি আরও জানান, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকদের কার্যক্রমের বিষয়ে একটি নীতিমালা করা হচ্ছে। চূড়ান্ত হলে এ নীতিমালা অনুযায়ী শিক্ষকদের কার্যক্রম পরিচালিত হবে।ইউজিসির চেয়ারম্যান বলেন, আইনের শর্ত পূরণ না করা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৪৫টি। তিনি বলেন, অ্যাক্রেডিটেশন কাউন্সিল প্রতিষ্ঠিত হলে বিভিন্ন সূচকে বিশ্ববিদ্যালয়গুলোর র্যাংকিং করে তা প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা এর মাধ্যমে সেরা বিশ্ববিদ্যালয়গুলো বেছে নিতে পারবে। তবে এপিইউবির প্রেসিডেন্ট সি এম শফি বলেন, ‘আইনের শর্ত পূরণ করতে পারেনি কথাটা ঠিক নয়। আগের আইন মেনেই এসব বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছিল। এসব বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে ফিরে যাওয়ার বিষয়ে তিন সপ্তাহের মধ্যে মতামতসহ আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে বসব।’