অধ্যাপক মোজাফ্ফর আহমদ আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক মোজাফ্ফর আহমদ আর নেই। গতকাল মঙ্গলবার রাতে তিনি রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।কেবল অর্থনীতিবিদই ছিলেন না তিনি। তিনি ছিলেন আজীবন শিক্ষক ও গবেষক। অর্থনীতি, স্বাস্থ্য ও শিক্ষা ছিল তাঁর বিশেষ আগ্রহের বিষয়। একই সঙ্গে তিনি সক্রিয় ছিলেন পরিবেশ আন্দোলন, মানবাধিকার রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা আর দুর্নীতিবিরোধী আন্দোলনে। অনেকগুলো সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন তিনি। এসব কাজের জন্য তিনি রাজনীতিবিদদের কাছে সমালোচিত ও নিন্দিত হলেও লক্ষ্যে ছিলেন অবিচল। কারণ, দেশের মানুষের জন্যই তিনি এসব করতেন, নিজের জন্য নয়। সৎ ও নির্লোভ ব্যক্তি হিসেবেও তাঁর সুনাম ছিল। জানা গেছে, গতকাল রাত সাড়ে ১০টার দিকে মোজাফ্ফর আহমদ বুকে ব্যথা অনুভব করলে দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত ১১টা ২২ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হূদেরাগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন। তাঁর স্ত্রী অধ্যাপিকা রওশন জাহান গতকাল রাতে প্রথম আলোকে জানান, গতকাল সারা দিন মোজাফ্ফর আহমদ সুস্থ ছিলেন। রাতে নামাজ পড়ে নিজেই নেবুলাইজার নিচ্ছিলেন। পাশের রুম থেকে এসে দেখেন তিনি পড়ে যাচ্ছেন। দ্রুত তাঁকে ধরে বিছানায় শুইয়ে দেওয়া হয়। চিকিৎসকের সঙ্গে ফোনে যোগাযোগ করেই তখনই ল্যাবএইড হাসপাতালে রওনা দিলেও হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান। মরহুমের বড় ছেলে সিরাজুল আমিন জানান, গাড়িতে ওঠার আগেও তাঁর জ্ঞান ছিল। তিনি তখন বলেছিলেন, ‘কষ্ট হচ্ছে, হাসপাতালে যাব।’ এটাই ছিল তাঁর শেষ কথা। মৃত্যুর পরপরই তাঁকে বারডেমের হিমঘরে নিয়ে যাওয়া হয়। গতকাল রাতে মোজাফ্ফর আহমদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সর্বস্তরে শোকের ছায়া নেমে আসে। আত্মীয়স্বজন ছাড়াও শুভানুধ্যায়ী ও সহকর্মীরা ছুটে আসেন বারডেমে। বারডেমে ছিলেন মোজাফ্ফর আহমদের সহধর্মিণী অধ্যাপিকা রওশন জাহান, দুই ছেলে সিরাজুল আমিন ও মমতাজুল করিম এবং একমাত্র মেয়ে সোহেলা নাজনীন। তিনি ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সাবেক সভাপতি। বারডেমে ছুটে আসা টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, মোজাফ্ফর আহমদের মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি। স্যারের মতো একজন সৎ ও দেশপ্রেমিক মানুষ সবার জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। সবশেষ তিনি সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সুজনের নির্বাহী পরিচালক বদিউল আলম মজুমদার বলেন, অধ্যাপক মোজাফ্ফর আহমদ একজন অসাধারণ ব্যক্তিত্ব ছিলেন। এ রকম একজন পণ্ডিত ব্যক্তির শূন্যস্থান পূরণীয় নয়। পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বুধবার বাদ জোহর ধানমন্ডির পুরোনো ঈদগাহ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর আজিমপুরে তাঁর দাদার কবরস্থানের পাশে তাঁকে কবর দেওয়া হবে। সংক্ষিপ্ত জীবনী: অধ্যাপক মোজাফ্ফর আহমদের জন্ম ১৯৩৬ সালের ২৭ মার্চ। বাবার নাম নাজির আহমেদ এবং মা জাহানারা বেগম। ১৯৫০ সালে নোয়াখালী জিলা স্কুল থেকে ম্যাট্রিক এবং ১৯৫২ সালে ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হন। ১৯৫৫ সালে তিনি অনার্স এবং ১৯৫৬ সালে মাস্টার্স করেন। পিএইচডি সম্পন্ন করেন ১৯৬৫ সালে, শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে। অর্থনীতিতে নোবেল বিজয়ী বব লুকাস তাঁর সহপাঠী ছিলেন। আটজন শিক্ষক পেয়েছিলেন, যাঁরা ছিলেন নোবেল বিজয়ী। কর্মজীবন: হরগঙ্গা কলেজে স্বল্প সময়ের জন্য অর্থনীতির শিক্ষক হিসেবে যোগ দিয়ে কর্মজীবন শুরু। তখনো মাস্টার্সের ফল বের হয়নি। এরপর পিএইচডি করতে যাওয়ার আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে যোগদান করেছিলেন। সঙ্গে ছিলেন আনিসুর রহমান, রেহমান সোবহান ও শেখ মকছুদ আলী।পিএইচডি শেষ করে এসে ঢাকা বিশ্ববিদ্যালয় যোগদান করলেও কিছুদিন পর পদত্যাগ করেন। এরপর কিছুদিন করাচিতে ইউনাইটেড ব্যাংকে কাজ করে ঢাকায় ফিরে আসেন। যোগ দেন ইপিআইডিসিতে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালে পরিকল্পনা কমিশনে যোগ দেন। ১৯৭৪ সালের সেপ্টেম্বরে পরিকল্পনা কমিশন ছেড়ে দেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে (আইবিএ) যোগদান করেন অধ্যাপক হিসেবে। দীর্ঘ ৩০ বছর এখানে অধ্যাপনা করে ২০০৪ সালে অবসর গ্রহণ করেন। দেশ-বিদেশে তাঁর একাধিক বই ও প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এ ছাড়া কাজ করেছেন ইউনেসকোসহ একাধিক আন্তর্জাতিক প্রতিষ্ঠানে।মোজাফ্ফর আহমদের সহধর্মিণী অধ্যাপিকা রওশন জাহান। ১৯৬৬ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন।