অধ্যক্ষ ও পরিচালনা কমিটির গাফিলতি, প্রতিবেদন জমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী ধর্ষণের ঘটনায় সৃষ্ট পরিস্থিতির জন্য ছুটিতে থাকা অধ্যক্ষ হোসনে আরা বেগম ও ভেঙে দেওয়া পরিচালনা কমিটিকে দায়ী করেছে সরকারের তদন্ত কমিটি। কমিটির প্রতিবেদন গতকাল রোববার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছে জমা দেওয়া হয়েছে।প্রতিবেদন পাওয়ার পর শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘ঘটনার (ছাত্রী ধর্ষণ) সত্যতা পাওয়া গেছে। এটা প্রমাণিত হয়েছে যে পরিমল নামের একজন পাষণ্ড এই কাজ করেছে। বিষয়টি যেহেতু আদালতে বিচারাধীন, তাই এ নিয়ে বেশি কিছু বলতে চাই না। আমরা চাই, এই পাষণ্ড শিক্ষকের চরম বিচার হোক। আদালতে যেন তার বিচার হয়। এ জন্য আমাদের যা যা করার, তা-ই করব।’ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখার দশম শ্রেণীর এক ছাত্রী ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে গত মাসের শুরুতে প্রতিষ্ঠানটিতে অচলাবস্থার সৃষ্টি হয়। এই ঘটনার পর শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম ওয়াহিদুজ্জামানকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে ঢাকা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন ও তদন্ত কমিটির প্রধান গতকাল শিক্ষা মন্ত্রণালয়ে মন্ত্রীর কাছে প্রতিবেদন জমা দেন।শিক্ষামন্ত্রী বলেন, এই ঘটনার পর অধ্যক্ষ (হোসনে আরা বেগম) তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে পারেননি। এতে কিছুটা জটিলতা দেখা দেয়। তা ছাড়া পরিস্থিতি সামাল দিতে পরিচালনা কমিটিও উদ্যোগ নিতে পারেনি। এতে কেউ কেউ অস্থিতিশীলতার চেষ্টা করেছে। মূল অপরাধী গ্রেপ্তারের পরও এই পরিস্থিতির সৃষ্টি করা হয়, যা উচিত ছিল না। তিনি বলেন, কিছু ব্যক্তি এই ঘটনায় সুযোগ নেওয়ার চেষ্টা করেছে। কারণ লটারির মাধ্যমে ছাত্রী ভর্তির পর স্বাভাবিকভাবেই কারও কারও মনে ক্ষোভ ছিল।মন্ত্রী বলেন, ‘২৪ পৃষ্ঠার প্রতিবেদনটি মাত্র আমরা হাতে পেয়েছি। ভালো করে দেখিনি। দেখার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’সূত্র জানায়, তদন্ত কমিটি ২২ দিন ধরে কাজ করেছে। কমিটির সদস্যরা ১৮ জনের সাক্ষ্য নিয়েছেন। পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি কিছু সুপারিশও করেছে কমিটি। এসব সুপারিশের মধ্যে রয়েছে, বেশি করে শাখা না খোলা, এ-জাতীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিশেষ কমিটি করা, যেখানে সরকারের নিয়ন্ত্রণ থাকবে।ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখার দশম শ্রেণীর এক ছাত্রী ধর্ষণের ঘটনার পর ব্যবস্থা গ্রহণে কালক্ষেপণের অভিযোগ এনে অধ্যক্ষ হোসনে আরা বেগমের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামে ছাত্রীরা। পরে হোসনে আরা দীর্ঘদিনের ছুটিতে যান। তাঁর স্থলে মঞ্জুআরা নামের আরেকজন শিক্ষককে অধ্যক্ষের চলতি দায়িত্ব দেওয়া হয়। পরিচালনা কমিটি ভেঙে ঢাকার জেলা প্রশাসক দিয়ে অস্থায়ী (অ্যাডহক) কমিটি করা হয়।এই ঘটনায় অভিযুক্ত শিক্ষক পরিমল জয়ধরকে চাকরিচ্যুত করা হয়। ধর্ষণ মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। তবে মেয়েটির পরিবার অভিযোগপত্রের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করবে বলে জানিয়েছে। পরিমল বর্তমানে কারাগারে আছেন।