অধীর অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোদে পুড়ে যাচ্ছে আমিনবাজার। আশ্বিনের মেঘমুক্ত আকাশের নিচে ঘোলা জল নিয়ে ছুটে চলেছে তুরাগ নদ। নদের ওপরে সালেপুর সেতুর বাঁ ধারে ঢাকা-আরিচা মহাসড়কজুড়ে কয়েক হাজার মানুষের ভিড়। সবার উৎসুক দৃষ্টি নদীবক্ষে, যেখানে সিভিল ডিফেন্স ও নৌবাহিনীর কয়েকটি বোট চক্কর খাচ্ছে; একটি খোলা নৌকা থেকে ডুবুরিরা নদীতে ডুব দিচ্ছেন, ভেসে উঠছেন। বারবার খালি হাতে, কখনো কখনো হতোদ্যম কাহিল অবস্থায়। অপেক্ষমাণ মানুষেরা চিৎকার করছেন: এত দেরি কেন? এত সময় লাগে কেন?সালেপুর সেতুর পুব দিকে বিশাল এক বিলবোর্ডের খুঁটির নিচে চাটাই পেতে বসে আছেন এক প্রৌঢ়। মলিন মুখ, রাতজাগা চোখ দুটি ভীষণ ক্লিষ্ট। পায়ের কাছে বড় বড় চারটি বোতলে মিনারেল ওয়াটার, এক ছড়া কলা, কয়েকটি পাউরুটি। তাঁকে ঘিরে আছেন বিভিন্ন বয়সের আরও বেশ কয়েকজন মানুষ। সবার চোখমুখ মলিন। জানা গেল, এখানেই তাঁদের কেটেছে সারা রাত; এক স্বজনের লাশের অপেক্ষায়। প্রৌঢ় মতিয়ার রহমান জানালেন, রোববার তুরাগ নদে পড়ে যে বাসটি ডুবে গেছে, তাতে ছিলেন তাঁর জামাই হাফিজুর রহমান, ঢাকার পঙ্গু হাসপাতাল জামে মসজিদের ইমাম। তাঁর চার সন্তান; সবচেয়ে বড়টি ছেলে, এবার মাধ্যমিক পরীক্ষা দেবে। এখন সে বাবার লাশের জন্য একবার সেতুর ওপরে যাচ্ছে, একবার ঢাল বেয়ে নদের কিনারে নামছে, ফের ছুটে এসে নানার গলা ধরে কাঁদছে, আবার ছুটে গিয়ে হারিয়ে যাচ্ছে ভিড়ের মধ্যে। ছেলেটির নাম ফয়সাল। তাকে খুঁজতে বের হই। কিন্তু হাজার হাজার মানুষের ভিড়ে তাকে পাওয়া তো সহজ না। পিতৃহারা ফয়সালকে, স্বজনহারা অপেক্ষমাণ আরও মানুষকে খুঁজতে গিয়ে দেখা মিলল জাহাঙ্গীর মোল্লা নামের এক মধ্যবয়সী লোকের। তিনি বললেন, তাঁর বোনজামাই মহাখালী থেকে সাভার যাচ্ছিলেন সম্ভবত ওই বাসে। এই দুর্ঘটনার পর থেকে তাঁর মোবাইল ফোনটি বন্ধ, এবং তিনি বরাবর বৈশাখী পরিবহনের বাসেই সাভার যাওয়া-আসা করেন। শঙ্কা নিয়ে বসে আছেন জাহাঙ্গীর মোল্লা; অপেক্ষা আর কিছুর নয়, লাশের। দেখা মিলল আকাশ নামের এক তরুণের সঙ্গেও। তাঁর দুই বন্ধু, চাচাতো ভাই আর চাচাতো বোন ছিল ওই বাসে। তিনি নিজেই তাদের বৈশাখী পরিবহনের ওই বাসে তুলে দিয়েছিলেন। কয়েক হাজার মানুষের গিজগিজে ভিড়ের মধ্যে চরম দুর্ভাগ্যজনক এ দুর্ঘটনার শিকার মানুষদের স্বজনকে খুঁজতে খুঁজতে মনে হলো, অপেক্ষমাণ এই বিশাল জনসমষ্টির সবাই যেন তাঁদের স্বজন। সবার মনে বাজছে হাহাকার। এমন সময় আওয়াজ উঠল: ‘লাশ পাইছে! লাশ পাইছে!’ শুরু হলো ছুটোছুটি, হুড়োহুড়ি।বাসটি ডুবে যাওয়ার প্রায় ছাব্বিশ ঘণ্টা পরে উদ্ধার করা গেল মাত্র একটি লাশ। তারপর কেটে গেল আরও প্রায় দুই ঘণ্টা। মানুষগুলোর অধৈর্য বাড়তে লাগল। নানা রকম গুঞ্জন, নেতিবাচক আশঙ্কার কথা ছড়াতে লাগল বাতাসে। সেতুর গোড়ায় ঢালের নিচে বেশ কিছু লোকের ভিড়ে চিৎকার করছেন এক যুবক। তাঁর সঙ্গে গলা মেলাচ্ছেন আরও অনেকে। তাঁদের মুখে নানা রকম খিস্তি, অকথ্য গালাগাল। তাঁদের কাছে গিয়ে দাঁড়ালাম, এক যুবকের নাম-পরিচয় জিজ্ঞেস করে জানা গেল তিনি আবদুর রাজ্জাক (৩০), একজন ট্রাকচালক, ওই বাসে ছিলেন তাঁর তিনজন আত্মীয়। তিনি ঢাকাইয়া ভাষায় বললেন, ‘এইটা কি সমুদ্র? এইখানে কি জাহাজ ডুবছে? কয় ফিট পানি এইখানে? এত দেরি লাগে ক্যান? হেরা না পারলে সইর‌্যা যায় না কেন? আমরা তুলুম, এই আমি তুলুম। গত বছর এইখানে ট্রাক পড়ছিল, আমি নিজে তুলছি চারটা লাশ। হেরা লাশ তুলব না, হেরা ওয়েট করতেছে, রাতের আন্ধারে লাশের প্যাট ফাইড়া নদীতে ছাইড়্যা দিব।’ রাজ্জাকের সঙ্গে গলা মিলিয়ে আরেকজন বললেন, ‘দেখেন, একজন কইরা ডুব দেয়, পাঁচ মিনিট পর ভাইস্যা উইঠ্যা এক ঘণ্টা রেস্ট লয়।’ নদীর যে জায়গায় বাসটির সন্ধান মিলেছে, একটি নৌকায় সেখানে নৌবাহিনী ও সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীদের কাছে গিয়ে কথা বলার চেষ্টা করলাম। তাঁরা বেশি কথা বলতে নারাজ: অনুমতি নাই। তবু জানতে চাইলাম, উদ্ধারকাজে এত দেরি হচ্ছে কেন। একজন বললেন, নদীতে প্রচণ্ড স্রোত। ১৩ জন ডুবুরি ক্রমাগত চেষ্টা করে চলেছেন, কিন্তু কোনো লাশ তুলতে পারছেন না। চান মিয়া নামে সিভিল ডিফেন্সের এক ডুবুরিই শুধু একটি লাশ তুলতে পেরেছেন এবং তা করতে গিয়ে তাঁর নিজেরও প্রাণসংশয় দেখা দিয়েছিল। জানতে চাইলাম, এই উদ্ধারকাজে নেমে তাঁরা যন্ত্রপাতি, লজিস্টিকস, প্রশিক্ষণ, অনুশীলন ইত্যাদি ক্ষেত্রে কোনো রকম ঘাটতি এখন বোধ করছেন কি না। কেউ কোনো ঘাটতির কথা স্বীকার করলেন না। একজন বললেন, যদি আমেরিকা থেকেও ডুবুরি নিয়ে আসেন, তারাও এই স্রোতের মধ্যে কিছু করতে পারবে না। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধীন সেন্টার ফর ডিজাস্টার অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের সমন্বয়ক অধ্যাপক মাহবুবা নাসরীন টেলিফোনে মন্তব্য করলেন, উদ্ধাকর্মের ধীরগতি থেকে এটা স্পষ্ট, আমাদের দুর্যোগ মোকাবিলাসংক্রান্ত সংস্থাগুলোর উদ্ধারকর্মের প্রশিক্ষণ, অভিজ্ঞতা ও লজিস্টিকসে বেশ দুর্বলতা রয়েছে।বিকেল প্রায় সাড়ে তিনটায় খুঁজে পাওয়া গেল পিতৃহারা কিশোর ফয়সালকে; উদ্ধার করা একমাত্র লাশটি তার বাবার নয়, এটা জানার পর সে ফিরে এসেছে সেই বিলবোর্ডের নিচে নানার কাছে। একটু নিরিবিলি কথা বলব বলে ভিড় থেকে তাকে নিয়ে বের হয়ে আসি; একটি হাত ধরে নিয়ে চলি ফাঁকা কোনো জায়গার সন্ধানে। অবুঝ কিশোর বুঝতে পারে না; ভাবে, আমি তার জন্য কোনো খবর নিয়ে এসেছি। জানতে চায়, ‘আংকেল, আব্বুর লাশ পাওয়া গেছে?’ তাকে সান্ত্বনা দিয়ে বলি, পাওয়া যাবে। শুনতে চাই, বাবার সঙ্গে শেষবারের মতো দেখা হয়েছিল কখন, কী কথা হয়েছিল। ‘সকালে স্কুলে যাওয়ার জন্য রিকশাভাড়া চাইলাম, আব্বু বিশ টাকা দিল। আমি স্কুলে চলে গেলাম। দুপুরে এক আত্মীয় বলল, জীবনে অনেক দুর্ঘটনা ঘটে, তুমি বাসায় আসো। বাসায় গিয়া শুনি...।’ অঝোরে কাঁদতে লাগল কিশোর, কাঁদতে কাঁদতে বলল, ‘আব্বুর লাশ পাইলে জানায়েন। নীল জোব্বা, পাকা দাড়ি আছে, শ্যামলা...পাইলে আমাদের খবর দিয়েন...।’আশ্বিনের সূর্য পশ্চিমে হেলে পড়েছে। দূরে ট্রাকচালক আবদুর রাজ্জাক ও তার সঙ্গীসাথিরা উদ্ধারকর্মীদের দিকে তাকিয়ে চিৎকার করছে, ‘এত দেরি লাগে ক্যান?’