অধ্যাপক কাজী জাকের হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ জুন চলে গেলেন অধ্যাপক কাজী জাকের হোসেন। বাংলাদেশের বন্যপ্রাণী সম্পর্কে যে কজন বিজ্ঞানী আজীবন কাজ করেছেন, তাঁদের জীবনের পুরোধা তিনি। জীবনের শেষ ভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ছিলেন। অধ্যাপক কাজী জাকের হোসেনকে নিয়ে এই শ্রদ্ধাঞ্জলি লিখেছেন স্যারের প্রিয় ছাত্রদের একজন বন্যপ্রাণী বিশেষজ্ঞ ও দুবাই চিড়িয়াখানার প্রধান ড. রেজা খানচিরতরুণ লোকটির সঙ্গে আমার প্রথম পরিচয় হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের করিডরে, ১৯৬৮ সালে। আমি তখন নটর ডেম কলেজ থেকে বিএসসি পাস করে ঢাবির প্রাণিবিদ্যা বিভাগে দ্বিতীয় ব্যাচে চারজন ছাত্রের সঙ্গে ভর্তি হয়েছি। তিনি বিভাগের প্রধান। আজীবন শিক্ষাপ্রিয় পাখিপ্রেমী কাজী জাকের হোসেন।বাংলাদেশে প্রাণিবিজ্ঞানের পুরোধা ব্যক্তিত্ব, প্রাণিবিজ্ঞানকে বিশ্ববিদ্যালয়ে বিষয় হিসেবে অন্তর্ভুক্তিতে অগ্রগণ্য ছিলেন আমাদের সবার প্রিয় জাকের স্যার। তিনি ১৯৩১ সালে কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার পর তিনি শিক্ষকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন। ষাটের দশক থেকে শুরু করে জীবনের শেষ দিন পর্যন্ত ছাত্রদের জন্য তিনি ছিলেন অনুপ্রেরণীয়। তাঁর বিশ্বজ্ঞানের সংশ্লিষ্টতা তিনি ছাত্রদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতেন সব সময়, তাঁর প্রদর্শিত পথ অনুসরণেই বাংলাদেশে প্রাণিবিজ্ঞানের নতুন দ্বার উন্মোচিত হয়।কাজী জাকের স্যারের প্রাণিবিজ্ঞানের ওপর ১০টি বই ও ৩৮০টি নিবন্ধ প্রকাশিত গবেষণা আছে। স্বাধীনতার পরে তিনি প্রথম বই প্রকাশ করেন বাংলাদেশের প্রাণিবিজ্ঞান নিয়ে An Introduction to wildlife of Bangladesh. স্যারের জ্ঞানের প্রতি আগ্রহ ও উৎসাহ দেখেই আমি ১৯৮৭ সালে বাংলা একাডেমী থেকে বাংলা ভাষায় প্রথম বন্যপ্রাণী নিয়ে বই লিখি তিন খণ্ডের বাংলাদেশের বন্যপ্রাণী। স্যারই আমাদের বন্যপ্রাণী সম্পর্কে জানাশোনা ও ব্যবহারিক পরিচিতির হাতেখড়ি দেন। একটা ঘটনা বলি, ‘আমি ১৯৬৯ সঙ্গে যখন বন্যপ্রাণী নিয়ে পড়াশোনার সিদ্ধান্ত নিলাম, তখন স্যার জিজ্ঞেস করছিলেন, তুমি কিসের ওপর কাজ করতে চাও?’ আমার নির্লিপ্ত উত্তর ছিল, ‘চড়ুই পাখির বংশবিস্তার।’ শান্ত স্বভাবের জাকির স্যার এর পর থেকে আমাদের ফিল্ড ওয়ার্কের জন্য বাংলাদেশের আনাচ-কানাচে নিয়ে যেতেন। স্যার যেখানেই যেতেন, সঙ্গে আগলে রাখতেন তাঁর প্রিয় দুটো বই ড. সালেম আলীর The book of Indian Birds এবং আরেকটি সংক্ষিপ্ত বই ন্যাশনাল বুক ট্রাস্ট অব ইন্ডিয়া প্রকাশিত ড. সালেম আলী ও লাইক ফত্তেহ আলী রচিত কমন বার্ডস অব ইন্ডিয়া। স্যার কখনো ক্লাসে বই দেখে পড়াতেন না। কিন্তু ফিল্ডে গেলে শুধু আমাদের এই বই দুটো ধরতে দিতেন, পড়তে দিতেন। কারণ হিসেবে বলা যায়, বইটি তখন পূর্ব পাকিস্তানে দুর্লভ ছিল, সম্ভবত একটি মাত্র কপিই তাঁর কাছে ছিল। আবার বইটিতে সালেম আলীর অটোগ্রাফ ছিল বলেই হয়তো স্যারের অনেক প্রিয় ছিল।