অধিকার সচেতন মানুষই দিনবদলে এগিয়ে যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেনাকাটার জিনিসপত্র ছিল, গান-বাজনার আয়োজনও ছিল মেলায়। তবু এসবই প্রধান নয়। শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালার প্রবেশপথের দুই পাশ হলুদ হয়ে আছে গাঁদা ফুলে। তার ওপরের এক পাশে ছবি, অন্য পাশে ‘সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য। অনুচ্ছেদ ২১(২) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান’ এমন উদ্ধৃতি লেখা ব্যানারের সারি। দেশের মানুষকে সংবিধান যে নাগরিক অধিকার দিয়েছে, সে বিষয়ে সচেতন করতেই দেশে এই প্রথমবারের মতো দুই দিন ধরে আয়োজিত হলো নাগরিক অধিকার মেলা।‘চাই অধিকার, হব দায়িত্বে সচেতন’ প্রতিপাদ্য নিয়ে ব্যতিক্রমী এ মেলার আয়োজন করেছিল নাগরিক অধিকার মেলা আয়োজক কমিটি। মানবাধিকার ও নাগরিক অধিকার নিয়ে কাজ করছে এমন ৫৭টি বেসরকারি সংগঠন তাদের কার্যক্রমের পরিচিতি তুলে ধরে এতে অংশ নেয়।গতকাল শনিবার ছিল মেলার শেষ দিন। সারা দিন অত্যন্ত আগ্রহ নিয়ে উন্নয়নকর্মী, শিক্ষার্থী, সাধারণ নাগরিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ মেলায় এসে নিজেদের অধিকারের বিষয়ে নানা তথ্য যেমন অবগত হয়েছে, তেমনি মঞ্চের বিরতিহীন অনুষ্ঠান উপভোগ ও কেনাকাটায় আনন্দময় সময় পার করেছে।প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ: ‘নিজের অধিকার সম্পর্কে না জানলে পদে পদে ঠকতে হবে। অপদস্ত হতে হবে। নিজের ক্ষমতা ব্যবহার করতে না জানলে অন্যের দুর্নীতির শিকার হতে হবে’—বলছিলেন মেলায় অংশ নেওয়া মানবাধিকার সংগঠন চেঞ্জ মেকারসের সভাপতি তানবীর সিদ্দিকী। তিনি বললেন, ‘সংবিধানের ৭(১) অনুচ্ছেদে পরিষ্কার উল্লেখ আছে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। এখন মালিক যদি তাঁর এই অধিকার সম্পর্কে না জানেন, তবে তাঁর দেওয়া করের অর্থে রাখা সরকারি কর্মচারী তাঁর কাছেই ঘুষ দাবি করতে পারে। দেশের নাগরিক হওয়ার জন্যই সংবিধান যে অধিকার দিয়েছে, তা অনেকেরই অজানা। জনগণকে তাদের সাংবিধানিক অধিকার সম্পর্কে সচেতন করতে কাজ করছি।’মেলার আয়োজক কমিটির আহ্বায়ক ব্র্যাক ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের গবেষক সিমীন মাহমুদ এবং লাপিতা হক প্রথম আলোকে বলেন, ‘সচেতনতা অধিকার পাওয়ার একটি শর্ত। আমাদের যে নাগরিক ও মানবিক অধিকার আছে, সে বিষয়ে সচেতন নই বলে আমরা অনেক অধিকার থেকেই বঞ্চিত। বিষয়টি সামনে আনার পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় যে ছোট ছোট সংগঠন স্থানীয়ভাবে কাজ করছে, তাদের মধ্যে সমন্বয়ের একটি প্রক্রিয়াও এ উদ্যোগের উদ্দেশ্য ছিল। মানুষ মেলায় এসে আনন্দ পায়, তাই এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সংগঠনগুলোর তৈরি পণ্য উপস্থাপনের ব্যবস্থা রাখা হয়েছে। মানুষ যেভাবে সাড়া দিয়েছে, তাতে আমরা সত্যিই অভিভূত।’দুই দিন সময় খুবই কম: দুপুরে মেলায় এসেছিলেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের তথ্যপ্রযুক্তি (আইটি) বিশেষজ্ঞ আবদুল্লাহ রাকীব। একগাদা লিফলেট, পোস্টার, ফোলিও তাঁর হাতে। বললেন, ‘পত্রিকায় খবর দেখে মেলায় এসেছিলাম। এমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যে মেলা হতে পারে, তা ভাবতেই পারিনি। এ ধরনের মেলার মাত্র দুই দিন সময় খুবই কম।’ হাতের কাগজপত্র দেখিয়ে বললেন, ‘সাংবিধানিক অধিকার, প্রজাতন্ত্রের কর্মচারীর দায়িত্ব, আইন এমন অনেক কিছুই জানতাম না। এখানে লিফলেট, পুস্তিকাতে সেগুলো একত্র করে বিভিন্ন সংগঠন বিনা মূল্যে বিতরণ করছে। এগুলো খুবই কাজে লাগবে।’ সন্ধ্যায় কথা হয়, বেস্ট এয়ারের প্রধান জনসংযোগ কর্মকর্তা টিটো সিদ্দিকের সঙ্গে। বললেন, ‘কোন কোন সংগঠন কী ধরনের কাজ করছে, তা জানলাম। ঠিকানা নিয়েছি। কোনো প্রয়োজন হলে তাদের সঙ্গে যোগাযোগ করে সাহায্য নেওয়া যাবে।’ এ রকম জানাশোনার পাশাপাশি পোশাক, কাঠ ও মাটির তৈরি শৌখিন ও হস্তশিল্পসামগ্রীও কেনাকাটা করেছে অনেকে।তারকা হয়ে গেছে রাশেদ: রীতিমতো তারকা হয়ে গেছে লালমনিরহাটের রাশেদ। বয়স আট কি দশ বছর। বিকেলে গেরুয়া বসনে সে মঞ্চে এসেছিল শিশু অধিকার বিষয়ে গান শোনাতে। ‘শোনেন শোনেন দেশবাসী ভাই/শিশু অধিকার বাস্তবায়ন হওয়া চাই’ গানটি এমন করে নেচে নেচে সে গাইল, দর্শক আর তাকে ছাড়বেই না। ‘ওয়ান মোর’ আওয়াজে কান পাতা দায়। ওদিকে মঞ্চে তখন নাটকের সেট সাজানো হয়েছে। কাজেই আপাতত বিরতি দিয়ে নাটকের পর রাশেদের একক পাঁচটি গানের প্রতিশ্রুতি দিতে হলো সঞ্চালককে। তারপর তো অনুষ্ঠান মাতিয়ে দিয়ে রাশেদ রীতিমতো তারকা। আরডিআরএসের গানের দলে এসেছিল রাশেদ। তাকে দেখতে ভিড় আরডিআরএসের স্টলে।সারা দিনই অনুষ্ঠান চলেছে মেলামঞ্চে। নাটক, ঢোলবাদন, আদিবাসী নৃত্য, জারিগান, লোকগান, আধুনিক গান নিয়ে জমজমাট আয়োজন। ‘জীবনের জয়গান গাও রে/দিনবদলের ডাক/শোষণ নিপাত যাক/শোষিতের পতাকা ওড়াও রে’ এমন সুরে সুরে মুখর ছিল মেলার পরিবেশ।মা গেছেন কাজে: সালমার বয়স পাঁচ। সে নিজেরই দেখভাল করতে পারে না ঠিকমতো। অথচ তার কাছেই ছোট ভাই সাত মাসের সজীবের দেখভালের দায়িত্ব দিয়ে মা চলে গেছেন কাজে। ভাই কাঁদছে। কাঁদছে সালমাও। সাভারের এই কর্মজীবী মায়ের দুই সন্তানের ছবি তুলেছে ব্র্যাকের কিশোরী ক্লাবের আলোকচিত্রী। এমন অনেক ছবি আর পোস্টার নিয়ে বিশাল প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল মেলা উপলক্ষে চিত্রশালার গ্যালারিজুড়ে। মেলার দর্শকদের জন্য প্রদর্শনীটি ছিল বাড়তি আকর্ষণ। এখানে দেশের বিভিন্ন উন্নয়ন সংস্থা যেসব কাজ করছে, তার একটি ধারণা পেয়েছে দর্শকেরা ছবি ও গণসচেতনতামূলক পোস্টার থেকে। এখানে উঠে এসেছে নারী ও শিশু অধিকার, এইডসসহ সংক্রামক রোগ প্রতিকার, পরিবেশদূষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব, কর্মসংস্থান, প্রাথমিক স্বাস্থ্য, স্যানিটেশন, নারী ও শিশু পাচার, এসিড-সন্ত্রাস, কৃষিতে উন্নত প্রযুক্তির প্রয়োগ, আত্মকর্মসংস্থান, নেতৃত্ব, ক্ষুদ্রঋণ, টিকাদান, ভোটাধিকার, বিশুদ্ধ পানি—এসব অজস্র বিষয়ের এক বিপুল কর্মযজ্ঞের প্রতিচ্ছবি।মানুষ কিছু জানল, এটাই তৃপ্তি: ‘নিজেদের মধ্যে যোগাযোগ হয়েছে। কে কী ধরনের কাজ করছে, এসব নিয়ে চিন্তাভাবনার বিনিময় হয়েছে। সবচেয়ে তৃপ্তি মেলায় এসে মানুষ কিছু হলেও তাদের অধিকার সম্পর্কে জানতে পেরেছে’ বললেন আওয়াজ ফাউন্ডেশনের সুমী আক্তার। অংশগ্রহণকারীরা প্রায় একই রকম মন্তব্য করেছেন এই আয়োজন নিয়ে। ব্র্যাকের নিরাপদ অভিবাসন প্রকল্পের সাবিনা ইয়াসমিন, শাহাদাত্ হোসেন, সপ্তগ্রাম নারী স্বনির্ভর পরিষদের ফরিদা খাতুন, খুলনার রূপান্তরের হাসান তারেক সবাই বললেন, অনেক রকমের কাজই তাঁরা করেন, তবে এই মেলায় অংশ নিয়ে মানুষকে তাদের অধিকার সম্পর্কে কিছু ধারণা দিতে পেরে খুবই ভালো লেগেছে তাঁদের।সমাপনী অনুষ্ঠানে ছিল আলোচনা। এ সময় বলা হলো, দেশের মানুষ যদি তাদের অধিকার আদায়ের জন্য এগিয়ে না আসে, তবে দেশই বা এগোবে কী করে। এগিয়ে যাওয়া এখন খুবই জরুরি। আর মানুষ এগিয়ে যাবে, সেই প্রত্যাশা নিয়েই শেষ হলো অধিকার সচেতন হওয়ার মেলা।