রংপুর কারমাইকেল কলেজের অধ্যক্ষের বদলি আদেশ প্রত্যাহার ও নতুন অধ্যক্ষের যোগদানের প্রতিবাদে আজ সোমবার ছাত্রলীগ অধ্যক্ষের কক্ষসহ প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে বিক্ষোভ করেছে। ছাত্রলীগের ডাকে কলেজটিতে গত বুধবার থেকে ধর্মঘট চলছে। এতে কলেজের সব ক্লাস বন্ধ রয়েছে। পুলিশ ও কলেজ সূত্র জানায়, অধ্যক্ষ দীপকেন্দ্র নাথ দাসকে বগুড়ার আজিজুল হক কলেজে বদলি করা হয়েছে। এই বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে কলেজ শাখা ছাত্রলীগ গত বুধবার ধর্মঘট ডাকে।আজ সোমবার কলেজে নতুন অধ্যক্ষ মোকসেদ আলীর যোগদানের কথা ছিল, কিন্তু ছাত্রলীগের প্রতিরোধে তিনি কলেজে যাননি। এদিকে এই আন্দোলনকে কেন্দ্র করে কলেজের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। শিক্ষার্থীরা কলেজে গেলেও কোনো ক্লাস হয়নি। প্রশাসনিক ভবনে তালা মেরে দেওয়ায় কলেজের কর্মচারীরাও তাঁদের কাজকর্ম করতে পারেননি। এতে শিক্ষক-কর্মচারীদের বারান্দায় বসে থাকতে দেখা যায়। ছাত্রলীগ কলেজ শাখার সভাপতি রাফিউর রহমান বলেন, এর আগেও একবার কলেজ অধ্যক্ষকে বগুড়ায় বদলি করা হলে তা আন্দোলন করে ঠেকানো হয়েছে। তাঁর ভাষ্য, কারমাইকেল কলেজে ছাত্রশিবিরের বিভিন্ন সন্ত্রাসী কাজকর্ম দমনে অধ্যক্ষ দীপকেন্দ্র নাথ দাসের জোরালো ভূমিকা আছে। এ কারণে ভবিষ্যতেও কলেজের উন্নয়নের জন্য ও পরিবেশ ভালো রাখার জন্য তাঁকে দরকার।এ ব্যাপারে অধ্যক্ষ দীপকেন্দ্র নাথ দাসের ভাষ্য, তিনি কলেজের বিভিন্ন বিষয়ে অনড় অবস্থান নিয়েছেন। ছাত্রশিবিরকে সন্ত্রাসী কাজে বাধা দেওয়ায় তাঁরা অধ্যক্ষের বিরুদ্ধে আন্দোলনও করেছে। তিনি বলেন, ‘এই কলেজের সাধারণ ছাত্ররা আমাকে চায়। কিন্তু সরকারি নির্দেশ মেনে আমাকে বগুড়া আযিযুল হক কলেজে যোগদান করতে হয়েছে।’২০১১ সালের ৫ জানুয়ারি দীপকেন্দ্র নাথ দাস রংপুর কারমাইকেল কলেজে অধ্যক্ষ হিসেবে যোগ দেন। গত ১৫ মে তাঁকে বদলি করা হয় বগুড়া আজিজুল হক কলেজে। ছাত্রলীগের আন্দোলনের মুখে এই বদলি আদেশ তিন দিন পর প্রত্যাহার করে নেওয়া হয়। এরপর আবার গত বুধবার তাঁর বদলি-সংক্রান্ত ফ্যাক্স বার্তা কলেজে যায়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন বলেন, কলেজের পরিস্থিতি অনুকূলে রয়েছে। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।