স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, মন্ত্রণালয়ের সঙ্গে দ্বন্দ্ব, ঠিকমতো প্রতিবেদন দেয়নি কোনো কমিটি
অধিকাংশ সংসদীয় কমিটির নিয়মিত বৈঠক হয় না
সরকারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সংসদীয় কমিটিগুলো গঠন করা হলেও দেড় বছরে উল্টো বেশ কিছু কমিটির কাজের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। ব্যক্তিগত স্বার্থসংশ্লিষ্টতার কারণে একাধিক কমিটির কাজ প্রশ্নবিদ্ধ হয়েছে।নবম জাতীয় সংসদের অধিকাংশ সংসদীয় কমিটিই নিয়মিত সভা করছে না। কার্যপ্রণালি বিধিতে মাসে অন্তত একটি সভা করার কথা থাকলেও ৩৬টি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির মধ্যে ২৫টি নিয়মিত সভা করেনি। বেশ কয়েকটি কমিটি মন্ত্রণালয়গুলোর সঙ্গে প্রকাশ্য দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে। ব্যক্তিস্বার্থে কমিটিকে ব্যবহার করার অভিযোগ উঠেছে একাধিক কমিটির সদস্যদের বিরুদ্ধে।কমিটিগুলোকে সংসদে তাদের প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও দেড় বছরে অধিকাংশ কমিটি তা দেয়নি। আর যেসব কমিটি সংসদে প্রতিবেদন দিয়েছে, সেগুলোতে কমিটির সভাগুলোর কার্যবিবরণী ছাড়া আর কিছুই নেই। কমিটির সামগ্রিক কোনো পর্যবেক্ষণ বা বিশ্লেষণ এসব প্রতিবেদনে নেই। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সংসদের ৪৮টি সংসদীয় কমিটির মধ্যে ৩৬টি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং ১২টি সংসদ কমিটি রয়েছে। কমিটিগুলো গত জুলাই পর্যন্ত মোট ৬৪১টি বৈঠক করেছে। সংসদের কার্যপ্রণালি বিধির ২৪৮ ধারা অনুযায়ী প্রতিটি সংসদীয় কমিটি মাসে অন্তত একটি বৈঠক করবে। ২০০৯ সালের ২৫ জানুয়ারি নবম সংসদ শুরুর এক মাসের মধ্যে অধিকাংশ কমিটি গঠন করা হয়। এরপর ১৮ মাস পেরিয়ে গেলেও ৩৬টি সংসদীয় কমিটির মধ্যে ১১টি নিয়মিত সভা করেছে। বাকি ২৫টি কমিটি নিয়মিত সভা করেনি।এ প্রসঙ্গে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমদ প্রথম আলোকে বলেন, কমিটিগুলোর আরও সক্রিয় হওয়া প্রয়োজন। সভা নিয়মিত না করলেও কমিটিগুলো বিভিন্ন বিষয়ে এখন বিতর্কে জড়িয়ে পড়ছে। তিনি বলেন, পিটিশন কমিটিসহ বেশ কয়েকটি কমিটি সভা করছেই না, এটা দুর্ভাগ্যজনক। আর কমিটির সুপারিশ বাস্তবায়ন করা মন্ত্রণালয়ের দায়িত্ব। তবে সুপারিশগুলো যেন নির্দেশনামূলক না হয়, সেটা কমিটির দেখা উচিত।এবারই প্রথম সংসদ গঠিত হওয়ার এক মাসের মধ্যে সবগুলো সংসদীয় কমিটি গঠন করা হয়। অষ্টম জাতীয় সংসদ শুরুর এক বছর পর কমিটি গঠন করা হয়েছিল।কমিটিগুলোর মধ্যে সর্বোচ্চ ২৭টি করে বৈঠক করেছে আইন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটি। স্থানীয় সরকার মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটি ২৩টি বৈঠক করেছে। এ ছাড়া নিয়মিত বৈঠক করেছে স্বরাষ্ট্র, মুক্তিযুদ্ধ, ডাক ও টেলিযোগাযোগ, বেসামরিক বিমান ও পর্যটন, ধর্ম, পরিকল্পনা, তথ্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটি। সবচেয়ে কম আটটি করে বৈঠক করেছে প্রাথমিক ও গণশিক্ষা এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক কমিটি।