অধিনায়কেরা চান ভালো ক্রিকেট
রিকি পন্টিংই অধিনায়ক। না, অস্ট্রেলিয়া দলের কথা হচ্ছে না। পন্টিং কাল যেন এই বিশ্বকাপের অলিখিত অধিনায়ক হয়ে গেলেন হোটেল শেরাটনের ১৪ অধিনায়কের সংবাদ সম্মেলনেও। অবশ্য অধিনায়ক ছিলেন ১৩ জন, চোটের কারণে হল্যান্ড অধিনায়ক পিটার বোরেন আসতে না পারায় এসেছিলেন অভিজ্ঞ বাস জুইডারেন্ট।তবে অধিনায়কের প্রতিনিধি যখন, কালকের মঞ্চে তো জুইডারেন্টও অধিনায়ক! আলোকোজ্জ্বল মঞ্চে দুই সারিতে সাত-সাত চৌদ্দ অধিনায়ক। মধ্যমণি হয়ে পন্টিং। সংবাদ সম্মেলনের সহ-অধিনায়ক? পন্টিংয়ের পাশে বসে মিটিমিটি হাসা সাকিব আল হাসানই কি?টানা তিনবারের বিশ্বকাপজয়ী দল। সব মিলে চারবারের চ্যাম্পিয়ন। অস্ট্রেলিয়াকে ঘিরে সবচেয়ে আগ্রহ থাকাই স্বাভাবিক। গত দুবার অধিনায়ক হিসেবে ১১ কেজি, গৌরবের দিক দিয়ে আরও অনেক গুণ বেশি ওজনের ট্রফিটা তিনিই তুলেছেন হাতে। গতকাল সংবাদ সম্মেলনে সবচেয়ে প্রশ্নের মুখোমুখিও হলেন পন্টিংই।পন্টিংই প্রথম স্বাগত বক্তব্য দিলেন। টি-টোয়েন্টির দাপটে ওয়ানডে ক্রিকেট তার আকর্ষণ হারাচ্ছে কি না, এমন একটা প্রশ্ন যখন সামনে এসে দাঁড়িয়েছে, সেই সময় এই বিশ্বকাপ। পন্টিং হয়তো সেটা মনে রেখেই প্রতিশ্রুতি দিলেন, ‘বিশ্বকাপ ৫০ ওভারের ক্রিকেটের শীর্ষ টুর্নামেন্ট। আমরা সবাই চেষ্টা করব আকর্ষণীয় একটা টুর্নামেন্ট উপহার দিতে।’এই উপমহাদেশে ক্রিকেট নিয়ে মানুষের উন্মাদনা, ভালোবাসার কারণে এখানে আসতে তাঁর সব সময়ই ভালো লাগে। সেটি জানাতেও ভুললেন না অস্ট্রেলীয় অধিনায়ক।পন্টিংয়ের পর তিন আয়োজক দেশের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দিলেন পন্টিংয়ের ঠিক পেছনে বসা মহেন্দ্র সিং ধোনি। ‘গৃহকর্তা’ ধোনি যেন পন্টিংয়ের কথার সূত্র ধরেই বললেন, ‘এই উপমহাদেশে ক্রিকেট যেন মানুষের আরাধনা। আশা করব, সবাই এখানকার আতিথেয়তা উপভোগ করবে।’দুই ফেবারিট দলের দুই দলনেতার বক্তব্যের পরই শুরু হলো সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তরের পালা।