অধ্যক্ষ নিজ টাকায় শতাধিক শিক্ষার্থীর ফরম পূরণ করলেন
চাকরি বাঁচাতে শিক্ষার্থীদের কাছ থেকে মুচলেকা নিয়ে বিরামপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ নিজ দায়িত্বে ১০৪ জন শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষার ফরণ পূরণ করে দিয়েছেন। কলেজের অধ্যক্ষ মো. আব্দুস সাত্তার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।বিরামপুর ডিগ্রি কলেজ সূত্রে জানা যায়, এইচএসসি পরীক্ষার ফরম পূরণ করতে দিনাজপুর বোর্ড ঘোষিত জরিমানা ছাড়া সর্বশেষ সময়সীমা ছিল গত ১৭ ডিসেম্বর। জরিমানাসহ গত ২৯ ডিসেম্বর। কিন্তু কম টাকায় ফরম পূরণের আশায় শিক্ষার্থীরা সরাসরি কলেজ কার্যালয়ে গিয়ে ফরম পূরণ না করে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাদের মাধ্যমে ফরম পূরণের চেষ্টা করে। গত ১৭ ডিসেম্বর বিলম্ব ফিস ছাড়া বোর্ড নির্ধারিত সময়সীমা শেষ হলে দেখা যায়, মোট ১০৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করতে পারেনি।ছাত্ররা জানায়, কম টাকায় ফরম পূরণ করতে তারা ছাত্রলীগের নেতাদের টাকা দিয়েছে। পরে বাধ্য হয়ে ফরম পূরণবঞ্চিত শিক্ষার্থীরা গত ২৪ ডিসেম্বর কলেজ চত্বরে অনশনসহ সড়ক অবরোধ কর্মসূচি পালন করে। বিরামপুর ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য মো. আজমল হোসেন বলেন, ‘অধ্যক্ষ আব্দুস সাত্তার কলেজটিকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন। ক্ষমতা এবং পদ ধরে রাখতে প্রায় ২০ বছর ধরে তিনি এলাকার বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের নেতা-কর্মীদের বিভিন্ন স্বার্থ পূরণ করেন। উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি পরীক্ষার ফরম পূরণের সময় ছাত্র সংগঠনের নেতাদের সুপারিশের মাধ্যমে অনেক শিক্ষার্থী ফরম পূরণ করে থাকে। এর ফলে শিক্ষার্থীদেরও কিছুটা আর্থিক সাশ্রয় হয় এবং নেতাদের পকেটও ভারী হয়। কলেজ পরিচালনা পরিষদের অপর সদস্য মো. দবিরুল ইসলাম বলেন, ‘বিষয়টি অধ্যক্ষ পরিচালনা পরিষদের কাউকে জানাননি। ছাত্ররা যখন কলেজ চত্বরে অনশন ও মহাসড়ক অবরোধ করে, তখন বিষয়টি সবার নজরে আসে। তিনি জানান, চাকরি বাঁচাতে গত ২৭ ডিসেম্বর অধ্যক্ষ নিজের টাকা দিয়ে ১০৪ জন শিক্ষার্থীর পরীক্ষার ফরম পূরণ করে দিয়েছেন।অধ্যক্ষ মো. আব্দুস সাত্তার জানান, ১০৪ জন শিক্ষার্থীর ফরম পূরণ সমস্যার সমাধান হয়েছে। তিনি নিজে টাকা দিয়ে ওই শিক্ষার্থীদের ফরম পূরণ করে দিয়েছেন। তিনি বলেন, ‘ছাত্রদের শিক্ষাজীবনের কথা বিবেচনা করেই তিনি ওই টাকা ব্যয় করেছেন।’