গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ সংশোধন করায় উদ্বেগ প্রকাশ করেছেন দেশের ৬৫ জন বিশিষ্ট নাগরিক। তাঁরা সরকারের নেতিবাচক সিদ্ধান্ত বাতিল করে গ্রামীণ ব্যাংকের কর্মকাণ্ডকে সহযোগিতা করার মাধ্যমে দারিদ্র্য বিমোচন কর্মসূচিকে শক্তিশালী করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।বিবৃতিতে বিশিষ্ট ব্যক্তিরা বলেন, সরকার প্রতিহিংসার বশবর্তী হয়ে নিয়ন্ত্রণ করার নামে গ্রামীণ ব্যাংককে ধ্বংসের উদ্যোগ নিয়েছে। গ্রামীণ ব্যাংক দারিদ্র্য বিমোচনের মডেল হিসেবে নোবেল পুরস্কার পেয়েছে। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত ক্ষুদ্রঋণ তথা দারিদ্র্য বিমোচনের এই মডেল এখন সারা বিশ্বে স্বীকৃত। গ্রামীণ ব্যাংক ও ড. ইউনূসের এই অর্জন এ দেশের ১৬ কোটি মানুষের। এই সাফল্যের অন্যতম অংশীদার এ দেশের সুবিধাবঞ্চিত ও অবহেলিত দরিদ্র জনগোষ্ঠী। এ সাফল্য স্বাধীনতার পর বাংলাদেশকে আরও একবার বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তি জুগিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, গ্রামীণ ব্যাংক শুধু ঋণই বিতরণ করে না, তারা গ্রামীণ পর্যায়ে পরিবার পরিকল্পনা, শিশু ও মাতৃসেবা, শিক্ষা ও পুষ্টিশিক্ষা, স্বাস্থ্যসম্মত আবাসন ব্যবস্থা এবং স্যানিটেশনসহ অন্যান্য কার্যক্রমে জনগণকে সচেতন করার কাজ করে যাচ্ছে। এই গ্রামীণ ব্যাংকের মাধ্যমেই সত্যিকার অর্থে দেশে নারীর ক্ষমতায়নের একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। বর্তমানে গ্রামীণ ব্যাংকের সুফল জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে। এ অবস্থায় ব্যাংকটি বর্তমান সরকারের রোষানলে পড়ায় এর ভবিষ্যৎ নিয়ে দেশ ও জাতি উদ্বিগ্ন। সরকারের এই প্রতিহিংসামূলক কাজে এরই মধ্যে দেশে-বিদেশে বাংলাদেশের সম্মান ক্ষুণ্ন হয়েছে। বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ ও মনিরুজ্জামান মিঞা, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম এ মাজেদ, অধ্যাপক সদরুল আমিন, অধ্যাপক মুস্তাহিদুর রহমান, অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, জয়নুল আবেদীন ও এম বদরুদ্দোজা, প্রকৌশলী মাহমুদুর রহমান, সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদ, শওকত মাহমুদ, রুহুল আমিন গাজী, কামাল উদ্দিন সবুজ ও আবদাল আহমেদ এবং চিকিৎসক মবিন খান, এ জেড এম জাহিদ হোসেন।