অধিকাংশই খারিজ, নয়তো অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার আদালতে এসিড-অপরাধ দমন আইন, ২০০২-এর আওতায় ৪৭টি মামলার ১২টি মামলা এখনো বিচারাধীন আছে। বাকি ৩৫টির চারটি মামলার রায় দেওয়া হয়েছে। আটটি মামলা খালাস এবং ২৩টি মামলা অব্যাহতি (ডিসচার্জ) দেওয়া হয়েছে। ভোলা জজ আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, ১৯৯৯ সালের ২২ নভেম্বর থেকে ২০১০ সালের ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ভোলার পাঁচটি উপজেলায় ৫৯টি এসিড-সন্ত্রাসের ঘটনা সংঘটিত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৯৫ জন। এর মধ্যে ৪৬ জন নারী এবং ২২ জন শিশু এসিড-সন্ত্রাসের শিকার হয়েছে। লালমোহনে একজন গৃহিণী ও চরফ্যাশনে একটি শিশু এসিড-সন্ত্রাসের শিকার হয়ে মারা গেছে। এসিড-অপরাধ দমন আইন-২০০২ গঠিত হওয়ার আগে এসিড-সন্ত্রাসের ঘটনা নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। সে মামলাগুলোর সঠিক হিসাব পাওয়া যায়নি।আদালত সূত্র আরও জানায়, ২০০১ সালের ১৪ ডিসেম্বর চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জের জাকির হোসেনের শিশুকন্যা সুরমাকে এসিড নিক্ষেপের ঘটনায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। ২০০৫ সালের ২ আগস্ট বোরহানউদ্দীনের কাচিয়া ইউনিয়নের বোরহানগঞ্জ এলাকার আবু জাহের মুন্সির স্কুলগামী মেয়ে ফাতেমা বেগমকে এসিড নিক্ষেপের অপরাধে আসামির যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা হয়। ২০০৬ সালের ১৫ জুন চরফ্যাশন উপজেলার নুরাবাদ গ্রামের কৃষকদম্পতি হজরত আলী হাজু ও তাঁর স্ত্রী বিলকিস বেগমকে এসিড নিক্ষেপ করার অপরাধে আসামিদের ১০ বছর কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা জরিমানা হয়েছে। ২০০৬ সালের ১৭ নভেম্বর লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামের রোশনাকে এসিড নিক্ষেপের অপরাধে সাত আসামির ১৪ বছর কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা হয়।এসিড-অপরাধ দমন আইন, ২০০২-এর আওতায় মামলাগুলো খারিজ ও অব্যাহতি হওয়ার কারণ হিসেবে ভোলা জজ আদালতে পিপি (পাবলিক প্রসিকিউটর) জুলফিকার আহাম্মেদ প্রথম আলোকে জানান, অধিকাংশ মামলার সাক্ষী পাওয়া যায় না। ভোলা জেলা এসিড মামলা মনিটরিং কমিটির সদস্য ও ব্র্যাকের প্রকল্প কর্মকর্তা পলাশ হালদার জানান, প্রভাবশালীদের হস্তক্ষেপ ও হুমকির ভয়ে বাদী মামলার তদবির করে না। ভোলা কোস্টট্রাস্টের প্রকল্প কর্মকর্তা (এসিড) মোরশেদ শাহনাজ জানান, অধিকাংশ মামলা সাজানো হয় বলে সাক্ষীর অভাব দেখা দেয়। ভোলা জেলা এসিড মামলা মনিটরিং কমিটির সদস্য ও জেলা পুলিশ সুপার এস এন মো. নজরুল ইসলাম জানান, মামলার দীর্ঘসূত্রতার কারণে বাদী ও আসামি সমঝোতায় বসে, ফলে অধিকাংশ মামলা খারিজ, নয়তো অব্যাহতি হচ্ছে।গত বছরের ১৯ ডিসেম্বর এবং এ বছরের ২৫ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কার্যালয়ে এসিড-সন্ত্রাস বন্ধে দুটি মতবিনিময় সভা হয়। এতে ভোলার প্রশাসনের কর্তাব্যক্তি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান, আদালতের মুখ্য বিচারিক হাকিম ও সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। তাঁদের দাবি ছিল একটাই, প্রকৃত এসিড-সন্ত্রাসীকে শাস্তির আওতায় আনা। কারণ, প্রকৃত এসিড নিক্ষেপকারী ও ঘটনার নায়ক সাজা না পেয়ে সাজা পাচ্ছে আরেকটি অসহায় পরিবার। অপরাধী ঘটনার আড়ালে থেকে যাচ্ছে। এটা বন্ধ হওয়া দরকার এবং সে জন্য তদন্তটি শক্তিশালী হওয়া দরকার।