অধিনায়ক মানে...
ক্রিকেট দলের অধিনায়কত্বকে ‘মিউজিক্যাল চেয়ার’ খেলা বানিয়ে ফেলার কৃতিত্ব কোন দেশের?উত্তরটা হবে—পাকিস্তান। কখনো কখনো এমনও হয়েছে, পাকিস্তান দলে সাবেক অধিনায়ক হিসাব করার চেয়ে ‘কে কে অধিনায়ক ছিলেন না’ সেটি হিসাব করা ছিল সহজ! গত কিছুদিনে ওয়েস্ট ইন্ডিজ অবশ্য প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে পাকিস্তানের। বাংলাদেশও কি তা-ই হতে যাচ্ছে?টেস্ট ক্রিকেটে এখনো ১১ বছর হয়নি, অধিনায়কের সংখ্যা হয়ে গেছে আট। হাবিবুল বাশারের তিন বছরের রাজত্বকাল বাদ দিলে বাকি আট বছরে সাত অধিনায়ক! এই পরিসংখ্যান তো পাকিস্তানকেও চ্যালেঞ্জ জানানোর মতো!এত দিন দলে তা-ও সাবেক অধিনায়কদের খুব ভিড় ছিল না। এ ক্ষেত্রেও উন্নতি লক্ষণীয়। মাশরাফি বিন মুর্তজা দলে ফিরলে বাংলাদেশ দলে সাবেক অধিনায়কের সংখ্যা হবে তিন।বাংলাদেশের ক্রিকেটে হাজারো সমস্যার ভিড়ে লম্বা সময় কারও অধিনায়কত্ব করতে না পারাটাও একটা সমস্যা। ক্রিকেটে অধিনায়ক অনেক বড় ব্যাপার বলেই সমস্যাটাও অনেক বড়।ক্রিকেট ‘ক্যাপ্টেনস গেম’। অধিনায়কই ক্রিকেট দলের মুখ, অধিনায়কই ক্রিকেট দলের প্রাণ। আর কোনো খেলায় অধিনায়কের এমন বিশাল ভূমিকা নেই। সেটি শুধু মাঠে প্রতি মুহূর্তে সিদ্ধান্ত নিতে হয় বলেই নয়। মাঠে ও মাঠের বাইরে একজন অধিনায়কের ক্রিকেট-দর্শনের ছাপ পড়ে দলে। সেটি হয়ে ওঠে তাঁর দল। এ কারণেই সর্বকালের সেরা টেস্ট দলের কথা উঠলে আমরা দলের আগে বলি অধিনায়কের নাম—ওয়ারউইক আর্মস্ট্রংয়ের অস্ট্রেলিয়া, ডন ব্র্যাডম্যানের অস্ট্রেলিয়া, ক্লাইভ লয়েডের ওয়েস্ট ইন্ডিজ, স্টিভ ওয়াহ ও রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়া...অথচ বাংলাদেশ ক্রিকেট দল কখনোই অধিনায়কের নামে পরিচিতি পায়নি। ‘হাবিবুল বাশারের দল’ কথাটা তা-ও টেনেটুনে বলা যায়। আর কোনো অধিনায়কই দলের মুখ হয়ে উঠতে পারেননি। সাকিব আল হাসান কিছুটা হয়ে উঠছিলেন। তাঁকে থামিয়ে দেওয়া হয়েছে।ক্রিকেট দলের অধিনায়ক মানে কী, সেই উপলব্ধিতেও বোধ হয় আমাদের সমস্যা আছে। এই যে কদিন আগে মাইকেল ক্লার্ক বললেন, শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে উসমান খাজাকে খেলাবেন, না শন মার্শকে—এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন তিনি। বাংলাদেশের কোনো অধিনায়ক যদি এমন কথা বলেন, অনেকেই হারে রে রে করে তেড়ে আসবেন। তুমি খেলানোর কে হে, বাপু? অধিনায়ক হয়েছ তো কী হয়েছে, তোমার এত মাতব্বরি চলবে না, আমরা কি তোমার চেয়ে কম বুঝি!