অধিকাংশ বেসরকারি শিক্ষক বেতন-বোনাস পাননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল মঙ্গলবার পর্যন্ত বেসরকারি মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের অধিকাংশই বেতন-বোনাস পাননি। এ নিয়ে দেশের সবচেয়ে বড় এই পেশাজীবী গোষ্ঠী ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছে। বিভিন্ন শিক্ষক সংগঠন শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা অধিদপ্তর বা সংশ্লিষ্ট ব্যাংকের যেসব কর্মকর্তা-কর্মচারীর গাফিলতির জন্য ঈদের আগে শিক্ষকেরা বেতন-বোনাস পাচ্ছেন না, তাঁদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার দাবি জানানো হয়েছে।দেশের কোনো কোনো স্থানে শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতা না পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গতকাল মঙ্গলবার শিক্ষামন্ত্রী বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের কাছে ব্যাংক খোলা রেখে বেসরকারি শিক্ষকদের বেতন-বোনাস পরিশোধের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। শিক্ষামন্ত্রী গতকাল শিক্ষার বিভিন্ন স্তরের কর্মকর্তা, ব্যাংকসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ করে আজকের মধ্যে সব শিক্ষকের হাতে টাকা পৌঁছে দিতে বিভিন্ন পদক্ষেপ নেন। সময়মতো ব্যাংকে চেক পাঠানোর পরও কেন এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা খতিয়ে দেখা এবং ভবিষ্যতে আরও বেশি সতর্ক হওয়ার কথা জানান তিনি।বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, শিক্ষামন্ত্রীর অনুরোধের পরিপ্রেক্ষিতে গভর্নর চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের গতকালই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। বেতন-বোনাস দেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যাংকের শাখা প্রয়োজনে আজ বুধবার রাত ১০টা পর্যন্ত খোলা রাখা হবে।রাষ্ট্রায়ত্ত অগ্রণী ও জনতা ব্যাংকের দুই ব্যবস্থাপনা পরিচালক টেলিফোনে প্রথম আলোকে জানিয়েছেন, গতকালই তাঁরা নিজ ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলোতে ‘অ্যাডভাইস’ না পেলেও শিক্ষকদের বেতন-বোনাসের টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন। তাঁরা আশা করেছেন, কোনো শিক্ষকই আজ ব্যাংক থেকে বেতন-বোনাস ছাড়া খালি হাতে ফিরবেন না।মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশীদ প্রথম আলোকে বলেন, তিনি গতকাল দিনভর শিক্ষার বিভাগীয়, জেলা ও আঞ্চলিক কার্যালয়ে যোগাযোগ করে স্থানীয় ব্যাংকের সঙ্গে যোগাযোগ ও শিক্ষকদের সহযোগিতার পরামর্শ দিয়েছেন। এ ছাড়া শিক্ষকদের স্থানীয় সমিতিগুলোর সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। আজকের মধ্যে সব শিক্ষক বেতন-বোনাস পাবেন বলে তিনি আশা করেন।জানা যায়, শিক্ষক-কর্মচারীদের বেতনের চেক গত ২৬ আগস্ট ও বোনাসের চেক ২৯ আগস্ট সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংকে জমা দেওয়া হয়।রাষ্ট্রায়ত্ত ব্যাংকের একাধিক সূত্র জানায়, বেতন ও বোনাসের চেক দেওয়া হলেও এগুলো একই তারিখে দেওয়া হয়নি। যেমন কোনো চেক ভাঙানোর তারিখ ছিল ৫ সেপ্টেম্বর। এটা ৬ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়। ৭ সেপ্টেম্বর ব্যাংক বন্ধ থাকায় বিষয়টি নিয়ে ঝামেলা তৈরি হয়। তবে ৫ সেপ্টেম্বরের আগে যেসব চেকের তারিখ ছিল, সেগুলোর টাকা শিক্ষকদের হিসাবে পৌঁছে গেছে। সূত্র জানায়, প্রতি মাসের মতো একই সময়ে শিক্ষকদের বেতনের টাকা শিক্ষা অধিদপ্তর থেকে ব্যাংকে পাঠানো হয়। তবে ঈদ সামনে থাকায় স্বাভাবিক সময়ের মধ্যে সাড়ে পাঁচ লাখ শিক্ষকের টাকা সারা দেশে ব্যাংকগুলোর শাখায় পৌঁছায়নি। ব্যাংকের কয়েকটি শাখায় খোঁজ নিয়ে জানা যায়, শিক্ষকদের সব হিসাবেই টাকা জমা হয়েছে। কিন্তু মফস্বলের বিভিন্ন শাখায় নগদ টাকার অভাব থাকায় গতকাল পর্যন্ত অনেক শিক্ষকের হিসাবে টাকা থাকলেও তাঁরা তা তুলতে পারেননি। এ ছাড়া ঈদ সামনে থাকায় ব্যাংকগুলোতে টাকা তোলা হচ্ছে বেশি, জমা হচ্ছে খুবই কম। এর পাশাপাশি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের জনবল-সংকট এবং অদক্ষতার বিষয়টিও উল্লেখযোগ্য।