স্পিকার আবদুল হামিদ এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, কার্যপ্রণালি বিধি অনুসারে কমিটিগুলোর মাসে অন্তত একটি বৈঠক করার কথা। কিন্তু অধিকাংশ কমিটির নিয়মিত সভা করতে না পারাটা বিস্ময়কর। মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির প্রধান কাজ হলো সংসদের পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জবাবদিহি নিশ্চিত করা। এটা অবশ্যই তাদের করতে হবে।সংসদ সচিবালয় সূত্রমতে, ৩৬টি সংসদীয় কমিটি দেড় বছরে ৬৪১টি বৈঠক করে নয় শতাধিক সুপারিশ করেছে। তবে এসব সুপারিশ কতটা বাস্তবায়িত হয়েছে, সে হিসাব অধিকাংশ কমিটির কাছেই নেই। সংসদ কমিটিগুলোর মধ্যে পিটিশন, বিশেষ অধিকার-সম্পর্কিত ও কার্যপ্রণালি বিধি-সম্পর্কিত স্থায়ী কমিটি গত ১৬ মাসে একটি বৈঠকও করেনি। তিনটি কমিটিরই সভাপতি পদাধিকারবলে স্পিকার। স্পিকার আবদুল হামিদ এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, এসব কমিটির বৈঠক করার কোনো বাধ্যবাধকতা নেই। কোনো পিটিশন না থাকলে পিটিশন কমিটি কী নিষ্পত্তি করতে বৈঠক করবে? বিশেষ অধিকার ও কার্যপ্রণালি বিধি নিয়ে কোনো নোটিশ না থাকায় এসব নিয়েও সভা হয়নি।তথ্যশূন্য প্রতিবেদন: সংসদে প্রতিবেদন প্রকাশের ক্ষেত্রেও অধিকাংশ কমিটির স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ। সংসদের বয়স প্রায় দেড় বছর হলেও অধিকাংশ কমিটি এখনো তাদের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেনি। এখন পর্যন্ত প্রতিবেদন প্রকাশ করেছে মাত্র ১৪টি কমিটি। এর মধ্যে মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সংখ্যা ১১।প্রতিবেদন প্রকাশ করা কমিটিগুলোর মধ্যে সুপারিশ বাস্তবায়নের হিসাব দিয়েছে মাত্র পাঁচটি। এগুলো হলো মৎস্য ও প্রাণিসম্পদ, প্রতিরক্ষা, শিল্প, যুব ও ক্রীড়া এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটি। এরা সুপারিশের পাশাপাশি সিদ্ধান্ত বাস্তবায়নে অগ্রগতির হিসাব দিয়েছে। প্রতিবেদন প্রকাশ করলেও অগ্রগতির হিসাব দেয়নি অর্থ মন্ত্রণালয়, সরকারি প্রতিশ্রুতি, যোগাযোগ, মুক্তিযুদ্ধ, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, পরিকল্পনা, শ্রম ও কর্মসংস্থান, সরকারি প্রতিষ্ঠান ও অনুমিত হিসাব। এসব কমিটি বৈঠকের কার্যপত্র ছেপে দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। কমিটি-মন্ত্রণালয় বিরোধ: সংসদীয় কমিটিগুলো গঠনের কিছুদিন পর থেকেই বেশ কয়েকটি কমিটির সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। সেই টানাপোড়েন এখন অনেকটা প্রকাশ্য বিরোধে রূপ নিয়েছে। এ বিষয়ে উভয় পক্ষই প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করেছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, কমিটির সদস্যরা দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন। তাঁরা উদ্দেশ্যপ্রণোদিত সুপারিশ করে থাকেন। আবার কমিটির অভিযোগ, মন্ত্রণালয় তাদের সুপারিশ আমলে নেয় না। নবম সংসদে কোনো কমিটি কোনো মন্ত্রণালয় বা মন্ত্রীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে হইচই ফেলে দিয়েছে, এমন নজির নেই। কমিটিতে বিরোধী দলের সদস্যরা এবার অনেকটাই নিষ্ক্রিয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৮ জুলাই সংসদীয় কমিটির সভাপতিদের নিয়ে বৈঠক করেন। সেখানে তিনি কমিটির সভাপতিদের মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশ দেন।জানা গেছে, গত কয়েক মাসে যোগাযোগ, বিমান ও পর্যটন, গৃহায়ণ ও গণপূর্ত, বাণিজ্য, আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিসহ বেশ কয়েকটি কমিটির সঙ্গে মন্ত্রণালয়ের বিরোধ প্রকাশ্য হয়ে ওঠে। ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাব) বাস্তবায়ন এবং প্রস্তাবিত রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইনকে কেন্দ্র করে প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানের সঙ্গে এই মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বিরোধ রয়েছে। অভিযোগ উঠেছে, এই দুটি বিষয়কে কেন্দ্র করে কমিটির কয়েকজন সদস্য বিশেষ মহলের স্বার্থ রক্ষায় কাজ করছেন। এ নিয়ে তাঁরা মন্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করেছেন বলেও অভিযোগ রয়েছে। এ ব্যাপারে সংসদীয় কমিটির সভাপতি ফজলে করিম চৌধুরী বলেন, কিছু বিষয়ে মন্ত্রীর সঙ্গে মতবিরোধ তো থাকতেই পারে। অনিয়মিত সভা সম্পর্কে তিনি বলেন, বিভিন্ন কারণে প্রথম দিকে কমিটি সভা কম করেছে। এখন নিয়মিত সভা হচ্ছে।বিমানবন্দরের সামনের একটি জায়গা ইজারা দেওয়া এবং নাইজেরিয়াভিত্তিক ক্যাবো এয়ারের বিতর্কিত একটি উড়োজাহাজকে কেন্দ্র করে বিমানমন্ত্রী জি এম কাদেরের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন সংশ্লিষ্ট মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির সভাপতি মোশাররফ হোসেন। কমিটি বিমানবন্দরসংলগ্ন জায়গাটি ইজারা দেওয়ার পক্ষে। অপরদিকে মন্ত্রণালয় বলেছে, সরকারের স্বার্থেই জমিটি হাতছাড়া করা ঠিক হবে না।কমিটির কয়েকজন সদস্য বিমানের দুর্নীতির সন্ধানে সরকারি ব্যয়ে দুবাই, রোম ও লন্ডন সফরের আগ্রহ প্রকাশ করলেও মন্ত্রণালয় রাজি হয়নি। এ নিয়ে মন্ত্রীর ওপর ক্ষুব্ধ হয়েছেন কমিটির সভাপতি মোশাররফ হোসেন ও কয়েকজন সদস্য। যোগাযোগ ও বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটিতে চলছে একই অবস্থা।তিনটির ভূমিকা প্রশ্নবিদ্ধ: সাংসদদের ব্যক্তিগত স্বার্থসংশ্লিষ্টতার কারণে তিনটি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। কমিটি তিনটি হলো গৃহায়ণ ও গণপূর্ত, যোগাযোগ এবং নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি।গণপূর্ত সংসদীয় কমিটির ১০ সদস্যের মধ্যে দুজনই সরাসরি ভূমি ও আবাসন ব্যবসায়ী। তাঁরা হলেন আওয়ামী লীগের নসরুল হামিদ (ঢাকা-৩) ও এনামুুল হক (রাজশাহী-৪)। যোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে এমন দুজন সদস্য রয়েছেন, যাঁরা সড়ক ও জনপথ বিভাগের ঠিকাদার। তাঁরা হলেন কমিটির সভাপতি শেখ মুজিবুর রহমান (সাতক্ষীরা-১) ও সদস্য ওমর ফারুক চৌধুরী (রাজশাহী-১)। নৌপরিবহন কমিটির সদস্য গোলাম কিবরিয়া লঞ্চ পরিবহন ব্যবসায়ী।