অথচ ক্রিকেটের আদি যুগ থেকে চূড়ান্ত একাদশ নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকারটা অধিনায়কের জন্যই সংরক্ষিত। যুক্তিটা খুব পরিষ্কার। মাঠের পারফরম্যান্সের দায়দায়িত্ব যেহেতু অধিনায়কের, দল খারাপ করলে তাঁকেই দাঁড়াতে হয় কাঠগড়ায়—সহযোদ্ধাদের বেছে নেওয়ার ক্ষমতাও কেন তাঁর থাকবে না?বাংলাদেশের অধিনায়কেরা খুব কমই এই ক্ষমতা বা স্বাধীনতা ভোগ করেছেন। অধিনায়কের চেয়ে কোচই এখানে হয়ে উঠেছেন বড়। অথচ ইয়ান চ্যাপেল সুযোগ পেলেই এখনো বলেন, ‘ক্রিকেটে কোচ বলতে আমি বুঝি, যাতে চড়ে দল মাঠে যায়-আসে।’ ইমরান খানও চিরদিনই ক্রিকেটে কোচ কতটুকু কী করতে পারে, তা নিয়ে সন্দিহান থেকেছেন।ইয়ান চ্যাপেল হয়তো একটু বেশিই চরমপন্থী। আধুনিক ক্রিকেটে কোচের ভূমিকা অবশ্যই আছে। তবে সেটি কখনোই অধিনায়ককে ছাপিয়ে নয়। কোচের কাজ হলো অধিনায়কের ওপর বিষম চাপের একটু ভাগ নেওয়া, অধিনায়ককে সাহায্য করা; তাঁর ওপর ছড়ি ঘোরানো নয়।বাংলাদেশে যে উল্টোটাই হয়ে এসেছে, সেটির দায় কোচদের নয়। বাংলাদেশে এসেই তাঁরা দেখেছেন, ক্রিকেট বোর্ড অধিনায়ককে পাত্তাই দেয় না। পত্রপত্রিকায় অধিনায়কের চেয়ে তাঁর কথা বেশি গুরুত্ব দিয়ে ছাপা হয়। এই সংস্কৃতির কারণেই বাংলাদেশ কখনো সে রকম ডাকাবুকো অধিনায়ক পায়নি।কেউ বলতে পারেন, এটা তো অধিনায়কদের দোষ। আসলে এটি দুষ্টচক্র। এই পরিস্থিতি বদলাতে প্রয়োজন মানসিকভাবে খুব শক্ত, বিতর্ককে পাত্তা না দিয়ে নিজের চিন্তাভাবনায় অবিচল ব্যক্তিত্ববান অধিনায়ক। আবার অধিনায়ককে তাঁর প্রাপ্য সম্মান বা ক্ষমতা না দিলে অমন অধিনায়ক গড়ে ওঠা একদমই সম্ভব নয়। কেউ এই বৃত্ত ভেঙে বেরোনোর চেষ্টা করলে কী পরিণতি হয়, সাকিব আল হাসানই সেটির জাজ্বল্যমান প্রমাণ।সাকিবকে বিতর্কিতভাবে সরিয়ে দেওয়ার প্রতিক্রিয়ায় জেমি সিডন্স খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। সিডন্স কোচ থাকার সময় তিন-তিনজন অধিনায়ক পেয়েছেন। এসে পেলেন মোহাম্মদ আশরাফুলকে। এরপর মাশরাফি ও সাকিব। সেই সিডন্স বলছেন, বাংলাদেশে অধিনায়ককে কখনোই ‘এনাফ সাপোর্ট’ দেওয়া হয় না। ‘এনাফ সাপোর্ট’ কথাটা ইংরেজিতেই রাখলাম। কারণ, বাংলায় ‘যথেষ্ট সহযোগিতা বা সমর্থন’ বলে কথাটা ঠিক বোঝানো যাবে বলে মনে হচ্ছে না।এই ‘সাপোর্ট’-এর অর্থ অধিনায়ককেই ক্রিকেট দলের সর্বেসর্বা বলে মেনে নেওয়া। জাতীয় দলের ব্যাপারে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁর সঙ্গে কথা বলা। তাঁর মতামতকে গুরুত্ব দেওয়া। অধিনায়ককে যদি নতজানু হয়ে থাকতে হয়, অধিনায়কের মতামত যদি গুরুত্ব না পায়, তাহলে দলের ওপর যেমন তাঁর কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় না, তেমনি অধিনায়কেরও আর নেতা হয়ে ওঠা হয় না।