অধিকারবঞ্চিত এক শিক্ষিকা
ঢাকার কেরানীগঞ্জের ইকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা বঞ্চিত হয়েছেন তাঁর প্রাপ্য অধিকার থেকে। বদলী নীতিমালা অনুযায়ী ওই শিক্ষিকার সব সুযোগ-সুবিধা পাওয়ার কথা থাকলেও তাঁর ভাগ্যে জোটেনি এসব। অভিযোগ পাওয়া গেছে, এই শিক্ষিকাকে বঞ্চিত করে অনিয়মের মাধ্যমে অন্য একজনকে বদলি করে আনা হয়েছে। শাহনাজ পারভীন দীর্ঘদিন ধরে চাকরি করছেন কেরানীগঞ্জের দক্ষিণ পানগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। একই উপজেলাধীন ইকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র অনুপাতে শিক্ষক স্বল্পতার কারণে জনস্বার্থে গত ৪ মে এ বিদ্যালয়ে সংযুক্ত হিসেবে আনা হয় । গত ১৫ অক্টোবর ওই বিদ্যালয়ের সরকারি শিক্ষক ভাগীরথী সাহা অবসরে গেছেন। ফলে এ পদটি শূন্য হয়ে পড়ে। শিক্ষিকা শাহনাজ পারভীন এ পদে স্থায়ী নিয়োগ পাওয়ার জন্য চিঠি মোতাবেক আবেদন করেন। কিন্তু তাঁর এ আবেদন গ্রহণ না করে ও নীতিমালা লঙ্ঘন করে ওই পদে অন্য একজন শিক্ষিকাকে নিয়োগ দেওয়া হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি বিধিমালা ২০০৭-এর ধারা ঞ ও সংশোধনী নীতিমালা অনুযায়ী এ পদে নিয়োগ পাওয়ার অধিকার শিক্ষিকা শাহনাজ পারভীন দাবি করেন। এ বিষয়ে কেরানীগঞ্জ থানা, শিক্ষা অফিসার মাজেদা সুলতান বলেন, তিনি নতুন কাজে যোগদান করেছেন। এ বিষয়ে আগেই সব নথিপত্র প্রস্তুত ছিল। তিনি জানান, এ বিষয়ে যদি শিক্ষিকা শাহনাজ পারভীন তাঁর প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হন, তাহলে বিষয়টি বিবেচনায় আনার জন্য সুপারিশ করবেন। ওই শিক্ষিকার দাবি কতটা আইনসংগত এবং যৌক্তিক, তা তিনি খতিয়ে দেখবেন বলেও জানান। পরবর্তীতে বঞ্চিত শিক্ষিকা জেলা শিক্ষা অফিসারের নিকট আপিল করেছেন।