অধিগ্রহণ করা জমির দাম সরকারি বাজারমূল্যের তিনগুণ করার সুপারিশ
অধিগ্রহণ করা জমির ক্ষতিপূরণের মূল্য সরকারি বাজারমূল্যের তিনগুণ করার সুপারিশ করেছে ভূমি মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি।আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে আজ মঙ্গলবার অনুষ্ঠিত এক বৈঠকে এই সুপারিশ করা হয়।সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিগ্রহণ করা ভূমির ক্ষতিপূরণ মূল্য নির্ধারণের লক্ষ্যে মৌজা অনুযায়ী জমির মূল্য সরকারি বাজারমূল্যের তিনগুণ বেশি নির্ধারণে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়।বৈঠকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের নামে হুকুমদখল করা অব্যবহূত অতিরিক্ত সম্পত্তি জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের আওতায় ফিরিয়ে এনে সেসব সম্পত্তি সরকারি গুরুত্বপূর্ণ কাজে ব্যবহারে মন্ত্রণালয়কে উদ্যোগী হওয়ার সুপারিশ করা হয়। লিজবিহীন চা-বাগানগুলো আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে কেউ লিজ না নিলে তা দেওয়ার ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়। এ ছাড়া অধিগ্রহণ করা জমিগুলোর মধ্যে যেগুলোর গেজেট হয়নি, সেগুলোর গেজেট দ্রুত প্রকাশের সুপারিশ করা হয়।সভায় ভূমিমন্ত্রী মো. রেজাউল করিম হীরা, ভূমি প্রতিমন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান, বেগম রওশন এরশাদ, এ কে এম হাফিজুর রহমান, মো. শাহাব উদ্দিন, মো. আবদুল হাই, মতিউর রহমান, বেনজীর আহমদ ও রণজিত্ কুমার রায় উপস্থিত ছিলেন।প্রকৃত ভূমিহীনদের মধ্যে সরকারের খাসজমি বরাদ্দ দেওয়ার সুবিধার্থে উপজেলায় পর্যায়ে একটি অগ্রাধিকার তালিকা প্রস্তুত করার সুপারিশ করে কমিটি।বৈঠকে জলমহাল নীতিমালায় অন্তর্ভুক্ত পুকুরকে জলমহালের আওতা থেকে বাদ দেওয়ার ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।