অধ্যক্ষ-শাখাপ্রধানও আসামি, তদন্ত করছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হোসনে আরা বেগম এবং এই প্রতিষ্ঠানের বসুন্ধরা শাখার প্রধান লুৎফর রহমানের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত করছে পুলিশ। দশম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের মামলায় এ দুই শিক্ষককেও আসামি করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ধর্ষণের আলামত নষ্ট করা ও ভয়ভীতি দেখানোর অভিযোগ করা হয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা ও বাড্ডা থানার পরিদর্শক এস এম শাহাদত হোসেন প্রথম আলোকে বলেন, ‘অভিযোগের প্রমাণ পেলে দুই শিক্ষককে গ্রেপ্তার করা হবে।’ মামলার মূল আসামি পরিমল জয়ধর এখন কারাবন্দী।বাড্ডা থানার পুলিশ জানায়, ধর্ষণের মামলায় ছাত্রীর বাবা যে অভিযোগ করেছেন, তাতে দুই শিক্ষকের বিরুদ্ধে মামলার আলামত বিনষ্ট করা, ভয়ভীতি দেখানো এবং মেয়েটিকে স্কুল থেকে বহিষ্কারের হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে।ছাত্রী ধর্ষণের মামলায় ৭ জুলাই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ শিক্ষক পরিমল জয়ধরকে গ্রেপ্তার করে। পরে তাঁকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। ১১ জুলাই তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে তাঁকে কারাগারে পাঠানো হয়। জবানবন্দিতে তিনি দুই দফা ধর্ষণের কথা স্বীকার করেন।স্কুল কর্তৃপক্ষ পরিমলকে চাকরিচ্যুত করে। তবে দ্রুত ব্যবস্থা না নেওয়ায় অধ্যক্ষ হোসনে আরার অপসারণের দাবিতে ছাত্রী ও অভিভাবকেরা বিক্ষোভ করেন। তাঁদের আন্দোলনের মুখে হোসনে আরাকে তিন মাসের ছুটি দিয়ে জ্যেষ্ঠ শিক্ষক মঞ্জুয়ারা বেগমকে চলতি দায়িত্ব দেওয়া হয়।পুলিশ জানায়, মামলায় বলা হয়, ঘটনার চার দিন পর গত ২১ জুন মেয়েটি এ ঘটনা বসুন্ধরার শাখাপ্রধান লুৎফর রহমানকে জানায়। তিনি বিষয়টি দেখবেন বলে কথা দিলেও কোনো ব্যবস্থা নেননি। ২৭ জুন ঘটনাটি অধ্যক্ষ হোসনে আরাকে জানানো হয়। গণমাধ্যম, পুলিশ ও মানবাধিকার সংস্থাকে না জানানোর জন্য অধ্যক্ষ হুমকি দেন। মেয়ের মাকে টেলিফোনে ও ডেকে নিয়ে হুমকি দেওয়া হয়। হোসনে আরা ও লুৎফর রহমান নানা ধরনের ভয়ভীতি দেখান। তাঁরা মেয়েটিকে বহিষ্কারের হুমকি দেন।অভিযোগের ব্যাপারে জানতে চাইলে হোসনে আরা বেগম প্রথম আলোকে বলেন, তিনি ঘটনা জানতে পারেন গত ২৮ জুন, মেয়েদের লিখিত অভিযোগ দেওয়ার পর। এর আগে তিনি এ ঘটনা জানতেন না। মেয়েটিকে তিনি কোনো ধরনের ভয়ভীতি বা বহিষ্কারের হুমকি দেননি বলেও জানান। অধ্যক্ষ বলেন, ঘটনা ঘটেছে স্কুলের বাইরে। তার পরও অভিযোগ পাওয়ার পরপরই ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।স্কুলের বসুন্ধরা শাখার (দিবা) প্রধান লুৎফর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।মামলার তদন্ত কর্মকর্তা প্রথম আলোকে বলেন, দুই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের তদন্ত করা হচ্ছে। তাঁরা ভয়ভীতি দেখিয়েছিলেন কি না বা মেয়েটিকে স্কুল থেকে বহিষ্কারের হুমকি দিয়েছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।তদন্তের অগ্রগতির ব্যাপারে জানতে চাইলে তদন্ত কর্মকর্তা জানান, এখন পর্যন্ত পরিমলের জবানবন্দি ছাড়া আর কোনো সাক্ষ্য পাওয়া যায়নি। যে স্থানে এ ঘটনা ঘটেছে, সেখানে কোনো সাক্ষ্য পাওয়া যায়নি। ধর্ষণের শিকার মেয়েটি বিদেশে থাকায় তার জবানবন্দি নেওয়া যায়নি। সে ফিরে এলে জবানবন্দি নেওয়া হবে। মেয়েটির স্বাস্থ্য পরীক্ষার ব্যাপারে তিনি বলেন, ধর্ষণের ঘটনা অনেক আগে ঘটেছে। এত সময় পরে পরীক্ষা করে আলামত পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।মামলার অভিযোগে বলা হয়, পরিমল মেয়েটিকে ধাক্কা মেরে ও প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ধর্ষণ করেন। বসুন্ধরা শাখাপ্রধানের কাছে দেওয়া লিখিত অভিযোগে মেয়েটি জানায়, পরিমল তার মুখ ও হাত বেঁধে ফেলে। ওড়না দিয়ে তার হাত পেছনে নিয়ে বেঁধে ফেলে এবং ভীষণ মারধর করে। শারীরিক নির্যাতনের পর তার হাতের বাঁধন খুলে দেয়।ভিকারুননিসায় আজ ক্লাস হবে: ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে আজ রোববার একাদশ ও দ্বাদশ শ্রেণীর ক্লাস যথারীতি হবে। গতকাল শনিবার কলেজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।অস্থায়ী (অ্যাডহক) কমিটির প্রথম সভা আজ: অচলাবস্থার পরিপ্রেক্ষিতে গঠিত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অস্থায়ী পরিচালনা কমিটির প্রথম সভা আজ রোববার অনুষ্ঠিত হবে। কমিটির প্রধান ও ঢাকার জেলা প্রশাসক মহিবুল হক প্রথম আলোকে বলেন, সকাল ১০টায় এই সভা হবে। এরপর বেলা সাড়ে ১১টায় শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করা হবে।কমিটিতে শিক্ষক প্রতিনিধি হিসেবে নাসরিন সুলতানা ও অভিভাবক প্রতিনিধি হিসেবে কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মোশাররফ হোসেনকে মনোনীত করা হয়েছে। সদস্য-সচিব হিসেবে থাকবেন চলতি দায়িত্বে থাকা অধ্যক্ষ মঞ্জুয়ারা বেগম।