অধিগ্রহণের জমি প্লট করে বিক্রি করছে নিবন্ধনহীন প্রতিষ্ঠান!
সাভারের আশুলিয়ায় সরকারের অধিগ্রহণ করা ১৫০ বিঘার বেশি জমি দখল করে বিক্রি করছে একটি আবাসন প্রতিষ্ঠান। রাজউক কর্তৃপক্ষ বলেছে, ‘নোফেল ডিজিটাল সিটি’ নামের ওই প্রতিষ্ঠানটিকে বারবার নির্দেশ দিলেও তারা কাজ বন্ধ করছে না। তারা আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করছে বলেও অভিযোগ উঠেছে। রাজউক বলেছে, ‘নোফেল ডিজিটাল সিটি’র নিবন্ধন নেই। তাদের প্রকল্পটিও অনুমোদিত নয়।উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় সূত্রে জানা যায়, ১৯৭৬ সালে জাতীয় স্মৃতিসৌধ, গলফ্ ক্লাব ও সেনানিবাসসহ বিভিন্ন সরকারি স্থাপনার জন্য ঢাকার জেলা প্রশাসক তৎকালীন সাভার উপজেলায় (বর্তমানে আশুলিয়া থানা) কয়েক শ একর জমি অধিগ্রহণ করেন। এর মধ্যে ছিল গলফ্ ক্লাবসংলগ্ন সেনওয়ালিয়া মৌজার ৫৩ দশমিক ৩৬ একর জমি। ১৯৮২ সালে সেখান থেকে ৪১ দশমিক ৯১ একর জালালাবাদ ব্রিকস অ্যান্ড টাইলস ইন্ডাস্ট্রি লিমিটেডের নামে বরাদ্দ দেওয়া হয়। অনুসন্ধানে জানা গেছে, বছর খানেক আগে একটি প্রভাবশালী মহলের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় জালালাবাদ ব্রিকসের নামে বরাদ্দ দেওয়া জমিসহ অধিগ্রহণ করা ১৫০ বিঘারও বেশি জমি রাতের আঁধারে দখল করে নেয় ‘নোফেল ডিজিটাল সিটি’র মালিক প্রতিষ্ঠান। সেখানে টাঙিয়ে দেওয়া হয় আবাসন প্রকল্পের সাইনবোর্ড। বর্তমানে ওই জমি তিন, চার, পাঁচ ও ছয় কাঠার ২৬৫টি প্লট করে বিক্রি করা হচ্ছে। সর্বনিম্ন ১২ কিস্তিতে পরিশোধের শর্তে প্রতি কাঠা জমির মূল্য ধরা হয়েছে নয় লাখ থেকে ১২ লাখ ৫০ হাজার টাকা। ঢাকা-আরিচা মহাসড়ক থেকে ২০ গজের মতো দূরে সাভার গলফ্ ক্লাবসংলগ্ন এলাকায় নোফেল ডিজিটাল সিটির অবস্থান। এর বিপরীতেই সাভার সেনানিবাসের বীরশ্রেষ্ঠ আবদুর রউফ গেট। কাঁটাতারে ঘেরা প্রকল্প এলাকার এক কোণে কথিত আবাসন প্রকল্পের কার্যালয়। কার্যালয়ের সামনে বিশাল সাইনবোর্ড। প্রকল্প এলাকার বিভিন্ন স্থানে রয়েছে ছোট ছোট নিরাপত্তাচৌকি।স্থানীয় কয়েকজন ব্যক্তি বলেন, প্রকল্প এলাকার ভেতরে থাকা উঁচু উঁচু টিলা গত এক বছরে কেটে সমতল ভূমিতে পরিণত করা হয়েছে। অধিগ্রহণ করা জমি দখলের ব্যাপারে জানতে সাভার উপজেলা কার্যালয়ে গেলে বদলি হয়ে সদ্য যোগ দেওয়া সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুজ্জামান বলেন, কথিত আবাসন প্রকল্প নোফেল ডিজিটাল সিটি জমি দখল করার পর জালালাবাদ ব্রিকস অ্যান্ড টাইলস ইন্ডাস্ট্রি লিমিটেডের নামে গত বছর নভেম্বর মাসে ৩৫ একর (১০৫ বিঘা) জমির মালিকানা দাবি করে নামজারির আবেদন করা হয়। কিন্তু ওই জমি সরকারের অধিগ্রহণকৃত হওয়ায় ও আবাসন প্রকল্পের উপস্থিতি থাকায় আবেদন বাতিল করে দেওয়া হয়। সহকারী কমিশনার প্রথম আলোকে বলেন, আবেদন বাতিলের কারণ অধিগ্রহণ করা ওই জমি ইট ও টাইলস নির্মাণ প্রতিষ্ঠান স্থাপনের জন্য দেওয়া হয়েছিল—আবাসন প্রকল্প বা কারও কাছে হস্তান্তরের জন্য নয়। জালালাবাদ ব্রিকসের সঙ্গে নোফেল সিটির কোনো সম্পর্ক নেই, এ প্রতিবেদকরা এ কথা জানানোর পর কমিশনার সরেজমিন পরিদর্শনে যান। পরিদর্শনের পর তিনি নিশ্চিত করে বলেন, ‘নোফেল অধিগ্রহণ করা জমি দখল করে অবৈধভাবে ব্যবসা করছে। আমরা এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেব।’ এদিকে জালালাবাদ ব্রিকস অ্যান্ড টাইলস ইন্ডাস্ট্রি লিমিটেডের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান চাঁদ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক ইশতিয়াক আহমেদকে তাঁদের নামে করা নামজারির আবেদনের কাগজপত্র দেখানো হলে তিনি বিষয়টিকে জালিয়াতি আখ্যা দেন। প্রথম আলোকে ইশতিয়াক আহমেদ বলেন, ‘জালালাবাদের নাম ব্যবহার করে নামজারির আবেদন নির্ঘাৎ জালিয়াতি। আমাদের পক্ষ থেকে নামজারির আবেদন করা হয়নি। কাগজপত্রে যে ছবিগুলো যুক্ত করা হয়েছে, তারা আমাদের প্রতিষ্ঠানের কেউ নন।’ ইশতিয়াক আহমেদ বলেন, জেলা প্রশাসক কর্তৃক অধিগ্রহণ করা জমি তাদেরকে বরাদ্দ দেওয়ায় আগের সব মালিকানা বিলুপ্ত হয়ে গেছে। একটি মহল ওই জমি দখলের চেষ্টা করলে তাঁরা আদালতে মামলা করেন। আদালত অনধিকার প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। তবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে নোফেল কর্তৃপক্ষ ওই জমি বিক্রি করছেন। ইশতিয়াক আহমেদ বলেন, জালালাবাদ ব্রিকস অ্যান্ড টাইলস ইন্ডাস্ট্রি লিমিটেডের নামে বরাদ্দ দেওয়ার পর প্রতিষ্ঠানটি কিছু জমিতে ইটভাটা ও একটি কারখানা স্থাপন করে। বাকি জমির সিংহভাগ দখলে থাকলেও তারা কোনো কাজে লাগায়নি। ইশতিয়াক অভিযোগ করেন, আশপাশে তাঁর আত্মীয়স্বজনের নামে থাকা বিভিন্ন জমিও দখল করেছে নোফেল কর্তৃপক্ষ।যোগাযোগ করা হলে রাজউকের উপপরিচালক (নগর পরিকল্পনা) আশরাফ আলী আকন্দ প্রথম আলোকে বলেন, ‘আমাদের কাছে নোফেল ডিজিটাল সিটির কোনো নিবন্ধন নেই। প্রকল্পের কাজ করার ব্যাপারে তারা রাজউকের অনুমোদনও নেয়নি। কাজ বন্ধ করতে কয়েকবার লিখিত নির্দেশ দেওয়া হলেও তারা কাজ চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে থানার পুলিশকে অবহিত করা হয়েছে। আমরা কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করব।’ আশুলিয়া থানার পুলিশ বলেছে, তারা জমি দখল করে প্লট করার বিষয়টি জানে না। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম বলেন, ‘অধিগ্রহণ করা জমির দখল নিয়ে কোনো অভিযোগ আমার জানা নেই। জানামতে, রাজউকও এ ব্যাপারে কিছু জানায়নি।...মামলা হলে বলা যেত। তার পরও বিষয়টি দেখা হবে।’ নোফেল ডিজিটাল সিটির ব্যবস্থাপনা পরিচালক আহামদ করিম দাবি করেন, রেকর্ডভুক্ত জমির মালিকদের কাছ থেকে আমমোক্তারনামা নিয়ে তাঁরা ওই জমি প্লট করে বিক্রি করছেন। আবাসন প্রকল্পটির কোনো অনুমোদন আছে কি না, জানতে চাইলে তিনি কৌশলে বিষয়টি এড়িয়ে যান। স্থানীয় ভূমি কার্যালয়ের একাধিক কর্মকর্তা জানান, অধিগ্রহণ করার পর পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ৫৩ দশমিক ৩৬ একর জমি নিয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কোনো তদারকি ছিল না। এই সুযোগে জমির আগের মালিক বা তাঁদের বংশধররা ওই জমি নিজেদের নামে রেকর্ড করে নেন। ওই রেকর্ডের বলেই তাঁরা ওই জমির মালিকানা দাবি করছেন। আর নোফেল নামে কথিত একটি আবাসন প্রকল্প তাদের কাছ থেকে আমমোক্তারনামা নিয়ে জমি বিক্রি করছে। তবে এসব জমি তারা চুক্তিপত্রের মাধ্যমে ক্রেতাদের কাছে হস্তান্তর করলেও রেজিস্ট্রি করে দিতে পারছে না। সাভারের সবুজবাগের আজিজার রহমান প্রথম আলোকে বলেন, ‘আমি প্লট কেনার জন্য গিয়েছিলাম। নোফেল কর্তৃপক্ষ রেজিস্ট্রি করে দিতে অপারগতা প্রকাশ করেন। এ জন্য আমি প্লট না কিনে চলে আসি।’