অধিকার আদায়ের নিশ্চয়তা ভারতের কাছেও চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির প্রশংসা করে বলেছেন, মিয়ানমারের কাছ থেকে যেভাবে সমুদ্রসীমা আদায় করা হয়েছে, ভারতের কাছ থেকেও সেভাবে অধিকার আদায়ের নিশ্চয়তা দিতে হবে। এ বিষয়ে সরকারকে আপসহীন ভূমিকা নিতে হবে।আজ মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ভাষণের ওপর আলোচনায় মওদুদ আহমদ এসব কথা বলেন।মওদুদ বলেন, ‘বিএনপি বর্তমান সরকারকে সহযোগিতা করবে। ভারতের সঙ্গে আমরাও বন্ধুত্ব চাই, তবে স্বার্থ বিসর্জন দিয়ে নয়। ভারতের সঙ্গে ৫৪টি অভিন্ন নদীর পানির হিসাবসহ বিদ্যমান অন্য সমস্যাগুলোর সবই অবিলম্বে আন্তর্জাতিক আদালতে পাঠানো উচিত। কারণ ভারত বড় শক্তি। তাদের সঙ্গে আলোচনা করে লাভ নেই।’মওদুদ আহমদ আরও বলেন, পররাষ্ট্রমন্ত্রী সংসদে বলেছেন, সরকার সংবিধান অনুযায়ী কাজ করে চলছে। এ জন্য তিনি সংবিধানের অনেক অনুচ্ছেদের উদ্ধৃতি দিয়েছেন। কিন্তু ১৪৫-ক এর কথা বলেননি। এই অনুচ্ছেদে বিদেশের সঙ্গে সম্পাদিত সব চুক্তি সংসদে উপস্থাপনের কথা বলা আছে। কিন্তু বর্তমান সরকার এখন পর্যন্ত একটি চুক্তি নিয়েও সংসদে আলোচনা করেনি।পত্রপত্রিকার জরিপ অনুযায়ী বর্তমান সরকারের ওপর ৯০ শতাংশ মানুষের আস্থা নেই বলে মওদুদ আহমদ মন্তব্য করেন। তিনি বলেন, ‘মানুষের আস্থা নেই জেনেই আপনারা তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছেন। ১২ মার্চ প্রমাণ হয়েছে, বর্তমান সরকার ফ্যাসিবাদী। সুতরাং আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। বিএনপিও দলীয় সরকারে অধীনে নির্বাচনে যাবে না।’বিএনপির এই নেতা সরকারি দলের উদ্দেশে বলেন, ‘সমঝোতায় আসুন। জেদ ঝেড়ে ফেলুন। রাজনীতিতে এর কোনো স্থান নেই।’ তিনি বলেন, সরকারের কোনো সিদ্ধান্ত বিএনপি বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবে না।মওদুদ বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপি নতুন কোনো ফর্মুলা দেবে না। এর কোনো প্রয়োজন নেই। সুপ্রিম কোর্টের রায় অনুসারে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবি জানিয়েছে। তবে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা কারা হবেন, তা নিয়ে সংসদে আলোচনা হতে পারে।মওদুদ আরও দাবি করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ মার্চ মহাসমাবেশে যে ভাষণ দেন, তা ছিল অসত্য।