অধ্যক্ষের কার্যালয় ঘেরাও, ৭২ ঘণ্টার আল্টিমেটাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর মেডিকেল কলেজের কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, চিকিত্সকদের নিরাপত্তা বিধানসহ তিন দফা দাবিতে আজ মঙ্গলবার কলেজের শিক্ষক সমিতি বিক্ষোভ মিছিল বের করে। এ সময় তাঁরা অধ্যক্ষের কার্যালয় ঘেরাও করে দাবি মেনে নিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেন। কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগের এক পক্ষের নেতা হাসানুল হক ওরফে নিপুন গতকাল সোমবার রাতে বাদী হয়ে কলেজের উপাধ্যক্ষ মির্জা নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক নুরুন্নবী লাইজু, ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি আশরাফুল হক খন্দকার, সাধারণ সম্পাদক সঞ্জয় সরকারসহ সাতজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়েছে, গত শনিবার রাত সাড়ে ১১টায় কলেজের উপাধ্যক্ষ ও সহকারী অধ্যাপকের নির্দেশে ছাত্রলীগের আরেকটি পক্ষ কলেজের মুক্তা ছাত্রাবাসের কয়েকটি কক্ষে হামলা চালিয়ে ভাঙচুর করে। রংপুর মেডিকেল কলেজে ছাত্রলীগের বিবদমান দুই পক্ষের পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল ও সহিংস ঘটনা এড়াতে কলেজ কর্তৃপক্ষ গত রোববার থেকে ২২ তারিখ পর্যন্ত কলেজ বন্ধ ঘোষণা করেন। ওই দিন সন্ধ্যার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হলেও চারটি হলে এখনো কিছু শিক্ষার্থীদের দেখা গেছে। বিক্ষোভ মিছিল শেষে বেলা ১২টার দিকে শিক্ষক সমিতির পক্ষ থেকে কলেজ একাডেমিক ভবনে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে তাত্ক্ষণিকভাবে মত বিনিময় করা হয়। সভায় কলেজ শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মশিউর রহমান বলেন, কলেজ অধ্যক্ষের মদদে ছাত্রলীগের একটি অংশ এই মামলা করেছে, যা সম্পূর্ণ মিথ্যা। এর কোনো ভিত্তি নেই। তিন দফা দাবি জানিয়ে অধ্যক্ষকে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে এই দাবি বাস্তবায়িত না হলে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে বলে তিনি জানান। মামলার বাদী হাসানুল হক বলেন, কয়েকজন শিক্ষকের মদদে ছাত্রলীগের কতিপয় সন্ত্রাসী এই হামলা করেছে। ছাত্রলীগ নতুন কমিটির সভাপতি আশরাফুল হক খন্দকার বলেন, ছাত্রলীগের একটি অংশ বহিরাগত সন্ত্রাসী দিয়ে কলেজের পরিস্থিতি উত্তপ্ত করছে। এ ছাড়া কলেজ ছাত্রাবাসের একটি কক্ষে তাঁরা নিজেরাই ভাঙচুর করে তা অন্যের ওপর দোষ চাপানোর অপচেষ্টা করছেন।