অধ্যাপক আবদুর রাজ্জাকের অপ্রকাশিত অভিসন্দর্ভ প্রকাশের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপমহাদেশের রাজনৈতিক ইতিহাস ও ঘটনা পরম্পরার প্রেক্ষাপটে অধ্যাপক আবদুর রাজ্জাক রচিত ‘ভারতের রাজনৈতিক দল’ শীর্ষক একটি অভিসন্দর্ভ (থিসিস) রচনা করেছিলেন। কিন্তু চল্লিশের দশকের এই অভিসন্দর্ভটি এখনো প্রকাশিত হয়নি। এমন তথ্য উল্লেখ করে বক্তারা দ্রুত অভিসন্দর্ভটি প্রকাশের দাবি জানিয়েছেন।গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে অনুষ্ঠিত আবদুর রাজ্জাকের স্মরণসভায় বক্তারা এই দাবি জানান। আবদুর রাজ্জাক ১৯৪০-এর দশকে প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী হেরল্ড জে লাস্কির অধীনে লন্ডন স্কুল অব ইকোনমিকসে অভিসন্দর্ভটি রচনা করেছিলেন। কিন্তু লাস্কির আকস্মিক মৃত্যু এবং আবদুর রাজ্জাকের সহজাত ঔদাসীন্যের কারণে সেটি এখনো প্রকাশিত হয়নি। সভায় আইনজ্ঞ ড. কামাল হোসেন বলেন, ‘আবদুর রাজ্জাক বলতেন, “যে দেশের সামরিক বাজেট মোট বাজেটের ৫০ শতাংশ ছুঁয়ে ফেলে, সে দেশের সেনাশাসন অবশ্যম্ভাবী।” জাতীয় ও আন্তর্জাতিক অভিজ্ঞতায় আমরা তাঁর এই মন্তব্যের যথার্থতা বারবার প্রমাণিত হতে দেখেছি।’ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে স্মরণসভায় মীজানূর রহমান শেলী, নারীনেত্রী হামিদা হোসেন,সলিমুল্লাহ খান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক নুরুল আমিন বেপারি, দর্শন বিভাগের শিক্ষক আনিসুজ্জামান, মনসুর মুসা, সাংবাদিকতা বিভাগের শিক্ষক খোরশেদ আলম, বেঙ্গল ফাউন্ডেশনের আবুল খায়ের আলোচনা করেন। বিজ্ঞপ্তি।