অধিনায়ককে সম্মান দিতে হবে। সেটি শুধু কথায় নয়, কাজেও। দল নির্বাচনেই বা কেন ভূমিকা থাকবে না অধিনায়কের? ভোট না-হয় না-ই থাকল, কিন্তু দল নির্বাচনী সভায় অধিনায়ককেও ডাকা উচিত। এতে তাঁদের কর্তৃত্ব কমে যাচ্ছে মনে করার কোনোই কারণ নেই নির্বাচকদের। বরং অধিনায়ক পুরো নির্বাচনী প্রক্রিয়াটার সঙ্গে জড়িত থাকলে নির্বাচকদেরও সুবিধাই হবে। একটা দল নির্বাচনের সময় প্রতিপক্ষ, কন্ডিশন, দলের কম্বিনেশন—অনেক কিছু বিবেচনায় রাখতে হয়। ‘কেন শেষ পর্যন্ত ওকে নেওয়া হলো’, ‘কেন ওকে নেওয়া গেল না’—এটা জানা থাকলে অধিনায়কও নির্বাচকদের নির্বাচিত দলকে নিজের দল বলে ভাববেন। নির্বাচক কমিটি ও অধিনায়কের মধ্যে পারস্পরিক আস্থার একটা সম্পর্কও তৈরি হবে।অধিনায়ক যেন সত্যিকার অর্থেই দলের নেতা হয়ে উঠতে পারেন, এ ব্যাপারে সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে ক্রিকেট বোর্ডকেই। অধিনায়ক বোর্ড ও জাতীয় দলের সেতুবন্ধ। অধিনায়ককে নিজেদের একজন বলেই ভাবতে হবে বোর্ডকে। কোনো বিষয়ে মতবিরোধ থাকতেই পারে, কিন্তু অধিনায়কের যেন কখনোই বোর্ডকে প্রতিপক্ষ বলে মনে না হয়। বাংলাদেশে অবশ্য ঘটনা উল্টো। অধিনায়ক যত-না বোর্ডকে তাঁর প্রতিপক্ষ বলে মনে করেন, কিছুদিনের মধ্যে বোর্ডই অধিনায়ককে প্রতিপক্ষ মনে করতে শুরু করে। বাংলাদেশের সংবাদমাধ্যমও কেন যেন অধিনায়কের সমালোচনায় একটু বেশিই মুখর হয়ে থাকে। কেউ অধিনায়কত্ব পাওয়ার কিছুদিনের মধ্যেই দেখা যায়, সেই বেচারা ভিলেনে পরিণত। সবাই শুধু তাঁর ভুলত্রুটি ধরতে ব্যস্ত।সংবাদমাধ্যম সারা বিশ্বেই অনেকটা একই রকম। তবে অন্য সব দেশে অধিনায়কের আশ্রয় হয়ে থাকে ক্রিকেট বোর্ড। যতক্ষণ তুমি অধিনায়ক, আমরা তোমার পাশে আছি—এই সমর্থনটুকু অকাতরে দিয়ে যায়। অথচ বাংলাদেশে হয় উল্টোটা, বোর্ড কর্তারা সংবাদমাধ্যমের সঙ্গে সুর মিলিয়ে, কখনো বা আরও তারস্বরে অধিনায়কের সমালোচনায় মুখর হয়ে ওঠেন। বেচারা অধিনায়ক হয়ে যান একা!সব সমস্যার সমাধান খোঁজা হয় অধিনায়ককে বরখাস্ত করে। সাড়ম্বরে কাউকে অধিনায়ক বানিয়ে তাঁকে সরিয়ে দেওয়ার সময় ফোনে এটা জানানোর সৌজন্যটুকুও দেখানো হয় না। যেন তিনি বিরাট কোনো অপরাধ করে ফেলেছেন। অথচ অধিনায়ক যদি ব্যর্থ হন, সেটি আসলে বোর্ডেরও ব্যর্থতা। অধিনায়ক তো বোর্ডই নির্বাচন করে। অধিনায়ককে সরিয়ে দেওয়া মানে সেই নির্বাচনই যে ভুল ছিল, সেটি স্বীকার করে নেওয়া।