স্যারের সঙ্গে প্রথম আমরা ঢাকার বাইরে যাই ১৯৬৯ সালে, রাজেন্দ্রপুরে। সেই রাজেন্দ্রপুর আর এখনকার রাজেন্দ্রপুর সম্পূর্ণ আলাদা। চারদিকে বন-জঙ্গল, মাঝখান দিয়ে মেঠোপথ। আমরা যেতাম স্যারের সঙ্গে বিলেত থেকে আনা কাছিমের মতো গাড়ি দিয়ে। রাজেন্দ্রপুরে আমরা সেদিন থেকে গিয়েছিলাম পাখি সংগ্রহের জন্য। সেদিনই শুধু স্যার তাঁর বই দুটো আমাদের দিয়ে এসেছিলেন। আমার কলেজের শিক্ষকেরাও প্রাণিবিজ্ঞানের প্রতি আমার আগ্রহ জন্মাতে সাহায্য করেছিলেন। জাকির স্যার সেই আগ্রহকে পরিপূর্ণতা দেন। এর পরে আমি অনেক জ্ঞানী-গুণীর সঙ্গে যেমন দ্বিজেন শর্মা স্যারের সঙ্গে ফিল্ড ওয়ার্কে যাই। স্যারের সঙ্গে দিন দিন ঘনিষ্ঠতা বাড়তে থাকে পাখি দেখাকে কেন্দ্র করেই। স্যারই আমাকে জীবনে প্রথম বাইনোকুলার দিয়েছিলেন পাখি দেখার জন্য। বাইনোকুলার আর সালেম আলীর বই দিয়ে বলেছিলেন, ‘যাও, তুমি জঙ্গল থেকে পাখি দেখে আসো।’ আমি গেলাম শ্রীপুরে। আমি প্রথম বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে দেখেছি ফটিকজান পাখি। স্যার ছাড়া শুধু বই দিয়ে ছবিটি শনাক্ত করতে আমার জান যায় যায় অবস্থা হয়েছিল! আমি ও আমার বন্ধু গিয়েছিলাম সেখান। স্যার আমার পুরোনো পাখিকে নতুন পাখি হিসেবে খুঁজে পাওয়ার জন্য খুশি হয়েছিলেন। স্যারের ‘প্রাণীর ভূবৈচিত্র্যতা’ নিয়ে জানার অনেক আগ্রহ ছিল। তিনি এ নিয়ে অনেক পড়াশোনা করেছিলেন। ব্রিটিশ অনথোলজিস্ট ইউনিয়ন (বিওইউ) ষাটের দশকে বিশ্বকোষ প্রকাশ করে। সেখানে সালেম আলীর প্রাণীর ভূবৈচিত্র্য নিয়ে একটি প্রবন্ধ ছিল। তাঁর প্রশান্ত মহাসাগরীয় অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়া অঞ্চলের ওয়ালেসিস লাইন নিয়ে অনেক আগ্রহ ছিল। স্যার যখন পড়াতেন এই লাইন, তখন মনে হতো স্যার পাখি আর গাছগুলো দেখছেন আর আমাদের হাতের ইশারায় এটা-ওটা কী তা বোঝাচ্ছেন! স্যারের উৎসাহেই আমি পাশ্চাত্যে পিএইচডি করতে চাইনি। স্যার আমাকে একবার পিতৃস্নেহে বলেছিলেন, ‘পশ্চিমাদের জ্ঞান-বিজ্ঞান হচ্ছে আমাদের থেকে অনেক উন্নত এবং সম্পূর্ণ আলাদা। আমাদের সঙ্গে মিল নেই, আমাদের প্রয়োগ নেই এমন জ্ঞান-চর্চার সময় এখন না। বরং তুমি আমাদের পার্শ্ববর্তী কোনো দেশে পিএইচডির জন্য চেষ্টা করো। তিনি আমাকে মুম্বাই বিশ্ববিদ্যালয়ের সালেম আলীর সঙ্গে যোগাযোগ করতে বলেন। জাকের স্যার আমার জন্য আমার অজ্ঞাতে সালেম আলী স্যারকেও আমার পিএইচডির জন্য চিঠি লেখেন। ১৯৭৩ সালের এই সময়ে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে কাজ শুরু করলেও নভেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দিই। সঙ্গে