অধিকার প্রতিষ্ঠায় নারীদের সরাসরি নির্বাচন করতে হবে: ডেপুটি স্পিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী বলেছেন, যত দিন জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের বিধান থাকবে, তত দিন বাংলাদেশে নারীদের নেতৃত্বের বিকাশ বাধাগ্রস্ত হবে। অধিকার ও শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করতে হলে নারীদের সরাসরি নির্বাচনে অংশ নিতে হবে।আজ বুধবার রাজধানীর এলজিইডি মিলনায়তনে ‘এমপাওয়ারমেন্ট অব উইমেন এমডিজি-৩: প্রোটেকশন অব উইমেন এগেইনস্ট ভায়োলেন্স’ শীর্ষক কর্মশালায় তিনি এ আহ্বান জানান।এডাবের চেয়ারপারসন আবদুল মতিনের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য দেন ভূমি প্রতিমন্ত্রী মো. মোস্তফিজুর রহমান, স্থাপত্য অধিদপ্তরের চিফ আর্কিটেক্ট সেলিনা আফরোজা, এলজিইডির ইউপিপিআরপি প্রকল্পের প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার আলী আহমেদ প্রমুখ।কর্মশালায় ধারণাপত্র উপস্থাপন করেন পার্টিসিপেটরি ডেভেলপমেন্ট একশন প্রোগ্রামের (পিডাপ) নির্বাহী পরিচালক কাজী বেবী।শওকত আলী বলেন, নারীদের সব ক্ষেত্রে বিচরণের সুযোগ দিতে হবে। তবে নারীদের নিজেদের নিজেই প্রস্তুত করে তুলতে হবে। তাঁদের প্রদত্ত সুযোগ তাঁদেরকেই কাজে লাগাতে হবে। তিনি নারীর কল্যাণে জাতীয় সংসদে নতুন নতুন বিল আনতে নারী সাংসদদের প্রতি আহ্বান জানান।ডেপুটি স্পিকার বলেন, আইন প্রণয়নের প্রয়োজন রয়েছে এবং তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আইনের প্রয়োগ। কোনো কোনো ক্ষেত্রে আইনের প্রয়োগ হবে না—এমন বৈষম্য কাম্য নয়। তিনি বলেন, এ বৈষম্য দূর করতে না পারলে আইন প্রণয়নে সফলতা আসবে না। আইন প্রণয়ন ও প্রয়োগের মধ্যে যে সমন্বয়হীনতা রয়েছে, তা দূর করতে হবে।আইন প্রয়োগের চেহারা খুবই করুণ এবং সঠিকভাবে আইনের প্রয়োগ হচ্ছে না উল্লেখ করে ডেপুটি স্পিকার বলেন, যে অপরাধ করেছে, সে শাস্তি পাবে, কিন্তু এ জন্য তার পরিবারের সবাইকে হয়রানি করা কোনোভাবেই কাম্য হতে পারে না।সমাজে বিদ্যমান নারী-পুরুষের বৈষম্য নিরসনে জাতিসংঘ প্রণীত সিডো বাস্তবায়ন আন্দোলনের প্রতি ডেপুটি স্পিকার পূর্ণ সমর্থন জ্ঞাপন করেন। বাসস।