অধ্যক্ষ ও উপাধ্যক্ষের কার্যালয় ভাঙচুর, কারণ নিয়ে দুই মত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষের কার্যালয়ে গতকাল বুধবার সকালে হামলা ও ভাঙচুর করেছে একদল বহিরাগত যুবক। চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ নিয়ে অসন্তোষের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কর্মচারীরা। তবে অধ্যক্ষের দাবি—নিয়োগ নয়, বিএমএর জেলা সম্মেলনকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে।প্রত্যক্ষদর্শী অধ্যক্ষের কার্যালয়ের অফিস সহকারী সুজন বসাক এবং উপাধ্যক্ষের কার্যালয়ের অফিস সহকারী সুশান্ত নন্দী জানান, বেলা ১১টার দিকে ২০-২৫ জন অপরিচিত যুবক অধ্যক্ষের কার্যালয়ে আসে। এ সময় অধ্যক্ষ উপস্থিত ছিলেন না। এ সময় সেখানে ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) দিনাজপুর শাখার সাধারণ সম্পাদক মো. আহাদ আলী, মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর, নাক-কান-গলা বিভাগের সহযোগী অধ্যাপক বুলন্দ আখতার ও প্যাথলজি বিভাগের সহকারী অধ্যাপক রুহিনী কুমার দাস।বিএমএর নেতা আহাদ আলী জানান, যুবকেরা হঠাৎ ঢুকে পড়ে অধ্যক্ষকে খুঁজতে থাকে। তাঁকে না পেয়ে ভাঙচুুর শুরু করে। তারা কার্যালয়ের কম্পিউটার, টেলিভিশন, টেলিফোন সেট, ল্যাপটপ, টেবিল-চেয়ারসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। পরে তারা পাশে উপাধ্যক্ষ আবদুল গফুর মণ্ডলের কক্ষে ঢুকে একটি বইয়ের তাক ভাঙচুর করে।কর্মচারীরা জানান, ভাঙচুর ঠেকাতে গেলে যুবকেরা চেয়ারের হাতল দিয়ে মোখলেসার রহমান নামের একজন কর্মচারীর মাথায় আঘাত করে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া হামলাকারীরা গাফফারুল ইসলাম, সুশান্ত নন্দী, সুজন বসাক, রোবিন হোসেন, মো. নান্নু মিঞাসহ আরও কয়েকজন কর্মচারীকে মারধর করে।নাম প্রকাশ না করার শর্তে মেডিকেল কলেজে দিনভিত্তিক চুক্তিতে কর্মরত কয়েকজন কর্মচারী প্রথম আলোর কাছে অভিযোগ করেন, গত ২৪ মে চতুর্থ শ্রেণীর ২৯ জন কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে। তিন থেকে চার লাখ টাকার বিনিময়ে অধ্যক্ষ এসব কর্মচারী নিয়োগ দিয়েছেন। কিন্তু দুই-তিন বছর ধরে কাজ করছেন এমন ২৫-৩০ জন চুক্তিভিত্তিক কর্মচারী নিয়োগ পাননি।পূজা নামের এক ঝাড়ুদার বলেন, তাঁর বাবা কলেজের ঝাড়ুদার ছিলেন। দুই বছর আগে বাবা মারা যাওয়ার পর তাঁকে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়। নতুন করে নিয়োগ-প্রক্রিয়া শুরু হলে তাঁর চাকরি স্থায়ী করা হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু চার লাখ টাকা দিতে না পারায় তাঁর চাকরি হয়নি।একই অভিযোগ করেন চতুর্থ শ্রেণীর কর্মচারী বিনয় রায়, হাসান আলী, ফাতেমা ও সখিনা। তাঁরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘চাকরির আশায় তিন বছর ধরে কাজ করছি। চাকরি পেতে আমরাও এক লাখ করে টাকা দিতে চেয়েছিলাম। কিন্তু যাঁরা চার লাখ টাকা দিতে পেরেছেন, চাকরি তাঁদের হয়েছে। আমাদের হয়নি।’এ ব্যাপারে জানতে চাইলে মেডিকেল কলেজের অধ্যক্ষ হামিদুল হক খন্দকার প্রথম আলোকে বলেন, চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের সঙ্গে ভাঙচুরের কোনো সম্পর্ক নেই। তা ছাড়া ওই নিয়োগ-প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়নি।অধ্যক্ষ বলেন, ৩ জুন (আগামীকাল) জেলা বিএমএর সম্মেলন হওয়ার কথা। সম্ভবত একটি পক্ষ ওই সম্মেলন পণ্ড করার জন্যই এ হামলা চালিয়েছে।তবে বিএমএর সাধারণ সম্পাদক আহাদ আলী প্রথম আলোকে বলেন, বিএমএর সম্মেলন ভণ্ডুল করাই যদি হামলাকারীদের উদ্দেশ্য হবে, তাহলে তারা বিএমএর কার্যালয় ভাঙচুর করত; সম্মেলনের পোস্টার, ব্যানার ছিঁড়ত। কিন্তু তা না করে অধ্যক্ষের কার্যালয় ভাঙচুর করবে কেন? এ থেকে ধারণা হচ্ছে, নিয়োগবঞ্চিতরাই এই হামলা চালিয়েছে।এদিকে ভাঙচুরের ঘটনার পর দুপুর ১২টার দিকে মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভা হয়। অধ্যক্ষ হামিদুল হকের সভাপতিত্বে সভায় ভাঙচুরের ঘটনায় নিন্দা প্রস্তাব গৃহীত হয় এবং থানায় মামলার সিদ্ধান্ত হয়।দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইকবাল শামীম বলেন, ঘটনার পর খবর পেয়ে পুলিশ কলেজ ক্যাম্পাসে যায়। বিকেলে কলেজের অধ্যক্ষ হামিদুল হক থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিএমএর সম্মেলন অনুষ্ঠানকে কেন্দ্র করে ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।