অস্ট্রেলিয়া এবারও সবাইকে দর্শক বানিয়ে শিরোপাটা জিতবে কি না, এটি যেন পুরো টুর্নামেন্টেরই ‘অফিশিয়াল’ প্রশ্ন। অস্ট্রেলিয়া দলের সাম্প্রতিক নড়বড়ে চেহারা, দুটো প্রস্তুতি ম্যাচে হেরে যাওয়া—উঠে এল এসব প্রসঙ্গও। গত দুই বিশ্বকাপে একটি ম্যাচও না হেরে শিরোপা জেতা পন্টিং মানলেন, এবারের লড়াইটা অনেক বেশি উন্মুক্ত। তবে নিজেদের শিরোপার দাবিটাও যে অস্ট্রেলিয়া উচ্চকণ্ঠেই জানাবে, মনে করিয়ে দিলেন সেটাও, ‘আসলে এখানকার কন্ডিশন একেবারেই আলাদা। মাত্র দুদিন হলো আমরা এখানে এসেছি। ফলে প্রস্তুতি ম্যাচ দুটোতে ভালো খেলতে পারিনি। তা ছাড়া ওই দুই ম্যাচে ভারত-দক্ষিণ আফ্রিকা অনেক ভালো খেলেছে। তার পরও আমরা প্রস্তুতি ম্যাচ থেকে ইতিবাচক অনেক কিছু খুঁজে নিচ্ছি। উপমহাদেশে আমাদের ওয়ানডে রেকর্ডও কিন্তু ভালো।’পন্টিং যেন মনে করিয়ে দিতে চাইলেন, এ অঞ্চলে আইসিসির সর্বশেষ টুর্নামেন্ট চ্যাম্পিয়নস ট্রফি তাঁরা জিতে নিয়েছিলেন ২০০৬ সালে। কিন্তু অস্ট্রেলিয়ার এই দলে অনেক ওলটপালট।গত দুটি বিশ্বকাপে অস্ট্রেলিয়া যেমন বাকি দলগুলোর চেয়ে অনেক এগিয়ে থেকে শুরু করেছিল, এবার তো ঘটনা তা নয়। এবার পন্টিংয়ের জবাব, ‘আমাদের এই দলে অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেল আছে। ম্যাকগ্রা-ওয়ার্ন-গিলক্রিস্টরা হয়তো নেই। তবে অনেকেই আছে যারা ৫০-৬০টি করে ওয়ানডে খেলেছে। ওদের মধ্যে অনেকে ওয়ানডেতে ভালো খেলোয়াড় হিসেবে প্রমাণ করেছে নিজেদের। আর এই দলটাই কিন্তু আমাদের ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক নম্বরে তুলেছে।’‘সহ-অধিনায়ক’ সাকিবের পালাও এল একসময়। কেউ একজন, ভারতীয় এক সাংবাদিকই বোধহয় জানতে চাইলেন, প্রথম ম্যাচে আবারও ভারতের বিপক্ষে পুরো দেশ জয় প্রত্যাশা করছে। এটা সাকিবদের জন্য চাপ কি না।অকপট সাকিব তাঁর মতো করেই ‘স্লগ সুইপ’ করলেন প্রশ্নটাকে, ‘দেখুন, আমরা শুধু প্রথম ম্যাচ নয়, পুরো টুর্নামেন্ট নিয়েই ভাবছি। সব ম্যাচেই ভালো খেলতে চাই।’পন্টিংকেন্দ্রিক প্রশ্নের ভিড়ে দুই সহ-আয়োজক দেশের অধিনায়ক কুমার সাঙ্গাকারা আর শহীদ আফ্রিদির পালা এল অনেক পরে। সাঙ্গাকারাও অনেকটা গৃহকর্তার ভূমিকায় দেখা দিলেন, ‘দেশের মাটিতে বিশ্বকাপ খেলা আমাদের জন্য অনেক বড় ব্যাপার। উপমহাদেশের মানুষ ক্রিকেটকে প্রচণ্ড ভালোবাসে। আশা করি সবাই উপভোগ করবে।’সর্বশেষ এখানে যেবার বিশ্বকাপ হলো, শ্রীলঙ্কাই চ্যাম্পিয়ন হয়েছিল। এবারও কি...? সাঙ্গাকারার আশাবাদী উত্তর, ‘এবার ফরম্যাটটাই এমন যে কোয়ার্টার ফাইনাল উঠে গেলে দুটি ম্যাচ ভালো খেললেই বিশ্বকাপ ফাইনাল। গ্রুপ পর্বে কে কেমন খেলল না খেলল সেটা তাই শেষ পর্যন্ত গৌণ। কোয়ার্টার ফাইনাল থেকেই আসল লড়াই।’আয়োজক হয়েও পাকিস্তান আয়োজক নয়। আফ্রিদিরা তাই চাইলেও সাঙ্গাকারার মতো বলতে পারছেন না, ‘নিজ দেশে খেলতে পারা...।’ তবে পাকিস্তান অধিনায়ক নিজের দেশে খেলাটা মিস করছেন জানিয়ে দিলেন দারুণ জবাব, ‘উপমহাদেশের যেকোনো জায়গায় খেলার সময় মনে হয়, আমরা নিজের দেশেই খেলছি।’নিজের দেশের খেলার যন্ত্রণাও তো আছে। কোটি কোটি মানুষের প্রত্যাশার চাপ এখানে হবে নিত্যসঙ্গী। গত বিশ্বকাপের অভিজ্ঞতা যেমন ভারতের জন্য সুখকর ছিল না মোটেও। ‘ক্যাপ্টেন কুল’ ধোনির সরল দর্শন, ‘ভারতীয় ক্রিকেটের এটাই রীতি। আমরা এটাকে বাস্তবতা হিসেবেই নিয়েছি। আমরা এখন এটার সঙ্গে অভ্যস্ত। জানি, জিতলে সবাই মাথায় তুলে নাচবে। হেরে গেলে শুরু হবে মুণ্ডপাত।’অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে সিরিজের অভিজ্ঞতাটুকু মুছে ফেললে, এবার শিরোপার অন্যতম দাবিদার ইংল্যান্ডও। গত বছর তারা টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছে। যদিও পরশু ফতুল্লায় কানাডা ঘামই ছুটিয়ে দিয়েছিল ইংল্যান্ডের। উদ্বিগ্ন ইংলিশ সাংবাদিকদের অ্যান্ড্রু স্ট্রাউস আশ্বাসবাণী দিলেন পন্টিংয়ের কথা ধার করে, ‘এখানকার কন্ডিশন অস্ট্রেলিয়ার চেয়ে একেবারেই আলাদা। আমরাও মাত্র কদিন হলো এখানে এসেছি।’এবারের সূচি নিয়েও অনেকের মনে প্রশ্ন আছে। প্রতিটি ম্যাচের মাঝখানে লম্বা বিরতি। এটার বিপক্ষে অনেকেই। ধোনি অবশ্য এই সূচির পক্ষেই, ‘এই বিরতি পেয়ে বরং ভালোই হয়েছে। দলে ছোটখাটো কোনো চোট থাকলে এর মধ্যে সেরে ওঠার সুযোগ থাকছে। ফলে প্রতি ম্যাচেই আমরা সেরা একাদশ নামাতে পারব।’সংবাদ সম্মেলনে মূলত কথা বললেন সাতজন। বাকি সাত অধিনায়ককে থাকতে হলো দর্শকদের ভূমিকায়। তিন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা দলগুলোর অধিনায়কেরা শুধু উদ্বোধনী অনুষ্ঠানের জন্যই একটা বেলা বের করে একসঙ্গে হয়েছেন। ১৪ অধিনায়কের সংবাদ সম্মেলন তাই ১৪ মিনিটও স্থায়ী হলো না। তবে কথা বলতে পারেননি বলে ড্যানিয়েল ভেট্টোরি, ড্যারেন স্যামি, এলটন চিগুমু্বরারা নিশ্চয়ই মন খারাপ করেননি। আসল কথা বলার জন্য পুরো মাঠই তো পড়ে রইল তাঁদের জন্য!