বাংলাদেশের ক্রিকেট ইতিহাস এমন অনেক ভুলে ভরা। সবচেয়ে বড় ভুলটার কথা বলি। ২০০৭ বিশ্বকাপে বাংলাদেশ এত ভালো করল। তরুণ একটা দল আরও পরিণত হওয়ার অপেক্ষায়। অথচ দলটাকে এক সুতোয় গাঁথার কারিগর হাবিবুল বাশারকে সরিয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়লেন সবাই। বাংলাদেশ দলের দেশে ফেরা পর্যন্ত অপেক্ষা করতেও তর সয়নি ক্রিকেট বোর্ডের। দল বারবাডোজে থাকতেই হাবিবুল বাশারকে ফোন করে দেশে ফিরে পদত্যাগ করার তাগিদ দিয়েছিলেন ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা। সাকিবকে সরিয়ে দেশের ক্রিকেটকে ‘সর্বনাশের হাত থেকে রক্ষা করায়’ও যিনি বড় ভূমিকা রেখেছেন।হাবিবুল বাশারকে সরিয়ে অধিনায়ক করা হলো মোহাম্মদ আশরাফুলকে। অথচ আশরাফুলকে সেভাবে অধিনায়ক হিসেবে গড়ে তোলার চেষ্টাই হয়নি কখনো। বয়সভিত্তিক কোনো জাতীয় দলের অধিনায়কত্ব করেননি, জাতীয় দলের সহ-অধিনায়কও ছিলেন না কখনো। উচিত ছিল, হাবিবুলকে আরও বছর খানেক শান্তিতে খেলতে দিয়ে আশরাফুলকে সহ-অধিনায়ক বানিয়ে তাঁকে নেতৃত্ব দিতে প্রস্তুত করে তোলা।আমরা যে বড় অধৈর্য। কোনো কিছু করে ফেলার আগে পূর্বাপর ভেবে সময় ‘নষ্ট’ করতেও রাজি নই। এ কারণেই ১১ বছরে আট অধিনায়ক! মুশফিকুর রহিমের গল্পটা কি ব্যতিক্রমী হবে, নাকি পুরোনো কাহিনিতেই সংযোজিত হবে একই রকম আরেকটি অধ্যায়?আগের জননাঈমুর রহমানবাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক। অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়ে শুরু করলেও এর পর এই পারফরম্যান্সের কাছাকাছিও কিছু করতে পারেননি। দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে অধিনায়কত্বের সঙ্গে দলে জায়গাও হারান।অধিনায়কত্বের রেকর্ড ম্যাচ জয় হার ড্র/বাতিল সাফল্য (%)টেস্ট ৭ ০ ৬ ১/০ ০ওয়ানডে ৪ ০ ৪ ০/০ ০খালেদ মাসুদনিউজিল্যান্ড সফরে অধিনায়ক হিসেবে অভিষেক। দক্ষিণ আফ্রিকায় ২০০৩ বিশ্বকাপে যাওয়ার আগেই টুর্নামেন্ট শেষে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। কানাডা ও কেনিয়ার কাছেও হেরে দুঃস্বপ্নে পরিণত বিশ্বকাপ শেষে হয়তো বরখাস্তই হতেন। আগেই পদত্যাগপত্র দিয়ে দেন।অধিনায়কত্বের রেকর্ড ম্যাচ জয় হার ড্র/বাতিল সাফল্য (%)টেস্ট ১২ ০ ১২ ০/০ ০ওয়ানডে ৩০ ৪ ২৪ ০/২ ১৩.৩৩খালেদ মাহমুদটেস্ট দলে জায়গা নিয়ে প্রশ্ন থাকলেও ২০০৩ বিশ্বকাপ বিপর্যয়ে বিধ্বস্ত দলকে জাগিয়ে তোলার দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁকে। সে কাজটা ভালোই করেছিলেন। কিন্তু ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে সব সময়ই প্রশ্ন থাকায় মাত্র ১০ মাস পরই অধিনায়কত্ব হারান, বাদ পড়েন টেস্ট দল থেকেও।