অধিনায়ক ছাড়াই পাকিস্তান দলের নাম ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধিনায়কের নাম ছাড়াই টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ দলের নাম ঘোষণা করেছে পাকিস্তান। কয়েক দিন আগে বোর্ড কর্তৃক জরিমানা করা শহিদ আফ্রিদি, কামরান আকমল ও উমর আকমল দলে রয়েছেন। আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজে এই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার দেশটির প্রধান ক্রিকেট নির্বাচক মহসিন খান ১৫ সদস্যর এই দলের নাম ঘোষণা করেন। তিনি বলেন, এ মাসের শেষের দিকে ক্রিকেট বোর্ড টি-টোয়েন্টি দলের অধিনায়কের নাম ঘোষণা করবে। আজ বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানায়। সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে দলের খারাপ পারফরম্যান্স ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে সাবেক দুই অধিনায়ক মোহাম্মদ ইউসুফ ও ইউনিস খান অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ এবং শহিদ আফ্রিদি, কামরান আকমল ও উমর আকমলকে জরিমানা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এরপর আজ টি-টোয়েন্টি দল ঘোষণা করা হলো। ইংল্যান্ডে অনুষ্ঠেয় গত বিশ্বকাপের শিরোপা জয়ের পর ইউনিস খান টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলে আফ্রিদি নিয়মিত টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।দলের সদস্যরা হলেন মোহাম্মদ হাফিজ, সালমান বাট, খালিদ লতিফ, মিজবাহ-উল হক, শহিদ আফ্রিদি, ফাওয়াদ আলম, কামরান আকমল, আবদুর রাজ্জাক, ইয়াসির আরাফাত, উমর আকমল, সাইদ আজমল, মুহাম্মদ আসিফ, মুহাম্মদ আমের, উমর গুল ও হাম্মাদ আজম।