অধিনায়ক সাকিবকে সেলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্টেডিয়াম থেকে বেরিয়ে দেখছি হাজার হাজার মানুষ উল্লাস করছে। এতক্ষণ যে স্নায়ুচাপের মধ্যে ছিলাম, এখন মনে হচ্ছে ভারমুক্ত। উফ্, হাঁফ ছেড়ে বাঁচলাম! কী টেনশনেই না কাটল! বাংলাদেশ অনেক ম্যাচ এর আগে জিতেছে। কিন্তু কাল আয়ারল্যান্ডের বিপক্ষে জয়টার মাহাত্ম্য আলাদা। এই ম্যাচ হারলে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন ফিকে হয়ে যেত। তা শেষ পর্যন্ত হয়নি। সাদা চোখে হয়তো বাংলাদেশ দলের কথাই বলতে হবে। কিন্তু একটি নাম শুরুতেই বলতে হচ্ছে—সাকিব আল হাসান। অধিনায়ক সাকিবকে প্রশংসা করব কীভাবে ভেবে পাচ্ছি না। কোনো শব্দই যথেষ্ট নয় ওর জন্য। ওকে তো অনেক দিন দেখছি। আমার দেখা ওর নিজের সেরা অধিনায়কত্ব করল কাল। ওর অসাধারণ অধিনায়কত্বই আমাদের জন্য বাড়তি শক্তি হয়ে ছিল। অভিনন্দন সাকিব!প্রথম ১০ ওভারে ও নাঈম আর আশরাফুলকে আনল। কত বড় ঝুঁকি। কিন্তু আশরাফুল ঠিকই ব্রেক থ্রু দিয়ে গেল। সাকিবের নিজের ওভার বাকি ছিল ২টি। ভাবুন, কতবড় বিচক্ষণতার পরিচয়। ৮ ওভারে ২৮ রান দিয়েও নিজের কোটা পূরণ করেনি। শফিউলকে যেভাবে ব্যবহার করল, দারুণ! শফিউলও আস্থার মূল্য দিয়েছে। ওর ওই বোলিং বাংলাদেশ দলকে জয়ের বন্দরে নিয়ে যেতে অনেক সাহায্য করেছে। শফিউলকে বলব, দারুণ করেছ তুমি। এভাবে চালিয়ে যাও। নাঈমের জন্যও বাড়তি প্রশংসা বরাদ্দ রাখছি। শেষ দিকে পরিস্থিতির দাবি বুঝে ব্যাট করেছে সে। ওর ২৯-ই অনেক ‘বড়’ স্কোর হয়ে গেল। ওই সময় নাঈম ওভাবে ব্যাট না করলে আমরা ২০০ পার হই না এবং ম্যাচটা আয়ারল্যান্ডের হাতে চলে যেতে পারত প্রথম ইনিংসেই। তামিমের কথা বলব না তা হয় নাকি? তামিম যেভাবে নিয়াল ও’ব্রায়েনের ক্যাচ নিল, বাড়তি প্রশংসা তাঁর পাওয়া উচিত। এর সঙ্গে তো ছিলই তাঁর দুর্দান্ত ব্যাটিং।যা-ই হোক, আমরা জিতলাম ঠিক আছে। আমরা খুব খুশি। কিন্তু আমাদের ব্যাটিংটা ভাবনার খোরাক রেখেছে এই ম্যাচে। ব্যাটিংটা প্রত্যাশামতো হয়নি। প্রথম ১০ ওভার বাদ দিয়ে খুবই টেনশনে ছিলাম। দুই শ হওয়ার পর মানসিকভাবে অনেকটা ভরসা পাই। ১৯৯ ও ২০০-এর মধ্যে পার্থক্য আছে। ১৯৯ হলে মনে হয় এক শর ঘরেই রান, ২০০ পেরোনো মানেই প্রতিপক্ষ চিন্তায় পড়ে। ব্যাটিংটা আমাদের প্রত্যাশা অনুযায়ী না হওয়ার কারণ আছে। উইকেট স্লো ছিল, কিন্তু আমরা এর সঙ্গে মানিয়ে নিয়ে ব্যাট করতে পারিনি।ব্যাটিং নিয়ে অনেক গবেষণা নিশ্চয়ই হবে। তবে ও’ব্রায়েন ভাইয়েরা যখন ব্যাট করছিল, মনে হচ্ছিল, ম্যাচটা না ওরা নিয়ে যায়! নিয়মিত বিরতিতে আমরা উইকেট পাওয়ায় আত্মবিশ্বাসী ছিলাম বটে, কিন্তু একটা সময় তো টেনশন হচ্ছিল খুব। শেষ পর্যন্ত জিতলাম আমরা। এটাই শেষ কথা, এই মুহূর্তে বলব, জয়ের ধারাটা আমাদের ধরে রাখা চাই।