অধিনায়কত্বের রেকর্ড ম্যাচ জয় হার ড্র/বাতিল সাফল্য (%)টেস্ট ৯ ০ ৯ ০/০ ০ওয়ানডে ১৫ ০ ১৫ ০/০ ০হাবিবুল বাশারঘরোয়া ক্রিকেটেও অধিনায়ক হিসেবে তেমন পরিচিতি না থাকার পরও দায়িত্ব পেয়েছিলেন পারফরম্যান্সের পুরস্কার হিসেবে। বাংলাদেশ বড় জয় পেতে শুরু করে তাঁর সময়েই। ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের জন্য স্মরণীয় এক বিশ্বকাপে ব্যাটে রান-খরা ওয়ানডে দলে তাঁর জায়গা নিয়ে প্রশ্ন তুলে দেয়। দেশে ফিরে ভারতের বিপক্ষে সিরিজ শেষে শুধু ওয়ানডে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেও অধিনায়কত্ব হারান টেস্ট দলেরও।অধিনায়কত্বের রেকর্ড ম্যাচ জয় হার ড্র/বাতিল সাফল্য (%)টেস্ট ১৮ ১ ১৩ ৪/০ ৫.৫৬ওয়ানডে ৬৯ ২৯ ৪০ ০/০ ৪২.০৩মোহাম্মদ আশরাফুলবয়সভিত্তিক কোনো জাতীয় দলের অধিনায়কত্ব করেননি, জাতীয় দলের সহ-অধিনায়কও ছিলেন না কখনো। তার পরও দলের সেরা ব্যাটসম্যান বলে দায়িত্ব দেওয়া হয়েছিল। আইসিএল-ধাক্কায় আরও অনভিজ্ঞ হয়ে পড়া দল নিয়েও নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে জিতিয়েছেন। এই দুই প্রতিপক্ষের বিপক্ষে টেস্টে বলার মতো পারফরম্যান্সের পরও টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে পরাজয়ের বলি হতে হয়েছে তাঁকে।অধিনায়কত্বের রেকর্ড ম্যাচ জয় হার ড্র/বাতিল সাফল্য (%)টেস্ট ১৩ ০ ১২ ১/০ ০ওয়ানডে ৩৮ ৮ ৩০ ০/০ ২১.০৫টি-টোয়েন্টি ১১ ২ ৯ ০/০ ১৮.১৯মাশরাফি বিন মুর্তজাঅধিনায়কত্বের গল্পটা আক্ষেপে ভরা। নিত্যসঙ্গী চোট সেভাবে অধিনাযকত্বই করতে দেয়নি। এক টেস্টে এক জয়ের রেকর্ডটিও যেমন ভুল বোঝায়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ইনজুরিতে পড়েই দর্শক। গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও তা-ই। এরপর ইংল্যান্ড সফরে ওয়ানডে সিরিজে নেতৃত্ব দিলেও আবার বাইরে ছিটকে দেয় ইনজুরি।অধিনায়কত্বের রেকর্ড ম্যাচ জয় হার ড্র/বাতিল সাফল্য (%)টেস্ট ১ ১ ০ ০/০ ১০০ওয়ানডে ৭ ৩ ৪ ০/০ ৪২.৮৬সাকিব আল হাসানবিতর্কিতভাবে বরখাস্ত হওয়ার আগেই পরিণত হয়েছেন বাংলাদেশের সফলতম অধিনায়কে। রেকর্ড বলবে, টেস্টে একটি জয়। আসলে ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি টেস্ট জয়েই নেতৃত্ব দিয়েছেন তিনি। ওয়ানডেতেও সাফল্যের হার সবচেয়ে বেশি। অধিনায়কত্ব তাঁর ব্যক্তিগত পারফরম্যান্সে কোনো প্রভাব ফেলতে পারেনি। বরং ব্যাটে-বলে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন এই অলরাউন্ডার।