সঙ্গে বাইরে পড়াশোনার জন্য দৌড়ঝাঁপ বন্ধ করে দিই। ঘরের ছেলে ঘরে থাকার সিদ্ধান্ত নিই। জাকের স্যারের নতুনদের কাজ শেখানোর বিশাল আগ্রহের জন্য হয়তো আমাকে ঢাবিতে পিতৃস্নেহসুলভ শাসনে জোর করে যোগ দিতে বলেন। স্যারের উৎসাহেই আমি পত্রপত্রিকায় বিজ্ঞানবিষয়ক লেখালেখি শুরু করি। স্যারকে নিয়ে আমি অনেকবার বিটিভির বিজ্ঞানবিষয়ক অনুষ্ঠানে উপস্থিত হই। ১৯৭৩ সালের ডিসেম্বরে আমি সালেম আলির তত্ত্বাবধানে পিএইচডি করার জন্য মনোনীত হই। জাকের স্যারের দিকনির্দেশনায়ই আমি ‘ফাদার অব ইন্ডিয়ান বার্ড’খ্যাত সালেম আলীর কাছে যেতে পারি। ১৯৭৪ সালে আমি পিএইচডি করতে যাই। এবং ১৯৭৭ সালে পিএইচডি সমাপ্ত করে দেশে ফিরলেই স্যার আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দিতে বলেন। এখানে অবাক করার মতো একটা বিষয় হচ্ছে, আমি পিএইচডির কোনো সার্টিফিকেট প্রদর্শন না করেই নিয়োগ লাভ করি। সালেম আলী স্যারের সঙ্গে আমার এমনই হূদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল যে আমি কখনো তাঁর কাছে সনদ চাইতে পারিনি। কিন্তু সালেম আলী স্যার একটি চিঠিতে নিজে টাইপ করে আমার গবেষণা সম্পর্কে লিখে আমাকে পাঠান। সেই চিঠি দিয়েই আমি শিক্ষক হিসেবে নিয়োগ লাভ করি। সালেম স্যার জাকের স্যারের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করে পত্র দিয়েছিলেন। পত্রে তিনি প্রথম বাংলাদেশি ছাত্র হিসেবে আমাকে পেয়ে জাকের স্যারকে ধন্যবাদ জানান। জাকের স্যারের কাছে আমি রেজা খান আজীবন কৃতজ্ঞ। আমার যেটুকু জ্ঞান-অধ্যবসায়, সবই তাঁর অনুপ্রেরণা। এই জাকের স্যারই আমাকে এমএসসিতে ‘ecology’ বানান শিখিয়েছিলেন!জাকের স্যার এ দেশে বন্যপ্রাণী সংরক্ষণ ও রক্ষার ওপর আন্দোলনের প্রবক্তা। ১৯৭৩ সালের বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রণয়নে তাঁর ভূমিকা ছিল অনেক গুরুত্বপূর্ণ। জাকের স্যার ১৯৫৩ সালে তাঁর শিক্ষকতা জীবন শুরু করেন। গবেষক হিসেবে আন্তর্জাতিক জার্নালগুলোতে তাঁর ৭০টির বেশি প্রবন্ধ প্রকাশিত হয়েছে। পরিবেশের প্রতি স্যারের আগ্রহের জন্য সম্মান দেখিয়ে ১৯৯০ সালে জাতিসংঘ পরিবেশ সংস্থা (ইউএনইপি) তাঁকে ‘গ্লোবাল ৫০০—রোল অব অনার ফর এনভায়রনমেন্ট অ্যাচিভমেন্ট’ সম্মানে ভূষিত করে। ১৯৯২ সালে গুণী এই শিক্ষক স্বাধীনতা পুরস্কার লাভ করেন। ২০০৮ সালে তিনি তাঁর কর্মজীবনের অবদানের স্বীকৃতিস্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ পান।সব শেষে শুধু এটুকু বলা যায় যে যুগে যুগে জাকের স্যারদের মতো জ্ঞানী লোক জন্মায় না। তাঁরা একবারই আসেন পৃথিবীকে দীপ্তিময় করতে। তাঁদের শূন্যস্থান পূরণ অকল্পনীয়। সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি, শান্তিতে চিরনিদ্রায় থাকুক আমাদের প্রিয় জাকের স্যার।