বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের নতুন অধ্যক্ষ শংকর চন্দ্র দত্তের ওপর ছাত্রলীগ নেতা-কর্মীদের হামলার ঘটনায় গতকাল বুধবার চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই হামলার ঘটনায় বিভিন্ন দল ও সংগঠন নিন্দা জানিয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, অধ্যক্ষকে লাঞ্ছিত করার ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গতকাল নিজের বাসায় ডেকে আনেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন। এরপর মো. সোহাগ, মো. সোহেল, জহিরুল ইসলাম ও মো. মিরাজ নামের ওই চারজনকে তিনি পুলিশে সোপর্দ করেন।এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, ‘চারজনকে আমাদের হাতে তুলে দিয়েছেন মেয়র। অধ্যক্ষ লাঞ্ছিতের ঘটনায় গতকাল পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। ওই মামলায় চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’মেয়র শওকত হোসেন প্রথম আলোকে বলেন, যারা তাঁর ওপর হামলা চালিয়েছে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।অধ্যক্ষের ওপর হামলার মূল পরিকল্পনাকারী এবং নেতৃত্বে ছিলেন কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কর্মপরিষদের সহসভাপতি মঈন তুষার এবং সাধারণ সম্পাদক নাহিদ সেরনিয়াবাত, ছাত্রলীগ নেতা ও ছাত্র কর্মপরিষদের মিলনায়তন সম্পাদক জুবায়ের আলম। কিন্তু তাঁদের কাউকে গ্রেপ্তার করা হয়নি। তাঁরা বহিরাগতদের সামনে রেখে ওই হামলা চালান। অধ্যক্ষকে লাঞ্ছিতের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে বিবৃতি দিয়েছে আওয়ামী লীগের জেলা ও মহানগর শাখা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাসদ, গণফোরাম, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ বিভিন্ন দল ও সংগঠন।বিএম কলেজের সাবেক অধ্যক্ষ ননীগোপাল দাসকে সম্প্রতি অন্য প্রতিষ্ঠানে বদলি করে নতুন অধ্যক্ষ নিয়োগ করা হয়েছে শংকর চন্দ্র দত্তকে। কিন্তু ননীগোপালের বদলি ঠেকাতে কিছু দিন ধরে আন্দোলন করছে কলেজের অস্থায়ী ছাত্র কর্মপরিষদ এবং ছাত্রলীগ। এর মধ্যে মঙ্গলবার নতুন অধ্যক্ষ কলেজে যোগদান করতে যাওয়ার সময় ছাত্রলীগের দুই নেতার নেতৃত্বে তাঁর ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস প্রথম আলোকে জানান, ঐতিহ্যবাহী ব্রজমোহন কলেজে ছাত্র নামধারীরা অধ্যক্ষর ওপর হামলা চালিয়েছে। এটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। জেলা আওয়ামী লীগ এ ঘটনাকে ন্যক্কারজনক ও নিন্দনীয় বলে মনে করে।মহানগর বিএনপির সভাপতি এবং বরিশাল-৫ সদর আসনের সাংসদ মজিবর রহমান সরোয়ার জানান, ওই ঘটনার সঙ্গে আওয়ামী লীগের নেতাদের যোগসাজশ আছে। তা না হলে ছাত্র নামধারী সন্ত্রাসীরা রাস্তায় অধ্যক্ষকে লাঞ্ছিত করার সাহস পেত না।সাবেক ছাত্রলীগ নেতাদের বিবৃতি: বিএম কলেজের অধ্যক্ষকে লাঞ্ছিত করার ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ছাত্রলীগের সাবেক নেতারা। কথিত কর্ম পরিষদের ছাত্র নামধারী সন্ত্রাসীদের প্রতিরোধ করার আহ্বান জানিয়ে তাঁরা বলেন, এদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।বিবৃতিদাতারা হলেন, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, জাতীয় সংসদের হুইপ আ স ম ফিরোজ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, খান আলতাফ হোসেন, আনোয়ার হোসাইন, খান মামুন, জাকির হোসেন, মনসুর আহমেঞ্চদসহ ২১ জন।ছাত্রলীগের প্রতিবাদ: বিএম কলেজে অধ্যক্ষকে লাঞ্ছিতের ঘটনায় ছাত্রলীগকে জড়িয়ে সংবাদ প্রচারের প্রতিবাদ জানিয়েছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। সংগঠনটির দপ্তর সম্পাদক শেখ রাসেল স্বাক্ষরিত এক প্রতিবাদপত্রে গতকাল বলা হয়, বিএম কলেজে ছাত্রলীগের কোনো সাংগঠনিক কাঠামো ও কর্মপরিষদ নেই। আর অধ্যক্ষকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পর্ক নেই।