অধিনায়কত্বের রেকর্ড ম্যাচ জয় হার ড্র/বাতিল সাফল্য (%)টেস্ট ৯ ১ ৮ ০/০ ১১.১১ওয়ানডে ৪৭ ২২ ২৫ ০/০ ৪৬.৮১টি-টোয়েন্টি ৪ ০ ৪ ০/০ ০অধিনায়কদের টুকিটাকি বাংলাদেশকে সবচেয়ে বেশি, ৮৭টি আন্তর্জাতিক ম্যাচে নেতৃত্ব দিয়েছেন হাবিবুল বাশার (১৮ টেস্ট ও ৬৯ ওয়ানডে)। দ্বিতীয় সর্বোচ্চ মোহাম্মদ আশরাফুল, ৬২ ম্যাচে (১৩ টেস্ট, ৩৮ ওয়ানডে ও ১১ টি-টোয়েন্টি)।ক্যারিয়ারের ১২ টেস্টের ৯টিতেই নেতৃত্ব দিয়েছেন খালেদ মাহমুদ, ৮ টেস্টের ৭টিতে নাঈমুর রহমান। অধিনায়ক হিসেবে টেস্টে সবচেয়ে বেশি রান হাবিবুল বাশারের—১৮ টেস্টে ১০৪৪। মাত্র ৯ টেস্টেই দ্বিতীয় সর্বোচ্চ সাকিব আল হাসানের ৬৫০। অধিনায়ক হিসেবে সেরা ব্যাটিং গড়ও সাকিবের—৩৮.২৩। অধিনায়ক হাবিবুলের গড় ২৯.৮২। বাংলাদেশের দুজন অধিনায়কের আছে শতভাগ সাফল্য! ১টি টেস্টে নেতৃত্ব দিয়েই জিতেছেন মাশরাফি বিন মুর্তজা, যদিও চোটের কারণে দ্বিতীয় দিনেই মাঠ ছেড়েছিলেন তিনি, নেতৃত্ব দিয়েছিলেন সাকিব। বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টিতে অধিনায়ক ছিলেন শাহরিয়ার নাফীস, জিম্বাবুয়ের বিপক্ষে ৪৩ রানে জিতেছিল বাংলাদেশ। টেস্টে শতভাগ হারার গ্লানি খালেদ মাসুদ (১২ টেস্ট) ও খালেদ মাহমুদের (৯ টেস্ট)। টেস্ট যুগে ওয়ানডেতে শতভাগ হারার রেকর্ড খালেদ মাহমুদ (১৫ ম্যাচ), নাঈমুর রহমান (৪ ম্যাচ) ও রাজিন সালেহর (২ ম্যাচ)। ওয়ানডে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রান সাকিব আল হাসানের—৪৭ ম্যাচে ১৪৭৯। ২২ ম্যাচ বেশি খেলেও হাবিবুলের রান ১৩৯২। অধিনায়ক হিসেবে সেরা ব্যাটিং গড়ও সাকিবেরই, ৩৬.৯৭। ৩০-এর বেশি গড় নেই আর কোনো অধিনায়কের। অধিনায়কের মধ্যে নিয়মিত বোলিং করেছেন নাঈমুর রহমান, খালেদ মাহমুদ, মাশরাফি মুর্তজা ও সাকিব আল হাসান। ৯ টেস্টে সর্বোচ্চ ৩৯ উইকেট সাকিবের, সমান টেস্টে মাহমুদের উইকেট মাত্র ১২টি। ৭ টেস্টে নাঈমুরের ১১টি। অধিনায়কের ভূমিকায় প্রথম টেস্ট সেঞ্চুরি হাবিবুল বাশারের (২০০৪ সালে সেন্ট লুসিয়ায় ১১৩)। দুটি সেঞ্চুরি আছে কেবল মোহাম্মদ আশরাফুলের। ওয়ানডে অধিনায়কদের মধ্যেও প্রথম সেঞ্চুরি আশরাফুলের, ২০০৮ এশিয়া কাপে আরব আমিরাতের বিপক্ষে। অধিনায়কের ভূমিকায় সবচেয়ে বেশি ওয়ানডে সেঞ্চুরি সাকিব আল হাসানের, ৩টি। অধিনায়ক হিসেবে টেস্টে প্রথম ৫ উইকেট নাঈমুর রহমানের, বাংলাদেশের অভিষেক টেস্টেই (৬/১৩২)। সবচেয়ে বেশি ইনিংসে ৫ উইকেট সাকিবের, ৩ বার। ওয়ানডেতে অধিনায়ক হিসেবে ৫ উইকেট নেই কারও, সেরা সাকিবের ৪/৩৩।