নড়াইল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল
অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
নড়াইল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ নাজমুস শাহাদাতের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে কলেজের শিক্ষার্থীরা গত ২৯ আগস্ট আদালত সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে শিক্ষার্থীরা অধ্যক্ষের অপসারণের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেন।স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০০৯ সালের মার্চ মাসে অনুষ্ঠিত ২০০৭-২০০৮ শিক্ষাবর্ষের ডিএইচএমএস চূড়ান্ত পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বন করায় চতুর্থ বর্ষের ছাত্রী উসামা আক্তারকে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট বহিষ্কার করেন। বহিষ্কারাদেশের নোটিশ তাৎক্ষণিকভাবে পরীক্ষাকেন্দ্রে অবহিত করা হয় এবং নোটিশবোর্ডে টাঙিয়ে দেওয়া হয়, কিন্তু অধ্যক্ষ অর্থের বিনিময়ে কলেজের নৈশ প্রহরীর বাসায় পরীক্ষার ব্যবস্থা করে ওই ছাত্রীকে পাস করানোর ব্যবস্থা করেন। এ ঘটনা জানাজানির পর ম্যাজিস্ট্রেট তদন্ত করে তদন্ত প্রতিবেদন জমা দেন। এ ছাড়া অধ্যক্ষ নিজের ইচ্ছামাফিক টাকার বিনিময়ে ও স্বজনপ্রীতি দেখিয়ে অনেক অযোগ্য ব্যক্তিকে প্রভাষক পদে চাকরি দিয়েছেন। নিজের ভাইপো সৈয়দ আরিফুর রহমানকে প্রভাষক হিসেবে নিয়োগ দিয়েছেন।জানা গেছে, কলেজের বর্তমান উপাধ্যক্ষ সৈয়দ আহাম্মদ আলী হোমিও ডিগ্রি ডিএইচএমএস ১৯৯৪ সালে পাস করলেও ১৯৯২ সাল থেকে উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষাগত যোগ্যতা অর্জনের দুই বছর আগে দুর্নীতির মাধ্যমে তাঁকে উপাধ্যক্ষ পদে নিয়োগ দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। কলেজের অফিস সহকারী রাধাকান্ত বিশ্বাসকে বিতাড়িত করে নিয়োগ দিয়েছেন অধ্যক্ষের আত্মীয় সরকারি চাকরি থেকে অবসরপ্রাপ্ত মো. মহাসিন হক নামের এক ব্যক্তিকে।নড়াইল হোমিও কলেজ থেকে হোমিও ডিগ্রি অর্জনকারী লুৎফর রহমানকে দুর্নীতির মাধ্যমে প্রভাষক পদে নিয়োগ দিয়ে প্রতিষ্ঠাতা অধ্যাপকদের চেয়েও তাঁকে সিনিয়র শিক্ষক হিসেবে দেখিয়ে অধ্যক্ষ নিজে সুফল ভোগ করে আসছেন। প্রভাষক পদে নিয়োগ দেওয়া লুৎফর রহমান প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে কালিয়া উপজেলায় চাকরিরত অবস্থায় হোমিও কলেজেরও গুরুত্বপূর্ণ পদে আসীন আছেন অধ্যক্ষের আশীর্বাদে। এ ছাড়া অধ্যক্ষের আশীর্বাদপুষ্ট হয়ে কেরামত আলী এ কলেজের প্রভাষক পদে নিয়োগ হয়েও ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে বর্তমানে চাকরিরত রয়েছেন। প্রভাষক আজিজুল হক বর্তমানে যশোর বাদশা ফয়সাল উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। এসব শিক্ষকেরা কলেজে আসেন না এবং কোনো ক্লাস নেন না।কলেজের চূড়ান্ত পরীক্ষার খাতাগুলো অধ্যক্ষের অনুসারী কিছু শিক্ষককে দেওয়ায় অন্য শিক্ষকেরা চূড়ান্ত পরীক্ষার খাতা দেখা থেকে বঞ্চিত হন। অভিযোগ রয়েছে, কলেজের মেডিকেল অফিসার রতন কুমার বোস সময়মতো কলেজে আসেন না। ফলে বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের ফিরে যেতে হয়। প্রতিবছর কলেজের নামে দৈনিক জাতীয় পত্রিকা ক্রয় বাবদ চার হাজার টাকার ভাউচার দেখানো হয়, কিন্তু কলেজে কোনো পত্রিকা রাখা হয় না। শিক্ষা সফর বাবদ প্রতিবছর ছাত্রছাত্রীর সেশন চার্জ থেকে ১৫ থেকে ২০ হাজার টাকা ফান্ডে জমা রাখলেও শিক্ষা সফরের জন্য কোনো খরচ করা হয় না। শিক্ষা সফরের এসব টাকা অধ্যক্ষসহ দুই থেকে তিনজন অনুসারী তুলে ভাগবাটোয়ারা করে নিচ্ছেন। এমএলএসএস মো. হাসানুজ্জামানকে কলেজ চলাকালে তেমন পাওয়া যায় না। তাঁকে দিয়ে অধ্যক্ষ ব্যক্তিগত কাজকর্ম করিয়ে থাকেন বলে অভিযোগ রয়েছে।কলেজ থেকে বিতাড়িত শিক্ষক আল ইমরান জানান, কলেজের কোনো বিষয়ে শিক্ষকদের সঙ্গে পরামর্শ না করে অধ্যক্ষ নিজেই সিদ্ধান্ত নিয়ে থাকেন। ভুল হলে দায়ভার অন্য শিক্ষকদের কাঁধে চাপিয়ে দেন। এ রকম ঘটনার প্রতিবাদ করায় তাঁকেসহ মিজানুর রহমান, সিদ্দিকুর রহমান, আবদুর রাজ্জাক ও আনোয়ারুল করিমসহ কয়েকজনকে কলেজ থেকে বিতাড়িত করা হয়েছে। তিনি দাবি করেন, নাজমুস শাহাদাত প্রতিষ্ঠাতা অধ্যক্ষ না হয়েও নিজেকে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে দাবি করে আসছেন। ফলে কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মিজানুর রহমান বাদী হয়ে নড়াইল সিনিয়র জুডিশিয়াল আদালতে প্রতারণা ও মানহানির মামলা করেছেন।কলেজের ছাত্র মো. জাহিদুল ইসলাম জানান, অন্যায়ের প্রতিবাদ করায় অধ্যক্ষ গত ৯ আগস্ট পরীক্ষা চলাকালে কয়েকজন শিক্ষার্থীর রেজিস্ট্রেশন বাতিল এবং চূড়ান্ত পরীক্ষায় অসহযোগিতা ও ব্যবহারিক পরীক্ষায় ফেল করানোসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করেন। এ ঘটনায় ছাত্রছাত্রীরা অধ্যক্ষের বিরুদ্ধে ১০ আগস্ট নড়াইল সদর থানায় জিডি করেছেন।অধ্যক্ষ নাজমুস শাহাদাত তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘হোমিওপ্যাথিক কলেজটি সুষ্ঠু ও সুন্দরভাবে চলায় একটি কুচক্রীমহল প্রতিহিংসার বশবর্তী হয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে।’