নসরুল হামিদ ইমারত নির্মাণ ও জমি কেনাবেচার কাজ করে থাকেন। ব্যক্তিগতভাবে তিনি হামিদ রিয়েল এস্টেটের মালিক। তিনি আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবেরও সভাপতি। কমিটির অপর সদস্য এনামুল হক এনা প্রপার্টিজ লিমিটেডের মালিক।সংশ্লিষ্ট সূত্রমতে, সংসদীয় কমিটিতে তাঁদের অন্তর্ভুক্তি সংসদের কার্যপ্রণালি বিধির পরিপন্থী। কার্যপ্রণালি বিধির ১৮৮ ধারা অনুযায়ী কমিটিতে সাংসদের আর্থিক, প্রত্যক্ষ ও ব্যক্তিগত স্বার্থ বিবেচিত হতে পারে—এমন বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট কোনো সাংসদকে কমিটির সদস্য করা যায় না।যোগাযোগ করা হলে নসরুল হামিদ প্রথম আলোকে বলেন, ‘আমি কীভাবে এই কমিটির সদস্য হলাম, তার আইনগত ব্যাখ্যা দিতে পারবেন স্পিকার বা হুইপ।’এনা প্রপার্টিজের স্বত্বাধিকারী এনামুল হক বলেন, কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানির মালিক হলে তা সংসদীয় কমিটির কাজে সাংঘর্ষিক হতে পারে না।যোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির সভাপতি শেখ মুজিবুর রহমান নিজেই একজন প্রথম শ্রেণীর ঠিকাদার। তিনি দি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। কমিটির সদস্য ওমর ফারুক চৌধুরী লিটল কনস্ট্রাকশনসের ব্যবস্থাপনা পরিচালক। নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য গোলাম কিবরিয়া ‘এমভি টিপু’র মালিক। তিনি বলেন, লঞ্চের মালিক হলে সাংসদ হওয়া যাবে না কিংবা কমিটির সদস্য হওয়া যাবে না, এ ধরনের আবদার ঠিক নয়।এ সম্পর্কে জাতীয় সংসদের চিফ হুইপ আবদুস শহীদ প্রথম আলোকে জানান, এ ধরনের অভিযোগ তাঁর কাছে এসেছে। তিনি বলেন, ভবিষ্যতে বিষয়গুলো আমলে নেওয়া হবে। বিশেষ কোনো কমিটির মাধ্যমে ব্যক্তিগত স্বার্থ হাসিল করার সুযোগ থাকবে এমন কাউকে ওই কমিটির সদস্য করা হবে না।বিরোধী দলের কমিটিরও একই হাল: সরকারি দলের বাইরে এবারই প্রথম বিরোধী দল থেকে সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে। বিএনপিকে দুটি, এলডিপিকে একটি, জাতীয় পার্টিকে দুটি, ওয়ার্কার্স পার্টি ও জাসদকে একটি করে সভাপতির পদ দেওয়া হয়েছে। কিন্তু বিরোধী দলের নেতৃত্বাধীন কমিটিগুলোও ঝলসে উঠতে পারেনি। তবে নিয়মিত সভা করছেন পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি অলি আহমদ।বিএনপির আশরাফউদ্দিন নিজান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি। আবদুল মোমিন তালুকদার পরিবেশ ও বন মন্ত্রণালয় কমিটির সভাপতি। এই দুই কমিটিও নিয়মিত বৈঠক করতে পারেনি। মৎস্য ১২টি আর পরিবেশ ও বন মন্ত্রণালয় সংসদীয় কমিটি ১২টি বৈঠক করেছে গত জুলাই পর্যন্ত।আশরাফউদ্দিন নিজান প্রথম আলোকে বলেন, বিরোধী দলকে কমিটির সভাপতি করা হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। কারণ কমিটির কোনো সুপারিশই মন্ত্রণালয় আমলে নিচ্ছে না। তাহলে ওই কমিটির বৈঠক করে লাভ কী!