জানা যায়, অগ্রণী ব্যাংকের ঢাকা অঞ্চল থেকে ফরিদপুর জেলার জন্য চার কোটি টাকা চাওয়া হয়েছিল। বাংলাদেশ ব্যাংকের শাখা না থাকায় নিয়ম অনুযায়ী সোনালী ব্যাংকের এই টাকা দেওয়ার কথা। কিন্তু সোনালী ব্যাংক নগদ এক কোটি টাকা দিতে পেরেছে। ফলে বাকি তিন কোটি টাকা শিক্ষকদের হিসাবে জমা হলেও তাঁরা তা তুলতে পারেননি।অগ্রণী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবদুল হামিদ প্রথম আলোকে বলেন, কিছু শাখায় তারল্য সংকট থাকতে পারে। এ ছাড়া কোনো কোনো শাখায় এত টাকা তোলার জন্য প্রয়োজনীয় প্রস্তুতির অভাবও হয়তো আছে। তিনি আরও বলেন, শিক্ষা বিভাগ থেকে চেক আসার পর আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করে তা শিক্ষকের হিসাব থেকে তোলা পর্যন্ত পাঁচ থেকে সাত দিন সময় প্রয়োজন। ঈদের সময় বিবেচনায় আরেকটু আগে চেক পাওয়া গেলে পুরো কাজ সুষ্ঠুভাবে শেষ হতো। তার পরও আজ বুধবারের মধ্যে সব শিক্ষককে টাকা দেওয়ার সাধ্যমতো চেষ্টা চলছে।জনতা ব্যাংকের দায়িত্ব ছিল চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের সব শিক্ষকের হিসাবে টাকা পৌঁছে দেওয়া। এ প্রসঙ্গে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রহমান প্রথম আলোকে বলেন, আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সীমাবদ্ধতা ছিল। তবে আজকের মধ্যে যেকোনো উপায়ে সব শিক্ষককে টাকা দিতে সংশ্লিষ্ট শাখাগুলোকে টেলিফোনে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আজকের মধ্যে সব শিক্ষকই টাকা তুলতে পারবেন, এ জন্য ব্যাংক খোলা রাখার সময় প্রয়োজনে বাড়ানো হবে। শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের প্রধান সমন্বয়কারী মো. সেলিম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ঈদের আগে এ ধরনের পরিস্থিতি খুবই দুঃখজনক। অনেক শিক্ষক তাঁর বেতনের চেক মহাজনের কাছে কমিশনে বিক্রি করেছেন। ঢাকা শহরের অনেক শিক্ষক বেতন না নিয়েই অথবা বেতনের চেক বিক্রি করে গ্রামে গেছেন। তিনি এ ঘটনার সঙ্গে যার গাফিলতি থাকুক, চিহ্নিত করে শাস্তি দাবি করেন। সরকারি প্রাথমিক শিক্ষকদেরও কেউ কেউ বেতন পাননি: বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন-বোনাস নিয়ে এর আগে ঝামেলা হলেও সরকারি প্রাথমিক শিক্ষকদের বেলায় এমন ঘটনার নজির খুব একটা নেই। কিন্তু এবার বেশ কিছু সরকারি প্রাথমিক শিক্ষক বেতন পাননি। বিশেষ করে অবসর প্রস্তুতিকালীন ছুটিতে (এলপিআর) থাকা শিক্ষকদের অনেকে এই দুর্ভোগে পড়েছেন। জানা যায়, সাম্প্রতিক সময়ে ঢাকা শহরের প্রাথমিক শিক্ষা কার্যালয়ের কেরানিদের অধিকাংশ বদলি হয়েছেন। এ ছাড়া শিক্ষা কার্যালয়ের একশ্রেণীর কর্মকর্তার গাফিলতির কারণে বেশ কিছু শিক্ষক বেতন-বোনাস পাননি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক বেতন না পাওয়ার কথা জানিয়েছেন। তবে প্রাথমিক ও গণশিক্ষাসচিব আবু আলম মো. শহীদ খান প্রথম আলোকে বলেন, শুধু ভোলার তজুমদ্দিন উপজেলায় শিক্ষা কর্মকর্তা না থাকায় কিছুটা সমস্যা হয়েছে। এ ছাড়া উন্নয়ন প্রকল্পের কিছু শিক্ষকের তহবিল ছাড়ের বিষয়ে একটু ঝামেলা ছিল। এসব সমস্যা ইতিমধ্যে দূর হয়েছে। দেশের আর কোথাও প্রাথমিক শিক্ষকদের বেতন-বোনাস না পাওয়ার কোনো কারণ নেই। তার পরও তিনি বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান।