অধিবেশনের মেয়াদ বাড়ল, বিরোধী দল যোগ দিতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনকালীন সরকারব্যবস্থা নিয়ে আলোচনার পথ খুঁজছে সরকার ও বিরোধী দল। উভয় দলের নীতিনির্ধারকেরা আলোচনার মাধ্যমেই সমস্যা সমাধানে আগ্রহী। এ ক্ষেত্রে ঢাকায় নিযুক্ত প্রভাবশালী দেশের প্রতিনিধিরা নেপথ্যে ভূমিকা রাখছেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।বিরোধী দলের সূত্র জানায়, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনের দাবি নিয়ে বিএনপি সংসদের চলতি অধিবেশনে যোগ দিতে চায়। এ ব্যাপারে তারা সুনির্দিষ্ট প্রস্তাব দিতে পারে। এই অধিবেশনের মেয়াদ বাড়ানো হলে দলটি সংসদে যাওয়ার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেবে।বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা জানান, চলতি অধিবেশনে যোগ দেওয়ার ব্যাপারে তাঁদের সিদ্ধান্ত রয়েছে। কিন্তু ১২ মার্চ মহাসমাবেশের কারণে তাঁদের দল ব্যস্ত সময় কাটাচ্ছে। তাই অধিবেশন ১২ মার্চের পরও চললে বিএনপি তাতে যোগ দেবে।সরকারের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সংসদের চলতি অধিবেশন গতকাল পর্যন্ত চলার কথা ছিল। বিরোধী দল সংসদে যোগ দেওয়ার আভাস দেওয়ায় অধিবেশনের মেয়াদ বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। তাই ১২ মার্চের পরও অধিবেশন চলবে। এ ক্ষেত্রে ১৩ মার্চ পর্যন্ত অধিবেশন চালানোর ব্যাপারে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত সিদ্ধান্ত আছে। তবে দায়িত্বশীল ব্যক্তিরা আগামী সপ্তাহ পুরোটা চালিয়ে সংসদ অধিবেশন ১৫ দিনের বিরতি দিয়ে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত চালানোর কথাও বলছেন। তাহলে জুনে বাজেট অধিবেশন ডাকলেই চলবে। আর ১৫ মার্চ পর্যন্ত অধিবেশন চালানো হলে মে মাসে আরেকবার এক সপ্তাহের জন্য অধিবেশন ডাকতে হবে।এ ব্যাপারে জানতে চাইলে সরকারের একজন প্রভাবশালী নীতিনির্ধারক প্রথম আলোকে বলেন, নির্বাচন নিয়ে সমঝোতায় আসতেই হবে। এ ক্ষেত্রে আলোচনার কোনো বিকল্প নেই।বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ প্রথম আলোকে বলেন, চলতি অধিবেশনে যোগ দেওয়ার ব্যাপারে তাঁদের সিদ্ধান্ত আছে। কিন্তু ১২ মার্চের মহাসমাবেশের কারণে এর মধ্যে যোগ দেওয়া সম্ভব ছিল না। অধিবেশনের মেয়াদ বাড়লে বিএনপির যোগ দেওয়ার সম্ভাবনা আছে।বিএনপির নীতিনির্ধারকেরা জানান, সংসদে নির্দলীয় সরকারের ব্যাপারে বিএনপি তার অবস্থান তুলে ধরবে। এ জন্য নির্দলীয় সরকারের একটি প্রস্তাব সংসদে তুলে ধরার বিষয় নিয়ে দলের আইনজীবী নেতারা কাজ করছেন। তা ছাড়া বিভিন্ন সভা-সমাবেশে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে আলোচনার জন্য সরকারকে আহ্বান জানানোরও সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সহিংসতা এড়িয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য সরকারকে একটি সময় বেঁধে দিতে পারে দলটি। উভয় দলের সূত্র জানায়, সমঝোতা বৈঠকের জন্য প্রভাবশালী কয়েকটি দেশের নেপথ্য দূতিয়ালি চলছে। উভয় দলের নীতিনির্ধারকেরা গণতন্ত্রের স্বার্থেই আলোচনার পথ প্রশস্ত করতে চাইছেন। বিভিন্ন দূতাবাসের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে তাঁরা অনানুষ্ঠানিক কথাবার্তায় সমস্যা সমাধানে আলোচনাকে প্রাধান্য দিচ্ছেন। বিরোধী দল সংসদে প্রস্তাব তুললে তা নিয়ে সংসদের বাইরে আলোচনা করে মতৈক্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।